Author: তরঙ্গ টিভি

  • বেনাপোল স্থলবন্দরের আনসারের দুইপ্লাটুন কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত: ম্যাজিস্ট্রট নিয়োগ

    বেনাপোল স্থলবন্দরের আনসারের দুইপ্লাটুন কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত: ম্যাজিস্ট্রট নিয়োগ

    দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

    বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহার এবং বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন বন্দর কর্তৃপক্ষ।

    এদিকে ১৬ অক্টোবর বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্হায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ
    ম্যাজিস্ট্রট নিয়োগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।

    বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঢাকা মেট্রো ট-২২-৭৫৬৬ নম্বরের একটি বাংলাদেশি ট্রাক থেকে আড়াই কোটি টাকার অবৈধ পণ্যচালান আটক করে। এ ঘটনার পর ২৩ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।

    তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, ওই দিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের ৯, ১০, ১১ এবং ছোট আচড়া মোড়ে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা অবৈধ পণ্য পাচারের ঘটনায় জড়িত ছিলেন। এরা হলেন নাজমুল হক, কৃষ্ণ কুমার দাস, ,শ্রী আনন্দ কুমার দাস ও মোঃ রাসেল শেখ।

    এছাড়া ও বন্দরের আনসার ক্যাম্পের দুইজন প্লাটুন কমান্ডার শ্রী অসিত কুমার বিশ্বাস এবং ইয়ামিন কবীর একই ঘটনার সাথে সম্পৃক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তদন্তের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উল্লিখিত আনসার সদস্যদের বেনাপোল স্থলবন্দর থেকে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ও ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।

    অপরদিকে, বেনাপোল স্থলবন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারের বিরুদ্ধে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত অনিয়ম সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা মেলায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে বরখাস্ত করেছেন।

    বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা বন্দরের জানান, যাতে সংশ্লিষ্ট কেউ আর বন্দরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার সদস্যদের প্রত্যাহার ও বন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

    তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।

    এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় কতৃক বেনাপোল স্থলবন্দরের ব্যবস্হাপনা সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্হায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট হিসেবে নিয়োগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
    ১৬ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  • বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

    বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

    দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

     

    বৃহস্পতিবার বিকেলে জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতি ফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার আয়োজনে উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

    সভায় জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতি ফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির দিনাজপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৃত্তিকা ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, জাকের পার্টির জেলার সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন, জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রঘুনাথ চন্দ্র রায়, মহিলা ফ্রন্টের জেলার সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিউলি খাতুন, জাকের পার্টির বিরল উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, জাকের পার্টির বীরগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম।

    এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

  • স্বর্ণের লোভে মামী ও মামাতো বোনেকে গলা কেটে হত্যা করে পারভেজ

    স্বর্ণের লোভে মামী ও মামাতো বোনেকে গলা কেটে হত্যা করে পারভেজ

    লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেপ্তার হয়েছে। ঘাতক পারভেজ হোসেন নিহত মীমের মামাতো ভাই।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, টাকার অভাবে মামার বাসা থেকে স্বর্ণ চুরি করতে গিয়ে সে তার মামী ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করে। তার কাছ থেকে ৬ ভরি ৪ আনা ও তার দেওয়া তথ্য অনুযায়ী দুটি দোকান থেকে ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার পারভেজ রামগঞ্জ পৌরসভার সোনাপুর মহাদের বাড়ির আব্দুল করিমের ছেলে।

    প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ঘাতক পারভেজ দুই মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসে। এনজিও থেকে নেওয়া ঋণের চাপ ও তার ব্যাংক হিসেবে থাকা টাকা তুলতে পারছিল না সে। সে তার মামার বাসা থেকে স্বর্ণালংকার চুরি করার পরিকল্পনা করে। ঘটনার দিন ৯ অক্টোবর বিকেলে সে বাজার থেকে একটি চাকু কিনে আমড়া ও আপেল নিয়ে তার মামার বাড়িতে যায়। পরে সে তার মামী ও মামাতো বোনকে আমড়া ও আপেল খেতে দেয়। মামাতো বোন মীমের সঙ্গে বাসার দ্বিতীয় তলায় যায়। সেখানে মীম তার হাতে ছুরি দেখে চিৎকার দিলে তাকে গলা কেটে হত্যা করে।

    পরে তার মামী জুলেখাকেও একইভাবে গলা কেটে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

    অন্যদিকে  ঘটনার ৭ দিন পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুলিশ সুপারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে পারভেজকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৬ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে দুটি দোকানে বিক্রি করা ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

    এসপি বলেন, হত্যা মামলায় পারভেজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পারভেজ একাই পর্যায়ক্রমে তার মামী ও মামাতো বোনকে হত্যা করেছে।

    প্রসঙ্গত, ৯ অক্টোবর রামগঞ্জ উপজেলায় উত্তর চন্ডীপুর গ্রামে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা ও মেয়ে কলেজছাত্রী মীমকে হত্যা করে। পরে ঘাতক পারভেজ বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরদিন ব্যবসায়ী মিজান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

  • বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

    বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

    দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতি ফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার আয়োজনে উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতি ফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির দিনাজপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৃত্তিকা ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, জাকের পার্টির জেলার সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন, জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রঘুনাথ চন্দ্র রায়, মহিলা ফ্রন্টের জেলার সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিউলি খাতুন, জাকের পার্টির বিরল উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, জাকের পার্টির বীরগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম।

    এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়

  • সংসদের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ, ভাঙচুর ধাওয়া পালটা-ধাওয়া

    সংসদের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ, ভাঙচুর ধাওয়া পালটা-ধাওয়া

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে।

    সকাল থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। পরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ভেতরে থাকা জুলাই যোদ্ধারাও বাইরে বের হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়।

    সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশের ধাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।

  • পুলিশের ধাওয়া খেয়ে গলিতে জুলাই যোদ্ধারা, সাউন্ড গ্রেনেড-ইট নিক্ষেপ

    পুলিশের ধাওয়া খেয়ে গলিতে জুলাই যোদ্ধারা, সাউন্ড গ্রেনেড-ইট নিক্ষেপ

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ স্বাক্ষর হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। এতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আমন্ত্রিত।এর আগে শুক্রবার দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে বিক্ষোভ করতে থাকে জুলাই যোদ্ধারা। পুলিশ তাদের সরে যাওয়ার আহবান জানায়। সরে না যাওয়ায় বল প্রয়োগের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জের ঘটনাও ঘটে।

    অপরদিকে, পুলিশ তাদের দিকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    পুলিশ ও এপিবিএন সদস্যরা মূল সড়কের মাঝখানে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন।উদ্দেশ্য তাদের ছত্রভঙ্গ করে দেওয়া।

    লালমাটিয়ার গলির পাশাপাশি মিরপুর রোডের কলাবাগান এলাকার দিকেও বেশকিছু জনতাকেও জুলাই যোদ্ধাদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।

    সকাল থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিলেন। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নং গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসে। এরপরই শুরু হয় সংঘর্ষ।

    পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

     

    পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।এর মধ্যে পুলিশের গাড়িও রয়েছে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।

    বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

    প্রসঙ্গত, আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদ স্বাক্ষর করবে না।

  • অভিযানে গিয়ে অবরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য

    অভিযানে গিয়ে অবরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপ-পরিদর্শকসহ (এসআই) ১০ সদস্যকে স্থানীয়রা আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তারাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করা হয়।

    স্থানীয়দের অভিযোগ, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযান পরিচালনাকারী দলটিকে ঘেরাও করে আটক রাখে। পরে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা রাসেদুল ইসলাম বলেন, বাজার থেকে এসে শুনি পুলিশ জুলহাস আর মজিদকে ধরেছে। কিছুক্ষণ পরই জানতে পারি টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

    আওলাদ হোসেনের স্ত্রী জানান, আমার ছেলেকে ধরে মারধর করছিল তারা। আমি বাধা দিলে ৫ হাজার টাকা আনতে বলে। পরে আমি টাকা দিয়ে দিই।

    এছাড়া স্থানীয় বিথী আক্তার অভিযোগ করেন, তল্লাশির সময় আমাদের ঘরে থাকা ৫০ হাজার টাকা আর শাশুড়ির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে।

    অভিযান পরিচালনাকারী এসআই রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুটি বাড়ি তল্লাশি করা হয়। কিছু না পেয়ে ফেরার পথে স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে আমাদের আটকে রাখেন।

    সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ২০ কলেজে পাস করেনি কেউই

    ২০ কলেজে পাস করেনি কেউই

    যশোর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় ২০ টি কলেজে একজন পরীক্ষার্থীও পাস করেনি। এরমধ্যে দু’টি কলেজে একজন করে পরীক্ষার্থী ছিল।

    যেসব কলেজে কেউই পাস করেনি সেই কলেজগুলো হচ্ছে, মেহেরপুরের গাংনীর বিএন কলেজ, খুলনার ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ, বাগেরহাটের মোরেলগঞ্জের সিংঝর গোপালপুর কলেজ, খুলনার গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মাগুরার রাউতাড়া এইচএন স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, মাগুরার মুহাম্মদপুরের কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ, সাতক্ষীরার আখরাখোলা আইডিয়াল কলেজ, যশোরের ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল, সাতক্ষীরা কমার্স কলেজ, খুলনার পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কুষ্টিয়ার আলহাজ এ.গনি কলেজ, মাগুরার মুহম্মদপুরের বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ, যশোরের চৌগাছার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ, যশোরের অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউশন, খুলনার তেরখাদার আদর্শ শিক্ষা নিকেতন ও যশোরের কেশবপুরের বুরুলি স্কুল অ্যান্ড কলেজ।

  • দুমকি উপজেলায়,  মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হাওলাদারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

    দুমকি উপজেলায়, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হাওলাদারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউপির ২নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান হাওলাদারকে পূর্ণ রাষ্ট্রী মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ আক্টোবর) সকাল সাড়ে ১০টায লেবুখালী ফেরিঘাট বায়তুল জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক রাস্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
    এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
    দুমকি থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আবুল মজিদ, মো, সোরাব শরীফ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
    বীর মুক্তিযোদ্ধা আব্দল মন্নান হাওলাদার বুধবার রাতে বার্ধক্যজণিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুল মন্নান দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

  • বেনাপোল বন্দরে ট্রাকে লুকানো উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

    বেনাপোল বন্দরে ট্রাকে লুকানো উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

    বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে লুকানো বিপুল পরিমাণ উইন্সেরেক্স (নেশাজাতীয়) সিরাপসহ আব্দুল মন্ডল (৩৫) নামে ট্রাকচালক আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।

    বুধবার বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি টহলদল বেনাপোল বিওপির আওতাধীন স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

    আটককৃত ট্রাকচালক আব্দুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বিজিবি সূত্রে জানা যায়, একইদিনে রঘুনাথপুর বিওপির অধিনস্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্তাসিম (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক মোন্তাসিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা গ্রামের আবু হামজার ছেলে।

    এছাড়া বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদ, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ আরও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

    বিজিবির হিসাবে, জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ২৫০ টাকা।

    এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক, চোরাচালানী পণ্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।