
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও ত্রাণ কার্যক্রম (চাল বিতরণ) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর পাশে সরকার রয়েছে। উৎসবমুখর পরিবেশে যেন সবাই আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে, সেজন্য এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা বি এ ডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, রাই চান বর্মন, সুশীল বর্মন, রঞ্জন বর্মনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ২২টি উপাসনালয়ের মাঝে প্রত্যেকটিতে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই চাল বড়দিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও দরিদ্র ও অসহায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সহায়তায় ব্যবহার করা হবে।
উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “প্রতিবছরের মতো এবারও প্রশাসনের সহায়তা আমাদের উৎসব উদযাপনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।