
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি অভিযানিক দল।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আসা র্যাব সদস্যরা গত ২১ এপ্রিল দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের হরতকিতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ কেজি গাঁজা, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার মতলব থানার মোহনপুর গ্রামের মৃত নায়েব আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর থানার মন্ডলপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় আটক দুইজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।


Leave a Reply