
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।
পরে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল লিপিবদ্ধ করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।