
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করার দাবিতে ইনকিলাব মঞ্চ আগামী রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আজ এখানে এসেছেন, তারা যেন আগামীকালও ঠিক ১১টায় শাহবাগে উপস্থিত হন এবং ইনসাফের এই লড়াই অব্যাহত রাখেন। তিনি সতর্ক করেন, কোন প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।
জাবের দাবি করেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের ভারতীয় প্রভাব থেকে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে তিনি তাকে মানবেন না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো ধরনের আপোস করবেন না।
জাবের আরও জানান, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে রয়েছেন। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘যদি আমরা শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন?’ উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।