Author: তরঙ্গ টিভি

  • সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

    সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

    উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (৪ অক্টোবর) সকালে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

    ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

    অন্যদিকে, দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

    মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মার্কা দেখে নয়, যোগ্যতা দেখে এমপি নির্বাচিত করবেন। যদি শুধু মার্কা আর নাম দেখে ভোট দেন, তাহলে পাঁচ বছর কষ্টে কাটাবেন। আমি বলছি না আমাকেই ভোট দিন, তবে যাদেরকে যোগ্য ও সৎ মনে হয়, যাদের মধ্যে ভণ্ডামি নেই, তাকে নির্বাচিত করবেন।

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকায় এক উঠান বৈঠকে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসব, তা দিয়ে আপনাদের ভোট কিনব এবং পরে উশুল করে নেব—তা আমরা পারব না। অনেকে কোটি কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য, সেবার জন্য নয়।

    তিনি বলেন, ভোট একটা আমানত। আমানতের খেয়ানত করা কেয়ামতের আলামত। আমরা চাই আপনারা আমানত রক্ষার দায়িত্ব আমাদের দেন, নির্বাচনের পরে সেবার মাধ্যমে আপনারা তা যেন ফেরত নিতে পারেন। একদিন টাকা দিয়ে ৫ বছরের জন্য আপনার মুখ বন্ধ হয়ে যাক—তা কি আপনারা চান? মনে রাখবেন যে টাকা দিয়ে ভোট কিনতে আসবে, সে নেতৃত্বে অযোগ্য, ৫ বছর সে চুরি করবে। তাই সে টাকা দিয়ে ভোট কিনতে আসবে।

    হাসনাত আরও বলেন, যারা এই এলাকায় চলে, এই এলাকার স্কুলে পড়ে, এই এলাকার বাজারে যায়, তারা এই এলাকাগুলোর সমস্যা বুঝতে পারবে।

    এ সময় এনসিপির কুমিল্লা জেলা অঞ্চল তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, দেবিদ্বার উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্র সংসদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    একইদিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসনাত আব্দুল্লাহকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করতেও দেখা গেছে।

  • এবার ওয়ানডে সিরিজ জয়ের কথা বললেন হাসান মাহমুদ

    এবার ওয়ানডে সিরিজ জয়ের কথা বললেন হাসান মাহমুদ

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার একটু পরই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডে দলে আছেন পেস বোলার হাসান মাহমুদ।

    বাংলাদেশের ওয়ানডে দলের সদস্যরা গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে হাসান মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে আমরা টি-টোয়েন্টি সিরিজটা জিতেছি। এবার ওয়ানডের পালা। ওয়েদার বাংলাদেশের মতই, অনেক গরম আছে, মানিয়ে নিতে পারবো। দোয়া রাইখেন।’

    এদিকে হাসান মাহমুদের সঙ্গে দেশে থাকা ওয়ানডে স্কোয়াডের অবশিষ্ট সদস্যরাও গতকাল বাংলাদেশ ছাড়েন। তারা হলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। ভিসা জটিলতায় যেতে পারেননি নাঈম শেখ।

    আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডেতে মোকাবেলা করবে বাংলাদেশ।

    বাংলাদেশ স্কোয়াড- 

    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

  • সোরা অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ওপেনএআই, আসছে আয়ের সুযোগ

    সোরা অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ওপেনএআই, আসছে আয়ের সুযোগ

    ওপেনএআই তাদের নতুন ভিডিও তৈরির অ্যাপ সোরা–তে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে চলচ্চিত্র, টেলিভিশন বা অন্য যেকোনো কনটেন্ট ক্রিয়েটররা তাদের চরিত্র কীভাবে ব্যবহার হবে, তা নির্ধারণ করতে পারবেন। একই সঙ্গে ওপেনএআই জানিয়েছে, অনুমতি দেওয়া হলে ওই কনটেন্ট থেকে আয় ভাগাভাগি করা হবে মালিকদের সঙ্গে।

    ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান শুক্রবার তার ব্লগে লেখেন, “কপিরাইট মালিকরা এখন থেকে আরও সূক্ষ্মভাবে চরিত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে তারা চরিত্র ব্যবহারে বাধাও দিতে পারবেন।”

    এআই–তৈরি ভিডিও কনটেন্টের ব্যবহার দিন দিন বাড়লেও এতে কপিরাইট জটিলতা তৈরি হচ্ছে। হলিউডসহ সৃজনশীল খাতের অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে ডিজনি জানিয়েছে, তারা তাদের কনটেন্ট সোরা অ্যাপে ব্যবহার করতে দেবে না।

    সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া সোরা–তে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। ব্যবহারকারীরা সহজেই কনটেন্ট বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছেন।

    ওপেনএআই জানিয়েছে, প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক ভিডিও ব্যবহারকারীরা তৈরি করছেন। বিশেষ করে ছোট ও বিশেষায়িত দর্শকদের জন্য ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে।

    অল্টম্যান জানান, কপিরাইট মালিকদের সঙ্গে রাজস্ব ভাগাভাগির বিষয়টি পরীক্ষা–নিরীক্ষার পর্যায়ে আছে। প্রাথমিকভাবে সোরা অ্যাপেই এটি চালু হবে। পরে ওপেনএআইয়ের অন্যান্য সেবাতেও একই মডেল চালুর পরিকল্পনা রয়েছে।

    মাইক্রোসফটের সমর্থনপুষ্ট ওপেনএআই গত বছর থেকেই সোরা মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। এ উদ্যোগকে এআই–ভিত্তিক বহুমাত্রিক প্রযুক্তিতে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে গুগল ও মেটাও এ ধরনের টেক্সট–টু–ভিডিও টুল বাজারে এনেছে।

  • নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

    নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

    নিউইয়র্ক সিটি মেয়র আসন্ন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

     

    ভিডিও বার্তায় অ্যাডামস বলেন, সহিংস অপরাধ কমানো এবং শহরের উন্নয়নে কিছু সাফল্য থাকলেও ‘অবিরাম গণমাধ্যমের জল্পনা’ এবং নির্বাচনী তহবিল না পাওয়ায় তিনি প্রচারণা চালিয়ে যেতে পারবেন না।

    তিনি সতর্ক করেন, স্থানীয় সরকারকে ব্যবহার করে কিছু “বিভাজনমূলক এজেন্ডা” চাপানো হচ্ছে। এ সময় তিনি আর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বরে ঘোষণা করেন।অ্যাডামস সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না করলেও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি দৌড়ে নতুন প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কুওমো নিজেকে একমাত্র কেন্দ্রীয় প্রার্থী হিসেবে তুলে ধরছেন যিনি মামদানিকে হারাতে পারেন। মামদানি যদি নির্বাচিত হন, তবে ৩৩ বছর বয়সে তিনি শহরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ এবং প্রগতিশীল মেয়র হবেন।

    রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এখনও নির্বাচনে রয়েছেন, তবে তার প্রার্থিতা দলীয় দিক থেকে ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে “প্রাইম টাইম প্রার্থী নয়” বলে মন্তব্য করেছেন। অ্যাডামসের রাজনৈতিক জীবন গত বছর নানা দুর্নীতি ও ঘুষের অভিযোগে প্রভাবিত হয়েছে। তার সহকর্মীরা পদত্যাগ করেছেন এবং ফেডারেল দুর্নীতি মামলার কারণে সমালোচনার মুখে পড়েছেন।

    যদিও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন মামলাগুলি প্রত্যাহার করে দেয়, তারপরও অ্যাডামসের পুনর্নির্বাচনের সুযোগ সীমিত ছিল।নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অ্যাডামসের নির্বাজন থেকে সরে আসার পর অ্যাডামসের প্রশংসা করে বলেন, তিনি চার বছরের মেয়র হিসাবে শহরকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন। নির্বাচন কেবল কয়েক মাস দূরে থাকায়। এখন এই পদক্ষেপ শহরের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।

  • বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস

    বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস

    মিয়ানমারকে করিডোর দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সর্বৈব মিথ্যা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

    তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব। এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। কিন্তু এটি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে।

     

     

    শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

     

     

    প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, আমাদের দেশে এখন ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। প্রায় ১ লাখ রোহিঙ্গা এসেছে ২০২৩ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল। সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন।

    রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম। আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল। সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাগে নিয়ে আসতে পেরেছি।’

    তিনি বলেন, ‘আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম। আপনারা জেনে খুশি হবেন, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এ বিষয়ে একমত হয়েছে এবং তারা একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’

    রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে, মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান।’

    তিনি বলেন, প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা। গত এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য বলে ঘোষণা করেছে।

    অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকারসহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। আমরা যত দেশেই সফর করেছি সব দেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি, তাদের সহযোগিতা চেয়েছি। তারাও ইতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।

    তিনি বলেন, ‘জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে।’

    বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমি সুস্পষ্টভাবে বলছি, এটি সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনি বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম।

    আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হবো না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব।

    চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ও সমালোচনা নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যাদের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে বাংলাদেশ বহুমাত্রিক উপকার পাবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশিরাই বিশ্বজুড়ে বিভিন্ন বন্দর পরিচালনায় সক্ষম হবেন।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিখরে থাকার কথা ছিল, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল সে উচ্চতায় আমরা পৌঁছাতে পারিনি। আমরা চাই, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। এ কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুচবে না। অর্থনৈতিক সংকট রয়েই যাবে।

    তিনি বলেন, মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এ বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল। এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এই হৃদপিণ্ডকে বড় করতে হবে। মজবুত করতে হবে। সুঠাম করতে হবে। তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিজ্ঞদের সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা, সবচেয়ে অভিজ্ঞ। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে।

  • ১ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ডলার

    ১ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ডলার

    চলতি মাসের প্রথম ১ দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৭ হাজার ৪২৯ কোটি টাকা।  বড় অঙ্কের এই রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের বাজারকে করেছে চাঙা।

    বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ: ট্রাম্প

    ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। মাস্কের মধ্যে সামাজিক মাধ্যমে বিরোধ প্রকাশ হওয়ার পর ট্রাম্পের দিক থেকে আসা সর্বশেষ মন্তব্য এটি।

  • দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

    দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

    দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণের।

    আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

    এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।

    নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত ৮ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়।