Author: তরঙ্গ টিভি

  • Untitled post 7041

    যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

    শুক্রবার (৬মার্চ ) ভোর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

    আটক আমিনুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

    বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

    যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে একজনকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু পণ্যের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

  • যশোর সমাবেশে বক্তারা: উদীচী হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি।

    যশোর সমাবেশে বক্তারা: উদীচী হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি।

    যশোর জেলায় উদীচী হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘২৭ বছর ধরে পার হলেও উদীচীর নারকীয় হত্যাযজ্ঞের কুশীলবদের চিহ্নিত করা যায়নি। উদীচী হত্যাকাণ্ডের এই বিচারহীনতা রাষ্ট্রের দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠীগুলো তাদের বিস্তার ঘটিয়েছে। ২৭ বছর ধরেই আমরা বিচারহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। শুরুতেই যদি সঠিক তদন্তের মাধ্যমে উদীচী ট্র্যাজেডির দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করা যেতো তাহলে হয়তো জঙ্গীদের উত্থানের পরবর্তী ঘটনাগুলো ঘটতো না।

    আজ শুক্রবার (০৬ মার্চ) বেলা ১১টায় শহরের ঈদগাহ মোড়ে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

    যশোরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলার ২৭ বছর পূর্তি উপলক্ষে ঈদগাহ মোড়ে প্রতিবাদ মানববন্ধন।

     

    ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ শিরোনামে যশোর হত্যাকাণ্ড দিবসের এই প্রতিবাদ মানববন্ধন সমাবেশে উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, শিল্পকলা একাডেমি যশোরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাস, আনোয়ারুল করীম সোহেল, উদীচী হামলা পা হারানো সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ উদীচী হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     

    প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে গভীর রাতে যখন হাজারো মানুষ ও সংস্কৃতিকর্মী বাংলার আবহমান সংস্কৃতির ধারক বাউলগানের সুরের মূর্ছনায় বিমোহিত হয়েছিলেন, ঠিক তখনই বিকট শব্দে দুই দফা বিস্ফোরণ ঘটে মঞ্চের নিচে আগে থেকে রেখে দেওয়া বোমার। নৃশংস হামলায় প্রাণ হারায় ১০ জন। আহত হন দেড় শতাধিক শিল্পী-কর্মী ও সংস্কৃতিমনা মানুষ।

  • অভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটক মোটরসাইকেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    অভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটক মোটরসাইকেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    যশোরের অভয়নগর উপজেলায় একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

    বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা কয়েকদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির আশঙ্কায় রাতে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার গভীর রাতে নড়াইলের পেরোলী এলাকা থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাদের গতিরোধ করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই যুবককে আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে।

    স্থানীয়দের অভিযোগ, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শনের চেষ্টা করে। এতে উত্তেজিত হয়ে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে রবিউল মোল্লাকেও মারধর করা হয়।

    খবর পেয়ে পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেন। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

    পুলিশ জানায়, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার।

    জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার।

    জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার ৬ মার্চ বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

    বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত ও সীমান্ত পথে পাচারের চেষ্টা করতে পারে-এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
    এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

    এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

    তিনি আরও বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • যশোরে সংকট আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে ভিড়।

    যশোরে সংকট আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে ভিড়।

    ইসরাইল-আমেরিকা ও ইরান যুদ্ধে দেশের জ্বালানী তেল খাতে প্রভাব পড়তে পারে। তেল বন্ধ ও দাম বাড়তে পারে এমন আশঙ্কায় যশোরের পাম্পগুলোতে মানুষের ভিড় বেড়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। ভুক্তভোগীরা অকটেন না পেয়ে মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করে। শনিবার শহরের পাম্পে গিয়ে এমন চিত্র চোখে পড়ে।

    সকাল ১১টায় শহরের ঢাকার রোডের মেসার্স মনিরুদ্দিন পাম্পে গিয়ে দেখা যায়- সেখানে মোটরসাইকেল পেট্রোল নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় ছিল। তাদেরকে পাম্পের কর্মচারী সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেলের ট্যাংকিতে পেট্রোল ভরে দেয়। পেট্রোল নিতে আসা রবিউল ইসলাম জানান মোটরসাইকেলের ট্যাংকীতে ১ হাজার ৫শ’ টাকার পেট্রোল ভরেছি। যদি পেট্রোলে দাম বেড়ে যায় বা সংকট সৃষ্টি হয় এই আশঙ্কায় বেশি করে কিনলাম। একই কথা বলেন রানা হামিদ ও মিজান মিয়া । তারা পেট্রোলের দাম বাড়ার আশঙ্কায় মোটরসাইকেল পেট্রোল ভরেছে বলে জানান।

    পাম্পের কর্মচারী আখতারুজ্জামান বলেন- শুক্রবার ও শনিবার কোম্পানী থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল দিতে আসে না। এগুলো দিতে আসে রোববার। তবে দেশে পেট্রোল বা অকটেন সংকট হবে। একটু দাম বাড়ার আশঙ্কা থাকতে পারে। বাইরের দেশ থেকে আসে ডিজেল। যুদ্ধ চলতে থাকলে ডিজেলের সংকট হবে। দাম বাড়া বা সংকেটর আশঙ্কায় পেট্রোল কিনতে পাম্পে ভিড় হচ্ছে।

    একই অবস্থা ছিল আরএন রোডের যাত্রীক পাম্পে। সেখানে মোটরসাইকেলে তেল ভরতে আসা মানুষের লাইন পড়ে যায় রাস্তা পর্যন্ত। পাম্পের কর্মচারীরা মোটরসাইকেল পেট্রোল ভরতে ব্যস্ত সময় পার করতে হয়। একই অবস্থা গাড়ি খানার তোফাজ্জল পেট্রোল পাম্পে।

    পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না পাওয়ায় উপশহর শিশু হাসপাতালের পূর্বপাশের মেসার্স প্রান্তিক পেট্রোল পাম্প বন্ধ ছিল। পাম্পের কর্মচারী নিরব জানান- কোম্পানী থেকে রোববার পেট্রোল, অকটেন ও ডিজেল দিয়ে যাওয়ার পর পাম্প খোলা হবে। তবে শহরের বাইরের পেট্রোল পাম্পগুলো ছিল ফাঁকা। সদরের হামিদপুরের মেসার্স সুলতান পেট্রোলিয়াম পাম্প ও ক্যান্টনমেন্ট, যশোর-মাগুরা সড়কের পাম্পগুলোতে তেমন ভিড় ছিল না।

  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত।

    যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত।

    বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যশোরে নতুন সময়সূচি নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত অনুযায়ী,আগামীকাল শুক্রবার (৫ মার্চ) থেকে শহরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা এ সিদ্ধান্ত নেন। সভাটি অনুষ্ঠিত হয় চেম্বারের দফতরে।

    সভায় ব্যবসায়ীদের উদ্দেশে চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা থেকে বিরত থাকতে হবে।তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এখন সময়ের দাবি। ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় কমানো গেলে যেমন খরচ কমবে, তেমনি সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। এজন্য শহরের মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জাও সীমিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, কাপড়ের দোকান ও শপিংমল ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখা হবে। এছাড়া ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই রাত ৮টার মধ্যে বন্ধ রাখার পরিকল্পনার কথাও জানানো হয়।

    চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার,চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। এ সময় যশোরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

  • যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

    যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

    যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল, বিভিন্ন জেলার ভুয়া নম্বর প্লেট, মাস্টার চাবিসহ চুরি কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থিত রাবেয়া সুপার মার্কেটের নিচতলায় ‘শফি মোটরস ওয়ার্কসপ’ নামের একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে রাকিব হোসেন (১৯)এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ছোট ভেটখালী গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে মনিরুজ্জামান (৩৭)ৃ

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টহল দল এসআই শেখ আল আমিনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানের সময় দুই যুবককে একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।

    পুলিশ তাদের হেফাজত থেকে নীল রঙের ইয়ামাহা এফজেডএস ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: খুলনা মেট্রো-ল-১৩-৭২৯৫), একটি ডিজিটাল নম্বর প্লেট, একটি টিনের নম্বর প্লেট, ১১টি কম্পিউটার প্রিন্ট করা লেমিনেটেড নম্বর প্লেট, দুটি মোটরসাইকেলের চাবি এবং লোহার রড দিয়ে তৈরি ‘টি’ আকৃতির একটি মাস্টার চাবি উদ্ধার করে। জব্দ মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

    পরে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটির মালিক খুলনার সোনাডাঙ্গা এলাকার এনায়েতুল ইসলামকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে এসে তার মোটরসাইকেল শনাক্ত করেন। তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালর সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছিল।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনিরুজ্জামান স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নাভারণ রেলবাজার এলাকার একটি গ্যারেজে এনে যন্ত্রাংশ খুলে বিক্রি করা হতো।

    পুলিশ জানিয়েছে, চক্রটির মূলহোতা হিসেবে নাভারণ রেলবাজারের সান্দার আলীর ছেলে শফিয়ার রহমান (৪৩) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে খলিল গাজী (৪৬)-এর নাম উঠে এসেছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।

    এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪১১/৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার পর আজ বৃহস্পতিবার বিকালে আটককৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটক দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। শার্শা থানা এলাকায় মোটরসাইকেল চুরি ও চোরাই যন্ত্রাংশ বিক্রির সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    যশোরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর একটার দিকে ওই হোটেলের ৩০৩ নম্বর রুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে।

    হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ ব্যবসায়ী হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর রুমে ওঠেন। বুধবার সন্ধ্যাতেও তিনি রুমে ছিলেন। বৃহস্পতিবার চেকআউটের সময় দরজায় ধাক্কা দেওয়া হয়। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও দরজা না খুললে তিনি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

    যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং প্রথমে দরজা খোলার চেষ্টা করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, বিছানার ওপর ব্যবসায়ী হারুন অর রশিদ পড়ে আছেন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ধারণা করা হয়, তিনি মারা গেছেন।

    এ সময় তার পাশে থাকা মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ রাখা ছিল। আত্মীয়-স্বজন কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। মোবাইলের ফ্লাইট মোড বন্ধ করার পরপরই একটি কল আসে। তিনি কলটি রিসিভ করলে কলারের নাম আসাদুজ্জামান বলে জানা যায়।

    আসাদুজ্জামান জানান, তিনি তার জামাতা। তাকে শ্বশুরের মৃত্যুর সংবাদ দেওয়া হলে তারা সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ থেকে রওনা দেন।

    এসআই ওয়াহিদুজ্জামান আরও বলেন, জামাতা আসাদুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী হারুন অর রশিদ প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসায়ী। ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

  • জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন।

    জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন।

    রাজধানীর জাতীয় প্রেস ক্লাব–এর সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও এক অধ্যাপকের অপসারণসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এবং বিশেষ কর্মকর্তা অধ্যাপক জামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, উপাচার্য ও উপ-উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ এবং তা রাজনৈতিক সুপারিশের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

    এ বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
    বক্তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৪৫৩ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও কমিশন বাণিজ্য হয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে অধ্যাপক জামাল হোসেনের নিয়োগ ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত দাবি করা হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব ও ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ১৪ দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— অভিযুক্তদের অপসারণ, উন্নয়ন প্রকল্পে অনিয়মের তদন্ত, জাল সনদের অভিযোগ যাচাই, প্রশাসনিক দুর্নীতির বিচার এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

  • যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প।

    যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প।

    ইরানের বিরুদ্ধে ইসরাইলের শুরু করা যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। একদিন আগে এমন মন্তব্যই করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবার ইসরাইল ইস্যুতে সামনে আসলো ট্রাম্প প্রশাসনের মতভেদ।

    রুবিওর এমন দাবি সরাসরি প্রত্যাখান করে ইসরাইলের সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেলআবিব তেহরানে হামলার উসকানি দেয়নি, বরং আমিই হয়তো তাদের এ যুদ্ধে জড়িয়েছি। কারণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় আন্দাজ করেছিলাম যে তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে তারা সংবাদ সম্মেলন করেন।

    হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা এক হাজার সাতশোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি ইরান প্রথমে আক্রমণের পরিকল্পনা করেছিল। আর আমি সেটা চাচ্ছিলাম না। তাই, যেকোনো ক্ষেত্রে, আমি ইসরাইলের সাহায্য নিয়ে এই অভিযান শুরু করেছি। যদিও ইসরাইল প্রস্তুত ছিল, আমরা প্রস্তুত ছিলাম। আর আমরা একটি খুবই শক্তিশালী প্রভাব ফেলেছি, কারণ ইরানের প্রায় সবকিছুই এখন ধ্বংস হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ব্যাপকভাবে কমছে।’ ট্রাম্পের মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়। তিনি বিদেশে নির্বাসিত রেজা পালাহভিকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন না।

    মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া উচিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। এদিকে, গত ৩ মার্চ সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি। মূলত বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।