প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় পলায়ন, আদালত ও থানায় মামলা-অভিযোগ

মালয়েশিয়া প্রবাসী এক যুবকের স্ত্রী কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সংশ্লিষ্ট এলাকায় ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইসলামপুর (ডায়া) গ্রামের বাসিন্দা মোহাম্মদ আয়নাল হকের সঙ্গে উল্লাপাড়া উপজেলার বাসিন্দা মোসাম্মত কুলসুম আক্তারের বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে কাউসার হোসেন নামে একটি পুত্র সন্তান রয়েছে।

বিয়ের পর জীবিকার তাগিদে আয়নাল হক মালয়েশিয়ায় প্রবাসে পাড়ি জমান। স্বামীর অনুপস্থিতিতে কুলসুম আক্তার আশুলিয়া থানার কোনাপাড়া এলাকায় (আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজ সংলগ্ন) পিতা-মাতার সঙ্গে বসবাস করতেন। এ সময় তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন এবং স্বামী নিয়মিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন। পাশাপাশি স্ত্রীকে স্বর্ণালংকারও প্রদান করেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, প্রায় দুই মাস আগে কুলসুম আক্তারের সঙ্গে তার খালাতো ভাই মোসলেমের পরিচয় হয়। মোসলেম আশুলিয়া এলাকার একটি ব্যাটারি কারখানায় কর্মরত ছিলেন। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে একপর্যায়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।

ঘটনাটি জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে কুলসুম আক্তার কথিত প্রেমিক মোসলেমের সঙ্গে পালিয়ে যান।

এ বিষয়ে প্রবাসী স্বামী আয়নাল হক মুঠোফোনে জানান, “তিন বছর প্রেমের পর আমাদের বিয়ে হয়। এখনো কুলসুম আমাকে কোনো তালাকনামা পাঠায়নি, তাই আইনগতভাবে সে এখনো আমার স্ত্রী।”
ঘটনার প্রেক্ষিতে আয়নাল হকের মা আমেনা বেগম, শাহজাদপুর জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply