
তারিখ: ২৮ এপ্রিল ২০২৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত ৫৯০ বস্তা কাটারীভোগ চাউলসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা ভারতীয় কাটারীভোগ চাউল ক্রয় করে একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ব্যবসায়ীরা। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও হেলপারকে হাত-পা ও মুখ বেঁধে পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে ট্রাকসহ চাউল ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করে।
একইসঙ্গে কালিয়াকৈর বাজার এলাকার বিভিন্ন গোডাউন থেকে মোট ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে এসব চাউল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—কালিয়াকৈর স্কুলপাড়া এলাকার মৃত দিনেশ সরকারের ছেলে লিটন সরকার (৪৪) এবং সিলেট জেলার চৌকিদিঘী এলাকার সুশীল সাহার ছেলে সুমন সাহা (৪২)। সুমন সাহা লিটন সরকারের দোকানের কর্মচারী বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাকসহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


Leave a Reply