গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। গণভোটের বিষয়টি সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা থাকতে হবে, যাতে তারা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দীন। তিনি বলেন, আমাদের যেমন পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি দেশের প্রতিও সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।
মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।