Author: তরঙ্গ টিভি

  • পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জন আটক নরসিংদীতে

    পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জন আটক নরসিংদীতে

    নরসিংদীতে অতিরিক্ত পুলিশ, সদর সার্কেলকে আক্রান্ত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

     

    জানা গেছে, গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অতিরিক্ত পুলিশকে আক্রান্ত করার ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ০৪/১০/২০২৫, ধারা— আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪(১) তৎসহ দণ্ডবিধি ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়।

    মামলার পরপরই নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। রোববার (৫ অক্টোবর) নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
    ১/ ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা মৃত মাহমুদুর রশিদ, গ্রাম পূর্ব ব্রাহ্মন্দী, সদর, নরসিংদী।
    ২/শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা শামসুল হক খন্দকার, গ্রাম দত্তেরগাঁও ভিটি পাড়া, থানা শিবপুর, জেলা নরসিংদী।
    ৩/কুদরত হাসান রবিন (২৩), পিতা বিরাজ খা, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
    ৪/ মোঃ রকিব খা (৩০), পিতা মোঃ বিরাজ খান, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
    ৫/মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা মোঃ হুমায়ুন কবির, মাতা নুরজাহান বেগম, সাং ব্রাহ্মন্দী, ওয়ার্ড ০২, নরসিংদী।
    ৬/মোঃ তানভীর মিয়া (২২), পিতা মোঃ শওকত মিয়া, মাতা রাবিয়া বেগম, সাং বোয়াকুর, নরসিংদী।
    ৭/ শান্ত মিয়া (২৩), পিতা শামসুল আলম, মাতা শিমু আক্তার, সাং বালিয়া (বাজার), থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ; বর্তমানে বসবাস করেন বানিয়াছল, নরসিংদীতে।

    নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

  • প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    শিশুটির নাম তন্ময় (১০)। এর আগে, শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ  উদ্ধার করে ডুবুরি দল। এই নিয়ে প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

    জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জ্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় আসেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিলেন। অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রকারীরা জনগণ কাছে ধরা পড়বে : রিজভী

    নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রকারীরা জনগণ কাছে ধরা পড়বে : রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারাও জনগণের কাছে ধরা পড়ে যাবেন।

    শনিবার (৪ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    রিজভী বলেন, গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটে তালা ঝুলিয়ে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। গরু-বাছুরকে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে, কিন্তু ভোটারদের যাওয়ার সুযোগ দেননি। দিনের ভোট রাতে হয়েছে, র‍্যাব, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানো হয়েছে।

    বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এবারের নির্বাচন কমিশন এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই নিশ্চিত করবে জনগণের ভোটাধিকার। এ সরকার নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষ নেবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থি রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে—এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। আমরা প্রত্যক্ষ করছি, জনগণও বুঝতে পারছে। ড. ইউনূসের প্রতি আস্থা রেখে বলবো, এমন ব্যক্তিদের দায়িত্ব দিন যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন।

    তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দল নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ব্যবহার করে দেশে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। কিন্তু জনগণ নতুন করে আরেকটি ফ্যাসিবাদের শাসন দেখতে চায় না।

    জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতিকে একদলীয় দুঃশাসন থেকে মুক্ত করেছিল। এরপর খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর ৫ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান জাতিকে নতুন করে অনুপ্রাণিত করেছেন।

    আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র থেমে নেই, বরং তা বাস্তবায়নের জন্য মাস্টারপ্ল্যান চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ সব অন্ধকার দূর করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে—এটাই বারবার প্রমাণিত হয়েছে।

    সম্প্রতি দুর্গাপূজা নিয়ে গুজব এবং ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েকদিন আগে দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে মণ্ডপ পাহারা দিয়েছে। এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।

    ভারতে ড. ইউনূসের মুখাবয়ব দিয়ে তৈরি ‘অসুরের’ মূর্তির সমালোচনা করে রিজভী বলেন, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ও অপসংস্কৃতির প্রকাশ। ভারত সঙ্গীত-শিল্প-সংস্কৃতির দেশ, এমন কাজ তারা করবে—এটা আমরা কল্পনাও করিনি।

    রিজভী বলেন, মোদি সাহেব যদি ভারতে মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনেন, আমরা বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করবো না। আমাদের দেশে বিভাজন তৈরি করা যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন—আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবো।

    এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ১৯৯১ সালে শেখ হাসিনা ভারত থেকে ফিরে এসে বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। কিন্তু জনগণ সব জানে, কারা বিগত ১৬ বছর ধরে আপসহীন লড়াই করেছে। ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ধানের শীষ তাদের প্রিয় প্রতীক, এটিকে মিথ্যা প্রচার দিয়ে দুর্বল করা যাবে না।

    এ সময় সংগঠনের সভাপতি শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল

    গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল

    গুগল এশিয়া প্যাসিফিকের সদর দপ্তরে গুগল এবং ইউটিউবের সঙ্গে শুক্রবার সিঙ্গাপুরে পৃথক বৈঠকে অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া ও কমিউনিকেশন (জেএমসি) বিভাগ। এই বৈঠকগুলো প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

    প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে। এতে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। দুই পক্ষ আলোচনা করেন সেমিনার, ইন্টার্নশিপ এবং মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে।

    ড. আফতাব হোসেন বলেন, “গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে, গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের কোর্স কারিকুলামে এআই টুলের একীকরণ প্রমাণ করে, আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বদ্ধপরিকর।”

    এরপর জেএমসি দল ইউটিউবের সঙ্গে বৈঠক করেন। এতে গুগল এশিয়ার প্যাসিফিক হেডকোয়ার্টারের ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশীপের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস, এবং ডিজিটাল সুরক্ষা রিসোর্স মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে একমত হয়।

    গুগলের প্রতিনিধি আদিল ফারহান বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলস বিষয়ে সচেতনতা বাড়াতে ড্যাফোডিল জেএমসি-এর সঙ্গে যৌথ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।”

    উল্লেখ্য, গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে শুরু হওয়া ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ কার্যক্রমে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ড্যাফোডিল জেএমসি বিভাগের অংশগ্রহণ রয়েছে।

  • পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী

    পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, চেনা রূপ পাচ্ছে রাজধানী

    দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন। ফলে রাজধানীর টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি।

    শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

    বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী রংপুর থেকে ট্রেনে ফিরেছেন ঢাকায়। তিনি জানান, বছরে একটি ঈদ আর পূজায় বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই বাড়িতে আসে। গত মঙ্গলবার অফিস করে বাড়ি গিয়েছি। আগামীকাল আবার অফিসে যেতে হবে, তাই আজ চলে এসেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি। আনন্দ নিয়েই পূজা উদযাপন করতে পেরেছি।

    বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন চাঁদপুর থেকে ফিরেছেন সায়দাবাদ বাস টার্মিনালে। তিনি জানান, ঈদের মতোই ঢাকা ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি। আগামীকাল অফিস করতে হবে, তাই আজ চলে এসেছি।

    এ দিকে সরেজমিনে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট দেখা যায়নি। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনে ছুটির দিনের মতোই যাত্রীবাহী গাড়ির চাপ কম। তবে অটোরিকশার পরিমাণ ছিল অনেক বেশি। তবে সায়দাবাদ, দয়াগঞ্জ, ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

    সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি রয়েছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই সরকারি অফিস আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে।

  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে গুজব

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজার সামনে ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর মহাসড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে এটি মিথ্যা এবং আতঙ্ক ছড়ানোর জন্য গুজব সৃষ্টি করা হয়েছে।

    পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারজুড়ে কোনো আইল্যান্ড নেই।

    শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সেতুর টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

    ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে। ভিডিওর স্ক্রিনের লেখা ওঠে ‘চার পাশের লোক থাকলেও কেউ কিছু বলছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকায়। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণ বন্দি। বাংলার মানুষ জেগে ওঠো। অন্যায়ের প্রতিবাদ হোক সর্বত্র।’

    ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বলে জানিয়েছেন টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

    ওসি বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজুলেশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়।

    টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় আমাদের জিরো টলারেন্স। এ ঘটনা আমাদের টাঙ্গাইলের নয়। এ ছাড়া, গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের একটিভ সিসি ক্যামেরাও রয়েছে।

  • রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

    রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফজুর বাড়ীর মোড় থেকে বুধবার রাতে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

     

    বৃহম্পতিবার রাতে উদ্ধারকৃত মদের বোতলসহ প্রাইভেটকার থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম র‍্যাবের দাযের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি টিম রূপগঞ্জের ডেমরা- কালীগঞ্জ সড়করর ফজুর বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে র‍্যাব প্রাইভেটকারটি গতিরোধ করলে প্রাইভেটকারে থাকা চালকসহ ২ জন ব্যক্তি গাড়ী রেখে পালিয়ে যায়।

     

    এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী বিভিন্ন ব্রান্ডের ২০৮ বোতল মদ উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়ীটি।

     

    বৃহস্পতিবার রাতে র‍্যাব উদ্ধারকরা মালামালসহ প্রাইভেটকারটি রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ওয়ারীতে দিনে দুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি! অভিযুক্ত ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম

    ওয়ারীতে দিনে দুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি! অভিযুক্ত ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম

    রাজধানীর ওয়ারীতে প্রকাশ্যে দিনের বেলা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনীতিক ও ৪১ নং ওয়ার্ডের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে টাকা আদায় করে আসছেন।

     

    দিনদুপুরে চাঁদাবাজির ঘটনা সোমবার (তারিখ উল্লেখযোগ্য নয়) দুপুরে ওয়ারীর ব্যস্ততম সড়কে প্রকাশ্যে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় আশপাশের লোকজন ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে কেউ সামনে আসেননি।

     

    ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেন,“ওই নেতা নিয়মিত এসে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়। কেউ না দিলে দোকান ভাঙার হুমকি দেয়।” স্থানীয়দের অভিযোগ: ভয় আর নির্যাতনের রাজত্ব স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, জাহাঙ্গীর আলম নিজেকে রাজনীতিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন।

     

    তিনি বাড়িওয়ালা, মাছ, মুরগি, তরকারি, চা ও হোটেল ব্যবসায়ীসহ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করেন। একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

     

    “প্রতিদিন ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হয়। না দিলে দোকান ভাঙচুর বা গালিগালাজের ভয় থাকে।”অভিযোগে আরও জানা যায়, স্থানীয় ব্যবসায়ী জসিম, জামিল ও হাসানসহ অনেকেই তার অত্যাচারে অতিষ্ঠ।

    প্রশাসনের ভূমিকাএ বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি বলে জানিয়েছেন তিনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে

     

    ঘটনার পর ওয়ারী এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন। একজন পথচারী বলেন, “দিনদুপুরে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা নিরাপত্তা চাই।
    রাজধানীর বুকে প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনা প্রশাসনের দৃষ্টিতে বড় প্রশ্ন তুলেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে — না হলে ওয়ারী হবে ভয় আর দখলের নগরী।

  • ওয়ারীতে দিনে দুপুরে চাঁদাবাজি, অভিযুক্ত ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম

    ওয়ারীতে দিনে দুপুরে চাঁদাবাজি, অভিযুক্ত ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলম

    রাজধানীর ওয়ারীতে প্রকাশ্যে দিনে দুপুরে দুই ভাইয়ের প্রকাশ্যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে স্থানীয় রাজনীতিক ও ৪১ নং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

     

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নানাভাবে হয়রানি করে টাকা আদায় করে আসছেন।

     

    ঘটনাস্থলের বর্ণনা: রাজধানীর ওয়ারীতে প্রকাশ্যে দিনের বেলা চাঁদাবাজির৪১ণং ওয়ার্ড সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

     

    সোমবার দুপুরে ওয়ারীর ব্যস্ততম সড়কে প্রকাশ্যে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে কেউ সামনে এগিয়ে আসেননি।

     

    স্থানীয়দের অভিযোগ:বাড়িওয়ালা সহ, মুরগি, তরকারি, মাছ, চায়ের দোকান ও হোটেল ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়িক জসিম জামিল, হাসান
    স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তিনি নিয়মিত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদ দাবি করেন এবং টাকা না দিলে হুমকি-ধমকি দেন।

     

    একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হয়। না দিলে দোকান ভাঙচুরের ভয় থাকে।”

     

    প্রশাসনের ভূমিকা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিস্তারিত জানা যাবে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

     

    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। স্থানীয়রা আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

  • খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ প্রত্যাহার

    খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ প্রত্যাহার

    খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে।

    শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল।

    বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত আংশিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে, গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে।

    আলোচনায় প্রশাসন আশ্বাস দেয়, উত্থাপিত দাবিগুলো বিবেচনা করা হবে এবং ইতোমধ্যে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসনের আংশিক আশ্বাসের প্রেক্ষিতে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি আমরা স্থায়ীভাবে প্রত্যাহার করছি। তবে আমাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর ও অনির্দিষ্টকালের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    অপরদিকে ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের বাবার দোকান ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। এ ছাড়া তিনি জানান, ১৪৪ ধারা এখনো জারি রয়েছে। তবে দিনের বেলা সিথিল থাকবে।