
যশোরের শার্শায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মারা যায় তারা। এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল-পোর্ট থানাধীন পুটখালী সড়কের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিপন হোসেনের ছেলে আপন (১৬), এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ (১৯)। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনেই মারা যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আসরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।