Author: তরঙ্গ টিভি

  • যশোর মনিরামপুর উপজেলায়  মাছের ঘেরে যুবকের  লাশ উদ্ধার

    যশোর মনিরামপুর উপজেলায় মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

    যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
    সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ​

    নিহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

    ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পার্শ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা লাশটি ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

    ​সকালে পথচারীরা ঘেরের পাড়ে রক্ত এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

    ​মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রজিউল্লাহ খান লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ​প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ​​প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

  • হিট ফাউন্ডেশনের যশোরে ইফতার ও হুইলচেয়ার বিতরণ।

    হিট ফাউন্ডেশনের যশোরে ইফতার ও হুইলচেয়ার বিতরণ।

    যশোরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার,দোয়া মাহফিলও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

    রোববার (১ মার্চ) বিকেলে যশোর রেলস্টেশন চত্বরে শুদ্ধাঙ্গন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে রয়েল মেডিকেল সার্ভিসেস যশোর।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিট ফাউন্ডেশনের যশোর জেলা সভাপতি মো. মাকসুদর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মো. রস্তম আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলা, সদর থানা হিট ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রশিদ, সদস্য শহিদুল ইসলাম ও মনিরামপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন সারাদেশে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    প্রধান অতিথি মারুফুল ইসলাম ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।

    অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শতাধিক শিশু ও প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

  • হুজুগে বাইকের  যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে।

    হুজুগে বাইকের যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে।

    আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬/৭ মিনিট দাঁড়িয়ে সবাইকে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।

    স্থানীয় মনিহার চত্তরের ওই পাম্পে “হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেন” এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানালেন দাম বাড়তে পারে এমন আশাংকায় কিনছি। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন নাতো এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন একই কারণে (হুজুগে) সবাই কিনছে।

    এ কথার রেশ ধরেই পাম্পের তেল বিক্রেতা একজন কর্মী কিছুটা অনুযোগের সূরে বললেন ফুল ট্যাঙ্ক ১৪/১৫ লিটার তেল ফুরিয়ে গেলে উনারা মোটরবাইক ধুয়ে মুছে ঘরে তুলে রাখবেন মনে হচ্ছে।

    এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর ইতোমধ্য গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের দামামা বাজছে। হামলা পাল্টা হামলার দ্বিতীয় দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে বহির্বিশ্বে অন্তত ৬০ শতাংশ তেল পরিবহণকারী রুট “হরমুজ প্রণালি” বন্ধ ঘোষনা করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ বাড়িয়ে দেয়া হয়েছে।

    তেলের দাম বৃদ্ধির রেশ বাংলাদেশেও পড়তে পারে এই আশাংকায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।

    যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের যথেষ্ট মজুদ আছে, সংকট হবেনা বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

    বর্তমানে পেট্রোল ১১৬ এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

  • সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার

    সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার

    সাংবাদিক সমাজের অধিকার নিশ্চিত ও উন্নয়ন কল্পে জাতীয় সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশু উন্নয়ন সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিশু মেহমানদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় নগরের আকবরশাহ থানাধীন লেকসিটিতে সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়।


    সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম রানা, ওয়ার্ড তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক সংবাদ সংযোগ চট্টগ্রাম ব্যুরো প্রধান জহিরুল ইসলাম।

    চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ এমরান, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের মতো মানুষ। তাদের আন্তরিক সহায়তা ও ভালোবাসায় এগিয়ে এলে তারাও সবার মতোই ভবিষ্যৎ হয়ে ওঠবে। সুন্দর আগামী তাদের জন্য অপেক্ষা করছে, শুধু তাদের একটু সহযোগিতা করলেই তারা এগিয়ে যাবে। তাই উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সমাজের সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা বলেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক উন্নয়ন ও অগ্রগতিতে সবসময়ই সাংবাদিক উন্নয়ন পরিষদ পাশে থাকবে এবং এগিয়ে যাওয়ার পথে সহযোগী হিসেবে কাজ করবে।

    আলোচনা সভা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিশিষ্ট সাংবাদিক আইয়ুব আলীর আশু রোগমুক্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস এম মিজান উল্লাহ। সবশেষে সকলে একসাথে ইফতার আয়োজনে অংশ নেন।

  • বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

    বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

    বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) মরদেহ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ-বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

    গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে এক সপ্তাহের বেশি সময় তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয়। তার স্বজনরা জানিয়েছেন ভারতের চিকিৎসকরা বলেছেন-মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে ও স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় যান। পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের মাটিতে দাফনের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর কলকাতা দূতাবাস থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হয়। লাশ সংরক্ষণের জন্য কলকাতার ‘পিস হেভেন’-এ রাখা হয়েছিল। জানা যায়, রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর পলাতক ছিলেন জহিরুল ইসলাম। তবে তার এলাকায় গুঞ্জন ছিল তিনি দেশত্যাগ করে ভারতে চলে গেছেন। পরবর্তীতে তিনি কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। তবে বাংলাদেশ বা কলকাতায় তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে বলে স্থানীয়ভাবে আলোচনা ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা ছিল বলে জানা যায়।

    ২০২৫ সালের ৮ মার্চ এক তরুণী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরিচয়ে তার পরিবারের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে ও চাঁদা না পেয়ে তার বাড়ি দখল করে ভাঙচুর, লুটপাট চালায় ও “পাগলের আশ্রম” চালু করে। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে এবং ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। জীবন ও রাজনৈতিক পথচলায় জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা পরান আলী মিয়া এবং মাতা মালেকা বেগম। শিক্ষাজীবনে তিনি স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি টাঙ্গাইল আদালতের একজন আইনজীবী ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

    ১৯৭৯ সালে সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। একই সময়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ১৯৮০ সালে সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৮৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। ১৯৮৭-৮৮ ও ১৯৮৯-৯০ মেয়াদে সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ‘ভিপি জোয়াহের’ নামেই তিনি অধিক পরিচিত ছিলেন।

    পরবর্তীতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সালে পুনরায় এ পদে নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে অংশ নিয়ে আব্দুল কাদের সিদ্দিকীর কন্যা কুড়ি সিদ্দিকীকে পরাজিত করেন,

    টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি দলীয় সংগঠন শক্তিশালীকরণে ভূমিকা রাখেন এবং নিজ এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন বলে তার অনুসারীরা জানিয়েছেন। পারিবারিক সূত্র জানায়, নিজ জন্মভূমি সখীপুরেই তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানাজা ও দাফনের সময়সূচি পরিবার থেকে পরে জানানো হবে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিহত সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড

    বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড

    বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকা হতে ২ মাদক সেবী অজয় রায় (১৮) পিতা- অশ্বিনী রায়, গ্রাম- কোমরপুর এবং রাসেল ইসলাম (২৫) পিতা- খাদেমুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সুজালপুর কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

    তাদের কাছ থেকে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়।
    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপঙ্কর বর্মন ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এসআই দিনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী।

    তারা স্বীকার করেন পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের তপনের কাছ থেকে টেপেন্ডাডল ট্যাবলেট গুলো ক্রয় করেন।

  • ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা

    ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা

    ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন ঘটছিল, সাংবাদিকরা তখন রাজপথে থেকে বিক্ষোভ, সংঘর্ষ আর অনিশ্চয়তার খবর সংগ্রহ করছিলেন। কয়েক মাস পর দেখা যাচ্ছে, অনেকে কেবল খবর পরিবেশনই করছেন না, বরং নিজেরাই খবরের শিরোনাম হয়ে উঠেছেন।খবর আইবিএননিউজ ।সেই তারিখের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার, ভীতি প্রদর্শন এবং শারীরিক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে। গণমাধ্যম সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, রাজনীতির এই সন্ধিক্ষণে এমন প্রবণতা সংবাদপত্রের স্বাধীনতাকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

    ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র গবেষণা অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪ থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত অন্তত ৪৭৬টি ঘটনায় ১,০৭৩ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হামলা, হুমকি, আটক, আইনি ব্যবস্থা বা হয়রানির শিকার হয়েছেন।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ হিউম্যানিটারিয়ান’-এর তথ্যমতে, ১৪০ জনেরও বেশি সাংবাদিক ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে বিক্ষোভ সংশ্লিষ্ট সংবাদের কারণে অনেকের বিরুদ্ধে খুনের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে—যা বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

    গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) ২০২৪ সালের আগস্টে অন্তত ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়ে একে ‘অসামঞ্জস্যপূর্ণ’ এবং ‘বিচারিক হয়রানি’ হিসেবে অভিহিত করেছে।

    ৫ আগস্ট ২০২৪ পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাবলি— ৫ আগস্ট ২০২৪, রাজনৈতিক পটপরিবর্তন শুরু। সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষের খবর সংগ্রহে সাংবাদিকরা। আগস্ট–সেপ্টেম্বর মাসে ফৌজদারি মামলার প্রথম ঢেউ শুরু। হত্যা ও বিক্ষোভ সংশ্লিষ্ট মামলায় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত। অন্তত ২৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা জানায় আরএসএফ।

    অক্টোবর–ডিসেম্বর মাসে একাধিক সাংবাদিক আটক বা দফায় দফায় আদালতে হাজিরা। মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে উদ্বেগ প্রকাশ।

    ২০২৫-এর শুরুতে মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ। সংবাদ পরিবেশনের জেরে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও তলবের খবর।
    বাপসনিউজ, যুক্তরাস্ট্র, তথ্যানুযায়ী ২০২৫-এর আগষ্ট মাসে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড. আমিনুজ্জামান রিপনকে। গোপালগঞ্জের এনসিপি কেন্দ্রীক সংঘর্ষকে নিয়ে মামলা বাণিজ্য ও সাধারণ মানুষকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে খবর প্রকাশ করায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে তাকে। এ মামলায় তাকে দীর্ঘ দিন কারাগারে থাকতে হয়। জানা যায়, তিনি ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত এর সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টার ও বিডি ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
    ২০২৫-এর মাঝামাঝি ও শেষভাগে টিআইবি-র তথ্যমতে, ১৫ মাসে ১,০৭৩ জন সাংবাদিক আক্রান্ত। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, শত শত সাংবাদিক নির্যাতন বা আইনি চাপের মুখে। প্রথম সারির সংবাদপত্রের কার্যালয়ে মব (উচ্ছৃঙ্খল জনতা) হামলা।

    ২৫ ফেব্রুয়ারি ২০২৬— সম্পাদক পরিষদ ২০২৪-এর আগস্ট থেকে দায়ের হওয়া “মিথ্যা ও হয়রানিমূলক মামলা” প্রত্যাহারের আনুষ্ঠানিক দাবি জানায়।

    আইনি চাপ ও গ্রেপ্তার

    পর্যবেক্ষক দলগুলো জানাচ্ছে, বিক্ষোভ সংশ্লিষ্ট মামলাগুলোতে অভিযুক্তদের দীর্ঘ তালিকায় প্রায়ই সাংবাদিকদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সমালোচকদের মতে, এর ফলে সংঘাতের সংবাদ সংগ্রহ করা এবং সংঘাতের অংশ হওয়া—এই দুইয়ের মধ্যবর্তী পার্থক্যটা ঘুচিয়ে দেওয়া হচ্ছে।

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে “সহিংসতায় উসকানি”র অভিযোগে বিদেশ যাওয়ার সময় ব্রডকাস্ট সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে।

    স্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, কেবল ২০২৫ সালেই ৩৮১ জন সাংবাদিক হেনস্তা বা নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে কয়েক ডজন সাংবাদিককে সরাসরি তাদের সংবাদ বা মন্তব্যের জন্য আইনি মারপ্যাঁচে ফেলা হয়েছে।

    আদালতের বাইরের হামলা

    আইনি মামলাগুলো পরিস্থিতির একটি খণ্ডচিত্র মাত্র। সাংবাদিকরা রাজনৈতিক পক্ষগুলোর কাছ থেকে শারীরিক লাঞ্ছনা, হুমকি ও চাপের কথা জানিয়েছেন। ২০২৫ সালের শেষদিকে রয়টার্স জানায়, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর কার্যালয়ে মব হামলা চালানো হয়েছে, যা সাময়িকভাবে মুদ্রণ কার্যক্রম ব্যাহত করে এবং গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায়।

    সম্পাদকদের মতে, এ ধরনের হামলা এবং ফৌজদারি মামলা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে সাংবাদিকরা কোনো সংবেদনশীল খবর প্রকাশের আগে তার আইনি পরিণতি নিয়ে বারবার ভাবতে বাধ্য হচ্ছেন।

    সম্পাদক পরিষদের হস্তক্ষেপ

    ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি সম্পাদক পরিষদ এক বিবৃতিতে ২০২৪ সালের আগস্ট থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও হয়রানিমূলক মামলা” প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

    পরিষদ বলেছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা ভয় দেখানোর জন্য করা মামলা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সাংবিধানিক অঙ্গীকারকে ক্ষুণ্ন করে।

    অন্যদিকে সরকারি প্রতিনিধিরা দাবি করছেন, সকল মামলা আইনি পথেই এগোচ্ছে এবং সাংবাদিকসহ কেউই আইনের ঊর্ধ্বে নন।

    সতর্কতার বার্তা

    নিউজ রুমগুলোর ভেতরে সম্পাদকরা ক্রমবর্ধমান ‘সেলফ-সেন্সরশিপ’ বা স্ব-আরোপিত নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত সতর্কতার কথা উল্লেখ করেছেন। সাংবাদিকরা বারবার আদালতে হাজিরা দেওয়া, আইনি লড়াইয়ের আর্থিক চাপ এবং পেশাগত নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন।

    গণমাধ্যম বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এর দীর্ঘমেয়াদী প্রভাব কেবল সাংবাদিকদের ওপরই পড়বে না, বরং সাধারণ মানুষের স্বাধীন তথ্য পাওয়ার পথকেও সংকুচিত করে তুলবে।

    বাংলাদেশ যখন রাজনৈতিক রূপান্তরের পরবর্তী পথ পাড়ি দিচ্ছে, পর্যবেক্ষকরা মনে করছেন, এই মামলাগুলোর সুষ্ঠু সমাধানই হবে গণতান্ত্রিক দায়বদ্ধতা ও সংবাদপত্রের স্বাধীনতার এক চূড়ান্ত পরীক্ষা।

  • ১.মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভ জন্মদিন।

    ১.মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভ জন্মদিন।

    এবিএম সালেহ উদ্দীন । সাহিত্যাঙ্গনে সংস্কৃতি মনষ্ক একজন মুক্তমনা মানুষ । তিনি কবি ও সাহিত্য সমালোচক । শৈশব থেকেই তাঁর লেখালেখির যাত্রা শুরু । শিশুতোষ,ছড়া-গল্প দিয়ে হাতেখড়ি হলেও মূলত গল্প-কবিতা, প্রবন্ধ-নিবন্ধসহ আন্তর্জাতিক ফিচারধর্মী কলাম লেখায় সিদ্ধহস্ত ।

    গল্প,কবিতা ও গবেষণাধর্মীসহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে । প্রেম-বিরহ,রোমান্টিকতা , সভ্যতা-সংস্কৃতি,ইতিহাস-ঐতিহ্য ,মুক্তিযুদ্ধ,দেশাত্ববোধ ও মানবতাবোধের ঐশ্বর্য,—তাঁর লেখার প্রধান বিষয় ।
    তাঁর সাহিত্যে সভ্যতা, সংস্কৃতি, দেশপ্রেম, স্বাধীনতা ও ঐতিহ্যবোধ প্রবলভাবে উজ্জ্বল হয়ে ওঠে ।
    ছাত্রজীবন থেকে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন ও স্মরণিকা সম্পাদনা করেছেন । তন্মধ্যে ‘অয়ন’,অনির্বাণ,’স্বদেশ’,ঝংকার অন্যতম ।

    এছাড়া তিনি নিউইয়র্ক এ দুইযুগের বেশি সময় ধরে,প্রতিবছর অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের অন্যতম উদ্যক্তা এবং এ উপলক্ষ্যে প্রতিবছর প্রকাশিত ‘সুর’ পত্রিকার সম্পাদক এবং সমকালীন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত কলাম লেখক ।
    এবিএম সালেহ উদ্দীন ঢাকার ইনলাইটন প্রি-ক্যাডেট স্কুলের সাবেক চেয়ারম্যান ও অনন্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি । বাংলাদেশে দীর্ঘদিন তিনি ঢাকা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক,বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্যতম সদস্য ছিলেন । তিনি ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা’বাড পাবলিকেশন্স’-এর স্বত্বাধিকারী । এলিফ্যান্ট রোড়ের অংকন প্রিন্টিং প্রেসের পরিচালক ও বাংলাবাজারে অবস্থিত ‘দি বাড কম্পিউটার্স’এর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন । তিনি সাপ্তাহিক ‘দেশ মাতৃকা’ ও পাক্ষিক ‘দেশ অর্থনীতি’পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক । উপমহাদেশের সুবিখ্যাত মানবসেবা প্রতিষ্ঠান’ ‘আন্জুমান মফিদুল ইসলাম’এর জীবন সদস্য এবং লায়ন ক্লাব ঢাকা ওয়েসিসের সদস্য ।
    এবিএম সালেহ উদ্দীন যুক্তরাষ্ট্রের মূলধারা’র নিউইর্য়ক প্রেসক্লাবের এ্যাক্টিভ মেম্বার ।
    প্রবাসের প্রথম সংবাদ সংস্হা বাংলাদেশ-আমেরিকান প্রেস সার্ভিস(বাপসনিউজ) এবং এনওয়াইবিডিনিউজ-এর ভাইস-চেয়ারম্যান, ‘বনলতা শিল্পী- সাহিত্যিক সাংবাদিক গোষ্ঠী’র পরিচালক এবং ‘শিরি শিশু সাহিত্য কেন্দ্রের অন্যতম উপদেষ্টা । নজরুল একাডেমি ইউএসএ’র জীবন সদস্য এবং শিল্পকলা একাডেমি ইউএসএ’র অন্যতম উপদেষ্টা । তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যতম উপদেষ্টা ।

    দীর্ঘদিন ধরে তিনি আমেরিকার’হিউমেনিস্ট সেন্টার অব কালচার-এর অন্যতম অ্যাক্টিভিস্ট হিসেবেও বিশেষ ভূমিকা রাখেন ।তিনি ২০১০ সালে প্রতিষ্ঠিত বিশ্বব‍্যপি প্রথম ও একমাএ নিউজ পোর্টাল জার্নালিজম সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
    ব্যক্তিগত ভাবে বিনয়ী বন্ধুপ্রিয় সংস্কৃতিসেবী ও উপস্থাপনা শিল্পে পারদর্শী এবং টিভি উপস্থাপক কবি এবিএম সালেহ উদ্দীনের বিশেষ পরিচিতি রয়েছে ।
    তিনি নিউইয়র্কের ক্লাব সনমে অনুষ্ঠিত শতকন্ঠে ‘একুশের কবিতা’’বিজয়ের কবিতা ও স্বাধীনতার কবিতা উৎসবের অন্যতম উদ্যোক্তা এবং পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন । সেই অনুষ্ঠানে তার সঙ্গে অন্যতম পরিকল্পনা ও ভূমিকায় যুক্ত ছিলেন কবি শামস আল মমীন, কবি ফকির ইলিয়াস এবং কবি ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ।
    অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন ক্লাব সমনের প্রতিষ্ঠাতা খন্দকার তৌফিক কাদের যিনি কেন কাদের নামে পরিচিত ।

    এছাড়া বাংলা সাহিত্যের অন্যতম কবি শহীদ কাদরী প্রতিষ্ঠিত ও কবিপত্নী নীরা কাদরী পরিচালিত’ ‘একটি কবিতা সন্ধ্যা’র সঙ্গে শুরু থেকেই কবির মহাপ্রয়াণ পর্যন্ত জড়িত ছিলেন ।এছাড়া নিউইয়র্কে সর্ববৃহৎ সংগঠন ‘সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠালগ্ন থেকে
    যুক্ত রয়েছেন এবং সাহিত্য আসরসহ বিভিন্ন শিল্প- সাংস্কৃতিক অঙ্গনে তিনি বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

    বহির্বিশ্বে পড়াশুনার সময় ছাড়াও
    এবিএম সালেহ উদ্দীন ভারত,পাকিস্তান ,থাইল্যন্ড ,সিংগাপুর,মালয়েশিয়া, সৌদী আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত দুবাই, তুরস্ক,লন্ডন,প্যারিস, রোম,পর্তুগাল, বেলজিয়াম, স্পেনের মাদ্রিদ, বার্সেলনা,কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও শহর ভ্রমণ করেছেন । খবর আইবিএননিউজ ।
    তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিন ব্যাপী অনুষ্ঠিত ‘ অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন(আয়েবা) ‘র ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামীট ২০১৬, রোমে তিন ব্যাপী অনুষ্ঠিত কানেক্ট বাংলাদেশ সম্মেলন২০১৮এবং স্পেনের বার্সেলনায় অনুষ্ঠিত (২০১৯-তিনদিন ব্যাপী)কানেক্ট বাংলাদেশ সম্মেলন২০১৯-এ অংশ গ্রহন করেন এবং আমেরিকা ও কানাডা’র বিভিন্ন শহরে অনুষ্ঠিত বঙ্গ সম্মেলন ও ফোবানাসহ বিভিন্ন সম্মেলন এ অংশ গ্রহন করেন ।
    মার্চ ০১ এবিএম সালেহ উদ্দীনের জন্মদিন ।
    কবিকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ।

  • কালিয়াকৈরে  ইয়াবা সহ নারী গ্রেপ্তার

    কালিয়াকৈরে ইয়াবা সহ নারী গ্রেপ্তার

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবা বিক্রির সময় আরজিদা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনগণ।

    শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে একটি ভাতের হোটেল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

    আটক আরজিদা বেগম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতম কান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। বর্তমানে তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শনিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনগণ তাকে আটক করে এবং বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে।

    কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো: জামিল হোসেন জানান, স্থানীয় জনগণ ইয়াবাসহ এক নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
    আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • পবিত্র মাহে রমজান উপলক্ষে জাজিরা পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

    পবিত্র মাহে রমজান উপলক্ষে জাজিরা পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

    শরীয়তপুরের জাজিরায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬-ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের পাশাপাশি জাজিরা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক লোকজন নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় মাদরাসার এতিম ছাত্রদের পাশাপাশি উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক শিকদার মাহমুদ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি নজরুল কাজী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান মিলন, উপজেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ মাদবর, পৌরসভা বিএনপির ০১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন শিকদার, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু আলেম ফকির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহালম আকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মনির হোসেন ও ছাত্রদল নেতা মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উক্ত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আয়োজনটিকে সাফল্য মন্ডিত করায় অনুষ্ঠানের আয়োজক উপজেলা ছাত্রদল নেতা সবুজ মাদবর ও সাহস সরদার এবং পৌরসভা ছাত্রদল নেতা জয় বেপারি ও হৃদয় মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।