1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে গুলিতে নিহত হাকিম বিএনপির কেউ নন : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি। যদিও গতকাল (মঙ্গলবার) ও আজ দলটির স্থানীয় নেতারা হাকিমকে ‘বিএনপি নেতা’ দাবি করে হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ করেছেন।

এদিকে, বুধবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছবি সম্বলিত ব্যানারে হাকিমকে উপজেলা বিএনপি নেতা দাবি করা হয়েছে।

dhakapost

অন্যদিকে, গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এ সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এ রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চারদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এ সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না।

তিনি বলেন, সহিংস ঘটনাটি সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই।

নিহত ব্যক্তি ও দুষ্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।

জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতিকারীরা অপকর্মে মেতেছে উল্লেখ করে রিজভী বলেন, সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়। সে কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায়।

বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট