1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দরে আবারও ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সিন্থেটিক ফেব্রিক্সের ঘোষণার আড়ালে লুকিয়ে আনা ৬৭৯ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়েছে। এ চালানের মাধ্যমে সরকারের প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার বিকেলে বন্দরটির ১৯ নম্বর শেডে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন ও মুক্তা চৌধূরীর নেতৃত্বে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অংশ নেন।

কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার ‘নুসরাত ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের আমদানিকৃত চালানটি ‘সিন্থেটিক ফেব্রিক্স অ্যান্ড লেস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। চালানটির সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে ‘খাজা এন্টারপ্রাইজ’।

ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০২০০২৫/০৪, তারিখ ৩১ মার্চ ২০২৬।

ঘোষণা অনুযায়ী চালানটিতে ২৬০টি প্যাকেজ থাকার কথা থাকলেও তল্লাশির সময় অতিরিক্ত ৭টি প্যাকেজ পাওয়া যায়। এর মধ্যে ৮টি প্যাকেজে লুকানো ছিল ৬৭৯ পিস উন্নতমানের শাড়ি—যার মধ্যে ২৫০টি মিডিয়াম মানের এবং ৪২৯টি গর্জিয়াস শাড়ি।

পণ্যগুলো ভারত থেকে দুটি ট্রাকে করে আনা হয়। ডব্লিউবি-২৫-ডি-১২৩৫ নম্বর ট্রাকে ১২৫টি এবং এনএল-০২-এন-৮৩৮৩ নম্বর ট্রাকে ২৩৫টি প্যাকেজ থাকার কথা ছিল।
ঘটনাস্থলের ১৯ নম্বর শেড ইনচার্জ সোহেল রানা জানান, ঘোষণার সঙ্গে অমিল ও অতিরিক্ত পণ্য পাওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কাস্টমস সূত্র আরও জানায়, প্রতি পিস শাড়ির মূল্য প্রায় ৪০ মার্কিন ডলার এবং এ পণ্যে ১২৯ শতাংশ শুল্ক প্রযোজ্য। সেই হিসাবে জব্দকৃত শাড়ির মাধ্যমে প্রায় ৭৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠান ‘খাজা এন্টারপ্রাইজ’-এর প্রতিনিধি ইব্রাহীমকে খুঁজে পাওয়া যায়নি। তবে পণ্যটি গ্রহণ করেন একই প্রতিষ্ঠানের প্রতিনিধি ইমরান হোসেন (কার্ড নং ৮২/২০)।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের শুল্ক ফাঁকির ঘটনা নিয়মিত ঘটছে। এতে সৎ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট