Author: তরঙ্গ টিভি

  • পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

    পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

    পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানী সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

    ইশরাক হোসেন বলেন, জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা অপেক্ষা করছেন। আমরাও সবাইকে উদ্বুদ্ধ করেছি, যাতে সবাই ভোটকেন্দ্রে যায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

    তিনি বলেন, পুরান ঢাকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে, যেমন গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ রয়েছে, যেখানে নর্দমার মতো পানি জমে থাকে। এছাড়া আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক জ্যামসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এই পুরান ঢাকার অঞ্চলটি। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

    ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি, ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে। আমাদের বহু ভাইয়ের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে ২৪ এর ৫ আগস্টের এরপরে। এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে। এর আগে আমরা দেখেছি, তারা ভোর ৬টার সময়, যখন রাস্তাঘাটে জনগণ থাকত না, তখন চুপ করে অন্ধকারে বের হয়ে মিছিল করে চলে যেত এই ছিল তাদের আন্দোলন।

    তিনি আরও বলেন, আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি। আমাদের হত্যা করা হয়েছে, ১৭ বছর ধরে গুম-খুনের শিকার হয়েছি। আমরা কোনো সময় পিছু হটিনি। তাই এখন তারা যা বলছে, তারাও জানে ঢাকা শহরের সবগুলোর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। এসব কেবল তাদের নেতাকর্মীদের উৎসাহ জাগানোর জন্য বলছে।

    দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি মন্তব্য করে তিনি জানান, আমরা কথা দিচ্ছি, যারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে ফুটপাতে, রাস্তায় অবৈধ স্থাপনা গড়ে তুলছে এবং সেখান থেকে চাঁদা তুলছেনা তাদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ স্থাপনা ও অবৈধ কর্মকাণ্ড আমাদের দল অনুমোদন করে না। আমরাও এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছি।

    এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন এলাকায় লিফলেট ও গণসংযোগ পরিচালনা করেন।

  • শরীয়তপুরে আ. লীগ, যুবশক্তি ও বিজেপির ৩শর বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শরীয়তপুরে আ. লীগ, যুবশক্তি ও বিজেপির ৩শর বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠান শেষে তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু ও শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরে আওয়ামী লীগ যুবশক্তি ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

    বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।

    জানা গেছে, বিএনপিতে যোগদানের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি স্ট্যাটাসে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেন।

    পরে এবিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময় নানা নির্যাতনের শিকার হয়েছি। এসব বাস্তবতার কারণে আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়িয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছি।
    জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন হয়নি। সে কারণে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি।
    মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।
    বিএনপিতে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
  • বাড়িতে এলেও চুরি-ছিনতাই করতেন সিরিয়াল কিলার সবুজ

    বাড়িতে এলেও চুরি-ছিনতাই করতেন সিরিয়াল কিলার সবুজ

    ঢাকার সাভারে গত ৭ মাসে ৬ খুনের ঘটনায় সিরিয়াল কিলার সবুজ শেখ ওরফে মশিউর রহমান সম্রাট তার বাবা-মাকে কোনো ভরণপোষণ দিতেন না। নিজেই বিয়ে করছিলেন। তার একটি ছেলেও ছিল। তবে কোনো দিন সেই স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ হয়নি সবুজের বাবা-মায়ের, এমনকি এলাকাবাসীরও। সবুজ ঢাকায় থাকলেও মাঝে মধ্যে ফিরতেন পৈতৃক ভিটায়। এলাকায় ফিরেও চুরি-ছিনতাই করতেন বলে জানান স্থানীয়রা। 

    সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের পান্না শেখের ছেলে।

    সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে সবুজের পৈতৃক বাড়ি লৌহজং উপজেলার মৌছামন্দ্রা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িটিতে একেবারে সুনসান নীরবতা। কাপড় দিয়ে ঘেড়া একটি টিন ও কাঠ দিয়ে নির্মিত পাটাতন ঘরে বসবাস করেন সবুজের মা মমতাজ বেগম ও বাবা পান্না সেখ। বাড়ির গেটের সামনে রয়েছে একটি ছাগলের ঘর। বেশ কিছু ছাগল লালন-পালন করেন পান্না সেখ। মিডিয়ার ভয়ে পান্না সেখ দিনের বেলায়  থাকেন আত্মগোপনে। সবুজের মা মমতাজ বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন।

    প্রতিবেশীরা জানান, ব্রেইন টিউমারসহ বিভিন্ন রোগে আক্রান্ত মমতাজ বেগম। ছেলের একাধিক খুনের কথা শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

    সবুজের মা মমতাজ বেগম বলেন, কোনো দিন একটি টাকাও বাবা-মাকে দেয়নি সবুজ। বিয়ে করেছে নিজের ইচ্ছায়। বউ-বাচ্চাও কোনো দিন দেখায়নি।স্থানীয়রা জানান, সবুজের চার বোনের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে, একজন এখনো অবিবাহিত। তবে তিনিও বাবা-মায়ের সাথে বসবাস করেন না। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে সবুজ দ্বিতীয়। তিন ভাইয়ের মধ্যে সবার বড় সবুজ। এক ভাই ঢাকায় রঙের কাজ করেন, ছোট ভাই অটোরিকশা চালান।

    স্থানীয়রা অভিযোগ করেন, সবুজ ছিনতাই, অটোরিকশা ও সাইকেল চুরির মতো বিভিন্ন অপরাধে জড়িত। মাঝে মধ্যে এলাকায় এসে চুরি-ছিনতাই করে পালিয়ে যেতেন। সর্বশেষ এক মাস আগে দুই দিন বাড়িতে থেকে আবার চলে যান।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, সবুজের বাবা তার পৈতৃক বাসস্থানে খুব কম সময়ই বসবাস করেছেন। তবে বৃদ্ধ বয়সে প্রায় ১০ বছর আগে এলাকায় ফিরে বসবাস করতে শুরু করছেন। বর্তমানে বাড়িতে বেশ কিছু ছাগল পালন আর শ্রমিকের কাজ করে চলে তার সংসার।

    এলাকাবাসী জানান, সবুজের বাবা আগে ঢাকার জুরাইন এলাকায় বসবাস করতেন। তারপর কেরাণীগঞ্জ ও সভারে বসবাস করেন। প্রায় ১০ বছর আগে সবুজের বাবা তার পিত্রালয়ে ফিরে আসলেও সবুজসহ তার অন্যান্য ছেলেরা এলাকায় ফিরে আসেননি। তবে মাঝে মধ্যে ছেলেরাও বাবার বাড়িতে বেড়াতে আসেন।  প্রায় এক বছর আগে সবুজ এলাকায় একবার ফিরে আসেন একটি অটোগাড়ি ভাড়া নিয়ে। পরে ওই অটো চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করার চেষ্টা করেন। এরপর তার বাবাসহ এলাকার লোকজন সবুজকে ধরে রিহ্যাবে দিয়ে দিয়েছিলেন। কেরানীগঞ্জে দিনের আলো রিহ্যাবে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তাকে রিহ্যাবে দেওয়ায় সে তার বাবা ও দুই প্রতিবেশীর বিরুদ্ধে রিহ্যাব হতে পালিয়ে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।  গত এক মাস আগে একবার বাড়িতে এসেছিলেন সবুজ। এসে  নিজেই নিজের সঙ্গে কথা বলে সবাইকে গালাগালি করেন।

    স্থানীয় অষ্টম শ্রেণির ছাত্র আবির বলেন, সবুজ মাঝে মধ্যে দেশে আসতো। আমাদের সাথে ঠিকমতোই কথাবার্তা বলতো। তবে মাঝে মাঝে তাকে নিজের সাথে নিজেই কথা বলতে দেখছি।সবুজের প্রতিবেশী রাব্বি মিয়া বলেন, সবুজের বাবা এখানে নিয়মিত থাকতেন না। সবুজরা ঢাকায় বড় হয়েছে। মাঝেমধ্যে গ্রামে আসতো। সবুজের বাবা আগে ঢাকার জুরাইন এলাকায়, পরে কেরানীগঞ্জ, এরপর সাভার এলাকায় বসবাস করতেন। সবুজ ছোটবেলায় মাঝেমধ্যে বাবার সাথে এলাকায় ঘুরতে আসতো। তবে সবুজের বাবা প্রায় ১০ বছর আগে তার স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস শুরু করেন। সবুজ গত এক বছর আগে বাড়িতে একটি অটোরিকশা ভাড়া করে নিয়ে আসেন। পরে ওই অটো চালকের গলায় ছুরি ধরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তার বাবা তাকে রিহ্যাব সেন্টারে দিয়ে আসেন। রিহ্যাব সেন্টার থেকে ফিরে এসে সবুজ তার বাবা ও দুই প্রতিবেশীর বিরুদ্ধে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বৃদ্ধা জানান, সবুজরা ঢাকায় থাকতো। তবে মাঝেমধ্যে ওরা বাড়িতে আসতো সবুজের মা ব্রেইন টিউমারসহ এখন অনেকগুলো রোগে আক্রান্ত। সবুজ ঢাকায় ৬টা খুন করছে- এটা আমরা ইউটিউবে দেখছি। সাংবাদিকরা কয়েকদিন যাবৎ সবুজের বাসায় আসছে। ওর মা খুনের বিষয়গুলো জেনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।

    এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খান ঢাকা পোস্টকে বলেন, সবুজের বাবা পান্না সেখের পৈতৃক বাড়ি আমার এলাকায় হলেও তারা কেউ আমার এলাকার ভোটার না। শুনেছি তারা জুরাইন বসবাস করতো। সেখানেই সবুজ ও তার ভাইবোনদের বেড়ে ওঠা। সবুজের বাবা কিছুদিন যাবৎ আমাদের এলাকায় বসবাস শুরু করেছেন।

    তিনি আরও বলেন, সবুজ বাড়ি এলেই এলাকায় চুরি ছিনতাই হতো। এখন আমরা বিষয়টি বুঝতে পেরেছি হয়তো এ ধরনের কাজ সেই করতো।

    এ ব্যাপারে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি যতটুকু জানতে পেরেছি সবুজ একটা সাইকো। তার বিরোদ্ধে লৌহজং থানায়  কোনো মামলা নেই।

  • শরীয়তপুরে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শরীয়তপুরে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

    শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

    জানা গেছে, অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর হাত ধরে আ. লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

    আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আ. লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শৌলপাড়া ইউনিয়ন আ. লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং শৌলপাড়া ইউপি সদস্য আলমগীর বেপারী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

    ইউপি চেয়ারম্যান আ. মান্নান খান ভাসানী বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ বিএনপিতে শামিল হয়েছি।”

    এসময় বিএনপির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং বিএনপি নেতারা বলেন, আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করবে।

     

  • ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রিজভী

    ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রিজভী

    নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

    রুহুল কবির রিজভী বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।

    তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। আমি মনে করি, সবকিছু ঠিক করতে দৃঢ়হস্তে ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। তবে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে মানুষের সেই পুরনো আশঙ্কাই সঠিক হবে।

  • ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান

    ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান

    নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে ধানের শীষের চার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি আসন সমঝোতা হওয়া অন্য দুই দলের প্রার্থীর মার্কায়ও ভোট চান তিনি।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি ‘খেজুর গাছ’ ও ‘মাথাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে বিএনপি। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দেওয়া হয়েছে। দুই প্রার্থীই এবার নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    তিনি বলেন, জুনায়েদ সাকি ও আরেক ভাই আছেন, তারা আমাদের ভাই। ধানের শীষের যত ভাই আছেন, ধানের শীষের পাশাপাশি তাদেরকেও ভোট দিয়ে জয়ী করতে হবে।

    তারেক রহমান বলেন, কেন ধানের শীষের পাশাপাশি তাদের জয়ী করতে হবে? কারণ এই মানুষগুলোর অবদান আছে। আজ যে ১৭ বছর পর ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা সেই আন্দোলনের অংশ ছিলেন। দেশের মানুষের পাশে ছিলেন। তাই বিএনপির ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদের জয়ী করে আনা।

    উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে প্রচারণা শুরু করে বিএনপি। সিলেট জনসভা শেষে দলটি মৌলভীবাজার ও হবিগঞ্জে নির্বাচনী সমাবেশ করে। পরে রাত সাড়ে ১০টার পর ব্রাহ্মণবাড়িয়ায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ধানের শীষের পাশাপাশি শরিক দলগুলোর প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

    তাহাজ্জুতের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ার আহ্বান

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুতের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানান তারেক রহমান।

    তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুতের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিতে হবে। মনে রাখতে হবে, এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তারেক রহমান বলেন, এ দেশটা কার? জনগণের দেশ। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারাই এ দেশের মালিক। কাজেই আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে- আপনারা কীভাবে দেশ পরিচালনা করতে চান। আর সেই সিদ্ধান্ত ভোটের মাধ্যমে দিতে হবে।

    তিনি বলেন, একটি দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে। আপনারা তাদের বয়কট করুন।

  • পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

    পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

    রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। এর দুদিন পর (বুধবার) বিকেলে শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

    পুলিশ জানায়, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার।

    বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে দ্রুত। পবিত্র কুমার বড়ুয়া এখন পল্টন থানায় আছেন।

    এর আগে গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি স্কুলে প্রি-প্লে শ্রেণিতে পড়ত। তার বয়স চার বছরের কম।

  • ফ্লাইওভারের নিচের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ডিএনসিসির

    ফ্লাইওভারের নিচের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ডিএনসিসির

    ঢাকা ময়মনসিংহ সড়ক সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশের সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

    শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

    পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া পরিচ্ছন্নতা কর্মী রফিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুসরণ করে আজকে আমরা এখানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। নিয়মিত পরিচ্ছন্নতার অভিযানের অংশ হিসেবে আজ ঢাকা ময়মনসিংহ সড়ক সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে অংশের সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    ডিএনসিসির আওতাধীন এলাকার সড়ক, স্থান ছাড়াও পানি প্রবাহ ঠিক রাখতে খালগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

    সংস্থাটির তথ্য অনুযায়ী নিয়মিত খালের বর্জ্য পরিষ্কার করার জন্য ৩৬০ জন পরিছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। ২৯টি খাল এবং ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে। খালের পাশে ১৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। রিটেনশন পন্ড ও খালের জিআইএস ডাটাবেইজ, জিআইএস হটস্পট ম্যাপ প্রস্তুত করা হয়েছে। ডিএনসিসির ৩০ জন কর্মকর্তা, কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রামপুরা পাম্পিং স্টেশনে পাঁচটি ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প রয়েছে।

    এছাড়া ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন ১টি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে ৩.৩ কিউমেক ক্ষমতা সম্পন্ন ৩টি এবং ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন ২টি পাম্প রয়েছে। পাশাপাশি নতুন ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণসংক্রান্ত ডিপিপি প্রস্তুতির কাজ চলমান রয়েছে। কল্যাণপুর রিটেশনপন্ড থেকে প্রায় ১.১২ লাখ ঘন মিটার স্লাজ/মাটি খনন ও অপসারণ করে জলাধারগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। কল্যাণপুর ও রামপুরা পাম্প স্টেশনদ্বয় ছাড়াও মিরপুর ও আব্দুল্লাহপুরে ২টি ছোট পাম্প স্টেশন রক্ষণাবেক্ষণ করে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

  • রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩৫৬৭ জন

    রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩৫৬৭ জন

    আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে‍‍’ ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‍‍‘পোস্টাল ভোট বিডি‍‍’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১ থেকে ৯ নং ওয়ার্ড) আসনে ৩ হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।

    রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জাতীয় পার্টির ব্যারিষ্টার মঞ্জুম আলী (লাঙল), জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস (চেয়ার)।

    রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

    এই আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।

    রংপুর-৩ (সদর ও রসিকের ১০ থেকে ৩৩ নং ওয়ার্ড) আসনে ৫ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪ জন। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।

    এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের (লাঙল), বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদীর আনোয়ারা হোসেন বাবলু (কাঁচি) ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান (সূর্যমূখী)।

    রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

    এই আসন থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল), এনসিপির আখতার হোসেন (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী’র প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।

    এ ছাড়া, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ হাজার ৪৪৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত তালিকায় রয়েছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।

    এ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এসএম ফখর উজ জামান (লাঙল), বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের গোলজার হোসেন (হাতপাখা), নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব (কেটলি), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি’র আবু হেলাল (কাস্তে), আমার বাংলাদেশ পার্টি’র আব্দুল বাছেত (ঈগল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) বাবুল আক্তার (কাঁচি) ও বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান (ডাব)।

    রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২ হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।

    এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙল), জামায়াতে ইসলামীর নুরুল আমীন (দাঁড়িপাল্লা), আমার বাংলাদেশ-এবি পার্টির ছাদেকুল ইসলাম (ঈগল), ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী)।

    আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বর্তমানে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • টঙ্গীর দুই বস্তিতে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫

    টঙ্গীর দুই বস্তিতে অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩৫

    গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে হেরোইন, ইয়াবাসহ দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকায় ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। 

    ‎শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর হাজী মাজার বস্তিতে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

    তিনি জানান, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল টঙ্গীর দুই বস্তিতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে বস্তির বিভিন্ন কক্ষ থেকে এক কেজি হেরোইন,৩৪৭ পিস ইয়াবা,দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়াও এসব কাজে জড়িত থাকায় ৩৫ জন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

    টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, শুক্রবার দুপুরে এ ঘটনায় একটি মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।