1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

হাদি হত্যায় প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি হত্যা মামলার  প্রধান আসামি ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

শহীদ হাদি হত্যার দুই আসামি  ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজনের নাম জানিয়েছে ডিমএপি। তাঁরা হলেন, পূর্তি ও সামী।

আজ রোববার  ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার  এস এন নজরুল ইসলাম এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও বলেন,  ফয়সাল ও আলমগীরকে  ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয়  নাগরিক পূর্তির  কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  তাঁদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।  এ ছাড়া চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

হাদি হত্যা মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় ডিএমপি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে ডিএমপি জানায়।

সংবাদ সম্মেলনে  মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট