1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শরীয়তপুর পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন।

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সকল প্রকার নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন মোয়াজ্জেম হোসেন মিলন নামে এক ব্যক্তি।

গত ১১ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা আবেদনে তিনি অভিযোগ করেন, পুলিশ সুপার রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তার দাবি, নড়িয়া ও সখিপুর থানার আওতাধীন জামায়াতের কর্মী-সমর্থক এবং জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করা ব্যক্তিদের আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। অপরদিকে অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট থেকেও বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পুলিশ সুপার রওনক জাহানের আপন চাচা মো. আবু তাহের তালুকদার নেত্রকোনা-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ায় নির্বাচনে পক্ষপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে শরীয়তপুর জেলায় একজন নিরপেক্ষ ও পেশাদার পুলিশ সুপার নিয়োগের দাবি জানান আবেদনকারী।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে অবগত নন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ তাহসিনা বেগম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট