দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন চারজনকে আটক করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
সাজা কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর বাদশা রনি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।