Author: তরঙ্গ টিভি

  • ইসির সংলাপে যা বললেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা

    ইসির সংলাপে যা বললেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা

    যেকোনো জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাসির উদ্দিন কমিশনও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে।

    নাসির উদ্দিন কমিশন প্রথম দফায় সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করলেও দ্বিতীয় দফায় আজ (সোমবার) ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপ করছে। দিনব্যাপী এই সংলাপে প্রথম ভাগে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন।

    বিশেষ করে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের এই সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকেরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে তাগিদ দেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, এআই-এর অপব্যবহার রোধ, আস্থা অর্জন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

    সোমবার (৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    তিনি এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। আরও জানান, প্রবাসী, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে এবং আয়নার মতো স্বচ্ছ করে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সংলাপে অংশ নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও পরামর্শ তুলে ধরেন। এর মধ্যে প্রধান বিষয়গুলো হলো—

    ডিবিসি নিউজের লোটন একরাম, দীপ্ত টিভির এস এম আকাশ, এটিএন বাংলার একরামুল হক সায়েমসহ অনেকেই সাংবাদিকদের জন্য বর্তমান নীতিমালা সংশোধন করে ভোটকেন্দ্রে অবাধে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান।

    এস এম আকাশ মূলধারার মিডিয়াকে অবাধ বিচরণের সুযোগ দিতে বলেন। একাত্তর টিভির শফিক আহমেদ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

    একরামুল হক সায়েম অনিয়ম হলে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে সাংবাদিকদের কথা বলার ও ইন্টারভিউ করার সুযোগ দেওয়ার দাবি করেন।

    ইন্ডিপেন্ডেন্ট টিভির মোস্তফা আকমল এআই ব্যবহার করে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব রোধে কার্যকর ব্যবস্থা নিতে বলেন। আনন্দ টিভির জয়নাল আবেদিন ও সিইসিও এআই-এর অপব্যবহার রোধে গুরুত্ব দেন।

    গ্লোবাল টিভির ফেরদৌস মামুন এবং বৈশাখী টিভির জিয়াউল কবীর সুমন ভোট গণনার সময় দীর্ঘ হলেই সন্দেহ তৈরি হয় উল্লেখ করে দ্রুত ফলাফল প্রকাশ করে গুজব ছড়ানো রোধ করার পরামর্শ দেন।

    শফিক আহমেদ নির্বাচন কমিশনের স্ট্যাটাস বাড়িয়ে মন্ত্রীর উপর মর্যাদা দেওয়ার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার দাবি জানান।

    যমুনা টিভির তৌহিদুল ইসলাম মাঠ পর্যায়ের পুলিশ ও আমলাদের কোনো পক্ষের না হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে বলে মত দেন। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    গ্রীন টিভির মাহমুদ হাসান ভোটে অনিয়ম করলে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সময় টিভির জহুরুল ইসলাম জনি অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

    এটিএন নিউজের শহিদুল আজম, নিউজ ২৪-এর শরিফুল ইসলাম খান, স্টার নিউজের ওয়ালিউর রহমান মিরাজসহ অনেকেই সাধারণ মানুষের আস্থা অর্জনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

    জিটিভির গাউসুল আজম বিপু সাধারণ মানুষ যেন ভোট দিতে আসে তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোট চুরির সঙ্গে যুক্তদের বিষয়ে মনোযোগী হতে বলেন।

    চ্যানেল আইয়ের জাহিদ নেওয়াজ খান ধর্মীয় প্রতিষ্ঠানকে যাতে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেন।

    মাইটিভির মাহবুব সৈকত কালো টাকার মালিক ও ব্যাংক লুটেরাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ব্যবস্থা নিতে বলেন।

    সাংবাদিকরা মনে করেন, আগামী নির্বাচন কঠিন হবে এবং নির্বাচন ভালো না হলে কমিশন হেরে যাবে। সামগ্রিকভাবে, সংলাপে উঠে আসা দাবিগুলো বাস্তবায়ন হলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহায়ক হবে বলে আশা করেন সাংবাদিকরা।

  • বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

    বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

    বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একইস‌ঙ্গে বাংলা‌দে‌শের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জা‌নিয়ে‌ছে দি‌ল্লি।

    সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কা‌লে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানান।

    বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত।

    অংশগ্রহণমূলক বল‌তে ভারত কি সব রাজনৈতিক দলের কথা বোঝা‌তে চায় কি না— জান‌তে চাইলে বিক্রম মিশ্রি বলেন, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখেই নিশ্চয়ই বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা করে ভারত।

    বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান মিশ্রি।

    ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়। তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

  • ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

    ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

    জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।

    সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদ করার সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। বিশেষ করে, নারী ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার ফলস্বরূপ বিপুল সংখ্যক নারী নিবন্ধন করেছেন।

    নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে জানিয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি একটি শংকর পদ্ধতি, যা ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

    সিইসি গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যত চেষ্টাই আমরা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনমত গঠন এবং সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক।

    তিনি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চান এবং এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন, যাতে তারা ভোটকেন্দ্রে এসে ভোট দেন।

    ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় এই সংলাপে চার নির্বাচন কমিশনার এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • পরশুরামে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

    পরশুরামে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

    পরশুরামে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা।

     

    সোমবার সকাল ৮টার দিকে বিশেষ টহলের সময় ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ জানায়। এসময় সে হাতে থাকা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।

     

    আটককৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা মৃত বজলুর রহমান, গ্রাম—বাউরখুমা তালুকপাড়া, থানা—পরশুরাম, জেলা—ফেনী। জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে পূর্বে ১০টি মামলা রয়েছে।

     

    বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি নিয়মিতভাবে ভারত থেকে মাদক ও মদ পাচার করত।অভিযানের সময় বাউরখুমা-তালুকপাড়া মাঠের মধ্যে, মেইন পিলার ২১৬০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।আটককৃত মালামাল:

     

    ভারতীয় ম্যাকডুয়েল হুইস্কি (৩৭৫ মি.লি.) ৪ পিস।আনুমানিক মূল্য: ৬,০০০ টাকা।আটককৃত আসামীকে পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

  • ফুলতলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী জোটের ৫ দফা দাবীতে যৌথ মানব বন্ধন অনুষ্ঠিত।

    ফুলতলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী জোটের ৫ দফা দাবীতে যৌথ মানব বন্ধন অনুষ্ঠিত।

    সৈরাচার হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদে ব্যাংক ডাকাত খ্যাত এস আলমের দখলে নেওয়া বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসিতে বিধি বহির্ভূত ভাবে অদক্ষ্য ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ব্যাংকের বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারী অবৈধ নিয়োগ ও গ্রাহকদের বিদেশে পাচার কৃত টাকা ফেরত আনার দাবীতে ইসলামী ব্যাংক এর গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী ফোরাম এর যৌথ উদ্যোগে খুলনার ফুলতলা ইসলামী ব্যাংক এর সামনে সড়কে ৬-১০-২৫ সকাল ১০ টায় ৫ দফা দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

     

    বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আলী আকবর মোড়লের সভাপত্বিতে মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফুলতলা আহমেদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক ও বাংলাদেশ ইসলামি ব্যাংক পিএলসি ফুলতলা শাখার গ্রাহক মাওলানা শেখ ওবায়দুল্লাহ।

     

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ কতৃক অবৈধভাবে পরীক্ষা বিহীন চট্টগ্রামের একটি আঞ্চলিকতার ভিত্তিতে অদক্ষ্য ও অযোগ্য এবং অবৈধ ভাবে করা নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্হা করতে হবে।

     

    এসময় বক্তারা আরও বলেন ব্যাংকের বিনিয়োগ একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে বিনিয়োগের সুষম বণ্টনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। যে অন্ঞ্চলের যে ডিপোজিট তার ৮০% সে অন্ঞ্চলে বিনিয়োগ করতে হবে।
    এস আলম কর্তৃক গ্রাহকদের পাচার কৃত হাজার হাজার দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।

     

    এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহজাহান মোল্লা,আশরাফুল ইসলাম,ফয়সাল বিশ্বাস,শ্রী তপন শাহা,ছাত্রনেতা আব্দুর রহিম,মুজাহিদুল ইসলাম,তাবিব হাসান,ইয়ামিন গাজী,শ্রী পবিত্র শিকদার,বিল্লাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

  • ইসলামী ব্যাংকে ‘এস আলম গ্রুপ’ সংশ্লিষ্ট অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

    ইসলামী ব্যাংকে ‘এস আলম গ্রুপ’ সংশ্লিষ্ট অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

    দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ ও একচেটিয়া দখলদারত্ব’ বাতিলের দাবিতে সোমবার ( অক্টোবর) কুড়িগ্রামের ইসলামী ব্যাংক সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ব্যানারে ।

     

    বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিলের দাবি জানান। একইসঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।

     

    বক্তারা অভিযোগ করেন: এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সালের পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ দিয়েছে।এতে বিভিন্ন জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম।

     

    বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

     

    বক্তারা হুঁশিয়ারি দেন, কথিত “ব্যাংক লুটেরা এস আলম” এবং তার নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা ধীরে ধীরে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।”

  • পানছড়ির গহীন জঙ্গলে সেনা অভিযান: ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    পানছড়ির গহীন জঙ্গলে সেনা অভিযান: ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (সংস্কারবাদী) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।

     

    সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

     

    আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ওই আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

     

    আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

     

    এদিকে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআর জানায়।

  • যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী শুক্কুর আলী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

    যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী শুক্কুর আলী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

    রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিtযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় একজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

     

    সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, র‍্যাব ও যাত্রাবাড়ী থানা পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

     

    গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ শুক্কুর আলীর বাড়িতে অভিযান চালানো হলে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

     

    পরে তাদের দেওয়া তথ্যে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ৫০ পুরিয়া হিরোইন, ১২৩ পিস ইয়াবা, গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি স্যামসাং ট্যাব ও বিভিন্ন মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া লুকানো অবস্থায় ১২ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়। টাকার বৈধ কোনো প্রমাণপত্র দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রধান আসামি মোঃ শুক্কুর আলীর নামে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

     

    গ্রেফতারকৃতরা হলেন: ১.মোঃ শুক্কুর আলী (৪৯), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। ২. উজ্জল (৪৫), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। ৩. মোঃ তুহিন (৩১), পিতা সাদিকুল, নারিন্দা, ওয়ারি। ৪. দ্বীন মোহাম্মদ নাসির উদ্দিন (৪৬), পিতা মোঃ আক্কাস আলী, দক্ষিণ কেরানীগঞ্জ। ৫. মুন্নী বেগম (৩২), স্বামী মোঃ শুক্কুর আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী।আসামিরা আরও সাত জনের নাম বলেছে যাদের নাম গোপন রাখার জন্য সেনাবাহিনী অনুরোধ করেছে

    অভিযানে আটককৃতদের মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • যাত্রাবাড়ীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ওসি কামরুজ্জামানের..

    যাত্রাবাড়ীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ওসি কামরুজ্জামানের..

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভাগ ওয়ারী। আর সেই ওয়ারীর সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠছে যাত্রাবাড়ী।

     

    জনবসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতাও বাড়ছিলো এ এলাকায়। তবে যাত্রাবাড়ী থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার মাদকের বিরুদ্ধে সরাসরি ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,
    “মাদক আমাদের সমাজের জন্য এক নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী লড়াই এখন আমার প্রথম অগ্রাধিকার। মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

    তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
    “যারা এই অবৈধ ব্যবসায় জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুক। মাদকের শেকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”

    ওসি কামরুজ্জামান স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    এ প্রসঙ্গে তিনি জানান, খুব শিগগিরই থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হবে। এতে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে এবং স্কুল-কলেজের আশপাশে বিশেষ টহলদল মোতায়েন করা হবে, যাতে কিশোর-যুবকরা মাদকের ছোবল থেকে রক্ষা পায়।

    স্থানীয় বাসিন্দারা ওসির কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, ওসি কামরুজ্জামানের উদ্যোগেই যাত্রাবাড়ী শিগগিরই মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।

  • হংকং ম্যাচের আগে সমর্থকদের যা বললেন হামজা

    হংকং ম্যাচের আগে সমর্থকদের যা বললেন হামজা

    আগামী ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এ ম্যাচের জন্য আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। দেশে এসেই সমর্থকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন এ মিডফিল্ডার। যেখানে সবাইকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন তিনি।

    গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

    এদিকে হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

    মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে দেশে আসেন। তখন সিলেট বিমানবন্দরে উপচে পড়া ভীড় ছিল। তার বাড়ি হবিগঞ্জও ছিল লোকে লোকারণ্য। জুন উইন্ডোতে হোম ম্যাচের সময় তার আগমন নিয়ে ছিল অনেক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে হামজার খেলা দেখেছেন বাবা-মা।

    এবার অবশ্য হামজা একাই এসেছেন। ৯ অক্টোবর ঢাকায় খেলে পরের দিনই আবার হংকং যাবেন। ১৪ অক্টোবর হংকং খেলে সেখান থেকেই ইংল্যান্ড রওনা হওয়ার সূচি। বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।