Author: তরঙ্গ টিভি

  • সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

    সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

    চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে রবিউল আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মা পারুল বেগম। বুধবার সকালে হাজীগঞ্জ থানায় ছেলে রবিউলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

     

    রবিউল আলম (২১) হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর বটসাহেব বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।

     

    অভিযোগকারী মা পারুল বেগম জানান, আমার দুই ছেলে। তার মধ্যে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে থাকে। মাদক বিক্রি করে মাদক খায়। তাকে বারবার সতর্ক করা হলেও কোনো কাজে আসে না। সে ঘরের গাভিসহ মালামাল চুরি করে। ছেলেকে নিয়ে আমাদের পরিবার অত্যন্ত বেকায়দায় পড়ে আছে।

     

    হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। আমরা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি।

  • তিন কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা দিনমজুর দম্পতি

    তিন কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা দিনমজুর দম্পতি

    রংপুরের তারাগঞ্জে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিতু মনি (২৩) নামে এক গৃহবধূ। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। রিতু মনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী কাপরিয়াপাড়া গ্রামের দিনমজুর সবুজ মিয়ার স্ত্রী।

     তাদের নাম রাখা হয়েছে সাজেদা আক্তার রোয়াইনা, সাদিয়া আক্তার রোয়ানা ও সানজিদা আক্তার রোমানা।

    বর্তমানে তিন জমজ শিশুসন্তান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সজিব-রিতু দম্পতির। তিন নবজাতক ও স্ত্রীর প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার পাশাাপাশি সংসারের প্রতিদিনের খরচাপাতি নিয়ে দিশেহারা সজিব মিয়া। ভরণপোষণ জোগাতে না পারার কষ্টের সাথে নবজাতকদের আহাজারিতে ভারি হচ্ছে অসহায় এই দম্পতির একেকটি দিন। তারা এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা চান।

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রসব বেদনা শুরু হলে রিতু মনিকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

    গৃহবধূর স্বামী সজিব মিয়া জানান, বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্য সংখ্যা নয়জন। বসতভিটা ছাড়া আমার কিছুই নেই। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    সজিব মিয়ার প্রতিবেশীরা জানান, বাড়িতে ফেরার পর থেকে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। একসঙ্গে তিন কন্যা সন্তান পুরো উপজেলাতে কারও হয়নি। তাই আগ্রহ নিয়ে সবাই দেখতে আসছে। পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন অনেকেই।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে। একই সাথে সমাজের সামর্থ্যবান মানুষদেরও এই পরিবারের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।

  • এবার বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে ইউএনও

    এবার বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে ইউএনও

    বয়সের ভারে ন্যুব্জ শরীর। একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন মোস্তাকিন আলী (৬৫)। তবু জীবনের ভার বইতে তিনি থেমে থাকেননি। গরু না থাকায় গত ৩৫ বছর ধরে নিজের বুকের জোরেই টানছেন তেলের ঘানি। কারণ, গরু কেনার সামর্থ্য নেই তার। এবার সেই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

    বৃদ্ধ মোস্তাকিন আলী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামে বসবাস করেন। এতদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তেল বের করেন পুরোনো কাঠের ঘানি ঘুরিয়ে।

    সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘গরু নেই, তাই ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টানছেন মোস্তাকিন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সহৃদয়বানেরা এগিয়ে আসেন বৃদ্ধ মোস্তাকিনের পাশে। কেউ নগদ টাকা, কেউ চাল-ডাল বা কাপড় নিয়ে ছুটে যান তার বাড়িতে।

    মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা সরেজমিনে যান মোস্তাকিন আলীর বাড়িতে। সেখানে তিনি বৃদ্ধের হাতে সহায়তা তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী।এছাড়া এক ব্যক্তি নিজ উদ্যোগে বৃদ্ধ মোস্তাকিনের পুরোনো ছাপড়া ঘরের পাশে নতুন টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই ঘরের পাশেই বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন, যা দিয়ে আর বুকের জোরে নয়, মেশিনের শক্তিতেই চলবে ঘানি।

    আবেগাপ্লুত হয়ে মোস্তাকিন আলী বলেন, আগে সাংবাদিকরা এসে আমার ভিডিও করেছিল। তারপর অনেক মানুষ আমাকে সাহায্য করছে। এখন নতুন ঘর হচ্ছে, মেশিন বসানো হবে, আমি খুব খুশি। আজ ইউএনও সাহেব এসে সাহায্য করেছে। যারা আমাকে সাহায্য করছে, তাদের জন্য সবসময় দোয়া করব।

    তার স্ত্রী ছকিনা বেগম বলেন, আমরা খুব গরিব মানুষ। দিনে একবেলা খাই, কখনো না খেয়েও থাকি। এখন অনেক মানুষ আমাদের খোঁজ নিচ্ছে। কেউ চাল-ডাল দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। একজন ভাই নতুন ঘর দিচ্ছেন, আজ ইউএনও সাহেবও এসে সাহায্য করলেন।

    স্থানীয় ইউপি সদস্য ডাবলু মিয়া বলেন, মোস্তাকিন আমাদের এলাকার খুব গরিব মানুষ। নিজের শরীর দিয়ে ঘানি টেনে সংসার চালান। আগে মাঝে মাঝে আমরা সাহায্য করতাম, কিন্তু গণমাধ্যমে খবর আসার পর অনেক মানুষ এগিয়ে এসেছে। আজ ইউএনও সাহেবও সহায়তা দিয়েছেন।

    কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, একজন বৃদ্ধ তার স্ত্রীসহ বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান, এমন খবর গণমাধ্যমে দেখে বিষয়টি জানতে পারি। সেটি জানার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। আমরা তাদের পরিবারকে সবসময় সহায়তা করার চেষ্টা করব।

    এসময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান উপস্থিত ছিলেন।

  • বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৫৬ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম। সম্প্রতি সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে, বিভিন্নজন এগিয়ে আসেন সহায়তা নিয়ে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাশে দাঁড়াচ্ছেন এই সংগ্রামী বৃদ্ধের।

     

    অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘গরু নেই, তাই ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টানছেন মোস্তাকিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর অনেকেই নগদ অর্থ, চাল-ডাল ও কাপড়সহ নানা উপকরণ নিয়ে ছুটে যান মোস্তাকিনের বাড়িতে।

    বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার বলেন, তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন। তার নির্দেশে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন।

    বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

    এদিকে সংবাদ প্রকাশের পর নিজ জীবনে আসা পরিবর্তনে আপ্লুত মোস্তাকিন আলী বলেন, জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

    এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাকিন আলীকে চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন।

  • ভারত থেকে ভেসে এলো গণ্ডার

    ভারত থেকে ভেসে এলো গণ্ডার

    কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গণ্ডার। গত কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদী দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিল।

     

    এরই মধ্যে ৭ অক্টোবর সন্ধ্যার পর ভেসে আসে একটি মৃত গণ্ডার। ভেসে আসা মৃত গণ্ডারটি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।

     

    ধারণা করা হচ্ছে, গণ্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পানিতে ডুবে মারা গছে এবং ভেসে এই চরে আটকে গেছে দেহটি। নদীপাড়ের বাসিন্দারা মৃত গণ্ডারটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেন।

     

    এসব তথ্য নিশ্চিত করেন তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম।

     

    পরে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

     

    কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গণ্ডারটি বড় ও ভারি হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে ফেলার জন্য বলা হয়েছে। এছাড়া জাদুঘরের লোকজন এসেছেন তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন।

     

    যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, খবর পেয়ে তারা এখানে এসেছেন। গণ্ডারটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দুই মাস সময় লাগবে এর দেহ পচন ক্রিয়া সম্পন্ন হতে। পচন ক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ করা হবে। এসব শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার হবে।

  • নতুন মামলায় গ্রেফতার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন আবেদন নামঞ্জুর

    নতুন মামলায় গ্রেফতার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন আবেদন নামঞ্জুর

    মৃত্যু ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সই আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

    বুধবার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

    সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নাসির উদ্দিন সাথীকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পর দেশে ফেরার পর সাথী তাকে অফিসে ডেকে পাঠান। সেখানে কু-প্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।

    এসময় বাদী অফিস থেকে পালানোর চেষ্টা করলে অন্যান্য আসামিরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক সই নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

    উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে।

  • আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

    আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি। এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।’

    স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষে প্রণীত মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

    বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয় বিস্তারিত তুলে ধরেন।

    স্বনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, ‘এজন্য আমাদের অভ্যাস পালটাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানেই হলো স্বনির্ভর বাংলাদেশ।’

    তিনি আরও বলেন, ‘এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাইনা।’

    সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    এছাড়া বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সস্ত্রীক দুদকের মামলায় ফাঁসলেন বিতর্কিত ডায়মন্ড কারবারি দিলীপ

    সস্ত্রীক দুদকের মামলায় ফাঁসলেন বিতর্কিত ডায়মন্ড কারবারি দিলীপ

    অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফাঁসলেন বহুল আলোচিত ও বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল। দিলীপ ও তার স্ত্রী সবিতা আগরওয়ালের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুদক।

    দিলীপ বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক এবং বিতর্কিত জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক। একইসঙ্গে বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান ও তার স্ত্রী শারমিন খানের বিরুদ্ধেও পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

    বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

    সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে অস্বাভাবিক হারে সম্পদ গড়ে তোলা বিতর্কিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিন দফা অনুসন্ধান কমিটি গঠন করেছিল দুদক। প্রতিবারই তিনি প্রভাব খাটিয়ে অভিযোগ থেকে রেহাই পান। তবে জুলাই বিপ্লবের পর গুলশান থেকে র্যাবের হাতে গ্রেফতারের পর দুদক তার বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করে।

    সর্বশেষ অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে দুদক এবার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।

    দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালা ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

    তার স্ত্রী সবিতা আগরওয়ালা ৪৫ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ২৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৮টি ব্যাংক হিসাবে ২১৩ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৯২৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

    এ ছাড়া বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৬৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১২টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ২৪২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    তার স্ত্রী শারমিন খানের বিরুদ্ধে ৭ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৯৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৭টি ব্যাংক হিসাবে ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার ১৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

    ডায়মন্ড অ্যান্ড ডাইভার্স ও শারমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল ২০২৩ সালে বাজুস থেকে বহিষ্কৃত হন।

    আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুসারে অভিযোগ আনা হয়েছে।

  • গুমের মামলায়  হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    গুমের মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের আগামী ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

    হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকও রয়েছেন। বাকি আসামিদের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।

    ট্রাইব্যুনালে গুমের দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং তা আমলে নিয়ে পরোয়ানা জারির আবেদন করেন। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন।

    সকালেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানিয়েছিলেন, গুমের একটি মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

    এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও আসামিরা হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আনোয়ার লতিফ খান, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল কে এম আজাদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র‍্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, র‍্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম, র‍্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল এবং র‍্যাবের সাবেক পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

    এই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিকের সঙ্গে অন্য আসামিরা হলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক, ডিজিএফআইয়ের সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, ডিজিএফআইয়ের সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ডিজিএফআইয়ের সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদ, ডিজিএফআইয়ের সিটিআইবির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআইয়ের সিটিআইবির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

    ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। তার সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খানও রয়েছেন ভারতে। শেখ হাসিনার বোন শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকও বিদেশে রয়েছেন।

  • পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন

    পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন

    নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন মৃধাপাড়া (হটাৎপাড়া) গ্রামে পানি নিষ্কাশনের পথ না থাকায় অন্তত ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও আঙ্গিনা পানিতে ডুবে যাওয়ায় চুলায় রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম করতেও মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

    গ্রামের বাসিন্দা রাশেদা বিবি (৫৫) বলেন, ঘরের মেঝেতে হাটুপানি। চুলা পানির নিচে। কোথায় থাকবো, কোথায় রান্না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। শেষ পর্যন্ত ছেলের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।

    স্থানীয়রা জানান, চকাদিন মৃধাপাড়া গ্রামে প্রায় ১৩০টি পরিবার বসবাস করে। গ্রামটির দুই পাশে ছোট দুটি মাঠ থাকলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আগে মেইন সড়কের পাশে একটি ড্রেন ছিল, কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা তা বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানি ও মাঠের জমে থাকা পানি বের হতে পারছে না। ফলে প্রতিবছরই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

    গ্রামবাসীর অভিযোগ, ড্রেন ও কালভার্টের অভাবে বছরজুড়ে জলাবদ্ধতার সমস্যায় ভুগতে হয় তাদের। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ মেলেনি। দ্রুত ড্রেন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ওই গ্রামের পানিবন্দি মানুষের দুর্ভোগের বিষয়টি জানা আছে। তাদের ত্রাণসামগ্রী দেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।