
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি এলাকার সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী (৫২) ও তার ছেলে সালাম মিয়া (২২), কালিয়াকৈরের ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ (২২) এবং মৃত ছান খানের ছেলে আসিক রানা (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর বাজার এলাকার মুনজুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মা ও ছেলেকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
একই রাতে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক বিক্রির সময় আসিফ ও আসিক রানাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply