Author: তরঙ্গ টিভি

  • ঢাকা-৫ আসন ধানের শীষ পেলেন নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন

    ঢাকা-৫ আসন ধানের শীষ পেলেন নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৫ আসনে ধানের শীষে প্রতীক পেলেন মো. নবী উল্লা ও জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।

    বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে একটি চিঠি পেয়েছেন তারা।

    ঢাকা-৫ বিএনপির প্রার্থী মো. নবী উল্লা বলেন, গত ১৮ বছর পর নির্বাচনে করতে যাচ্ছি। আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য বসে আছে। আমি ঢাকা-৫ আসনে বাসিন্দা। জনগণ আমাকে ভালোবাসে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয়ী হব।

    প্রতীক পেয়ে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি সব জনগণকে অভিনন্দন জানাব। জুলাই আহতদের নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে।

  • নির্বাচনী নথি গায়েবের অভিযোগে উদ্বেগ প্রকাশ জামায়াত প্রার্থীর

    নির্বাচনী নথি গায়েবের অভিযোগে উদ্বেগ প্রকাশ জামায়াত প্রার্থীর

    ঢাকা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অফিস সংক্রান্ত একটি লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. আবদুল মান্নান। 

    তিনি অভিযোগ করেন, আইনজীবীর মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়া গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি রহস্যজনকভাবে উধাও হওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী অফিস সংক্রান্ত অনিয়মের অভিযোগ করেছেন তিনি।

    ড. আবদুল মান্নান বলেন, ব্রিফিংয়ের সময় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি একটি লিখিত অভিযোগ দেন। গত ১৪ জানুয়ারি জমা দেওয়া ওই অভিযোগে উল্লেখ ছিল—ঢাকা-৬ আসনের সবগুলো নির্বাচনী অফিস বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদের নিজস্ব ভবনে ভাড়া নেওয়া হয়েছে। অভিযোগপত্রটি রিসিভিং কপিসহ জমা দেওয়া হলেও আজ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই নথি দেখাতে পারেনি কেউ।

    তার অভিযোগ, সাধারণ শাখায় কর্মরত রবিউল নামের এক কর্মচারী ওই নথি সরিয়ে ফেলেছেন। বিষয়টি জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি বলেও দাবি করেন জামায়াত প্রার্থী। পরে পুনরায় আগের রিসিভিং কপি ফরওয়ার্ড করে নতুন করে আরেকটি রিসিভিং নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, একটি নির্বাচনী কার্যালয় থেকে আইনজীবীর মাধ্যমে জমা দেওয়া গুরুত্বপূর্ণ আইনি নথি কীভাবে গায়েব হয়ে যায়—এটা গুরুতর প্রশ্ন। এখনই যদি এমন অবস্থান থাকে, তাহলে অসাধু কর্মকর্তাদের মাধ্যমে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে—সে প্রশ্ন আমরা জনগণের সামনে তুলছি।

    এ বিষয়ে তিনি সিটি কর্পোরেশন (সিসি) কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রিটার্নিং কর্মকর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে ড. আবদুল মান্নান বলেন, তিনি আগেই বিষয়টি জানালে রিটার্নিং কর্মকর্তা তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে বিষয়টি আবারও তাকে অবহিত করা হবে বলে জানান তিনি।

  • ট্রাইব্যুনালে ফাঁসির আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

    ট্রাইব্যুনালে ফাঁসির আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।

    বুধবার (২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি। তার আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন।

  • এনবিআরের রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা

    এনবিআরের রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। যেখানে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা।

    ফলে বড় ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও অর্থবছরের প্রথম ৬ মাসে সোয়া ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

    এনবিআর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। একই সময়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকা।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

    পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, গত ছয় মাসে আয়কর খাতে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি ৫২ লাখ টাকা।

    অন্যদিকে শুল্ক বা কাস্টমস খাতে ৬৫ হাজার কোটি ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা। ঘাটতি ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা।

    আর ভ্যাট থেকে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা। আলোচ্য সময়ে শুল্ক, আয়কর ও ভ্যাট থেকে যথাক্রমে প্রবৃদ্ধির পরিমাণ ৬ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৬৭ শতাংশ ও ১৯ দশমিক ৯৭ শতাংশ।

    একক মাস হিসেবেও ডিসেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। আলোচ্য মাসে ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯ লাখ ৫ কোটি টাকার রাজস্ব। ডিসেম্বর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১০.২৫ শতাংশ। এছাড়া ডিসেম্বরে ৯ হাজার ৯৫০ কোটি টাকার শুল্ক, ১২ হাজার ২৬১ কোটি টাকা ও ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার আয়কর আদায় করে এনবিআর।

    চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।

  • নুরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতা মামুন

    নুরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতা মামুন

    মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন। নুরুল হক নুরের বিপক্ষে নির্বাচনী মাঠ ছাড়ছেন না তিনি।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

    জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি আনুষ্ঠানিক সমর্থন থাকলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে নুরুল হক নূরের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারেন হাসান মামুন। কারণ স্থানীয় বিএনপির একটি বড় অংশের সমর্থন তার পক্ষে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

    দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্র থেকে নেতাকর্মীদের নূরের পক্ষে কাজ করার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে দলের একাংশ তা সাংগঠনিকভাবে অনুসরণ করেননি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একই দিনে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

    এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন,‘জনগণের সঙ্গে আমার প্রতিজ্ঞা ছিল—আমি নির্বাচন করব। সেই প্রতিজ্ঞা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের মাঠে আছি। আমি রাজনীতি করি জনগণের জন্য, সবসময় তাদের পাশেই থাকব।’

    এরই মধ্যে নুরুল হক নূর ও হাসান মামুনসহ অন্যান্য প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উভয় ই অংশ নিচ্ছেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিভিন্ন মিলাদ মাহফিলে। পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্যে জানাচ্ছেন নিজেদের প্রতিশ্রুতি।

    বর্তমানে পুরো আসনজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পথ-প্রান্তর সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘নুর না মামুন- কে হবেন এমপি?’ এই প্রতিদ্বন্দ্বিতার কারণে পটুয়াখালী জেলার অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে পটুয়াখালী-৩।

  • ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

    ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

    মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এ সেবার উদ্বোধন করেন তিনি।

    জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে।

    আইন উপদেষ্টা বলেন, এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না।

    উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।

  • অচল পড়ে আছে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল, চুরি হয়ে গেছে সরঞ্জাম

    অচল পড়ে আছে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল, চুরি হয়ে গেছে সরঞ্জাম

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী এলাকায় নির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। ১৬ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের নভেম্বর মাসে।

    নির্মাণকাজ শেষে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পরেও, হাসপাতালটি চালু না হওয়ায় কামারখন্দ, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার পার্শ্ববর্তী এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

    জনবল ও নিরাপত্তা না থাকায় হাসপাতালটিতে একের পর এক চুরির ঘটনাও ঘটেছে। উপজেলার চৌবাড়ী বাজার পেরিয়ে আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত দোতলা সাদা ভবনটির ফটকে ঝুলছে পুরোনো তালা।

    ভেতরে ঢুকে দেখা যায়, চত্বরজুড়ে আগাছা, করিডোরে মাকড়সার জাল, ভাঙা জানালার কাচ ও ধুলাবালিতে ঢাকা কক্ষ। যেখানে থাকার কথা রোগীর শয্যা, সেখানে এখন ফাঁকা কক্ষ ও নীরবতা।

    হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ভেতরে প্রবেশ করে দেখা যায়, কোনো জনবল না থাকায় এটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

    এই সুযোগে চোরচক্র হাসপাতালের রান্নাঘরের পেছনের গেট দিয়ে ঢুকে দরজা ভেঙে ৫৫টি সিলিং ফ্যান, ৯০টি লাইট, প্রতিটি ইউনিটের সার্কিট ব্রেকার, ওয়াশরুমের স্যানিটারি ফিটিংস, একটি এসির আউটডোর ইউনিট, পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার, জেনারেটরের কয়েল, ব্যাটারি ও তামার তারসহ আনুমানিক ৪০ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।

    কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমিন উদ্দিন বলেন, ভবন খালি থাকায় প্রায় ৪০ লাখ টাকার চুরির ঘটনা ঘটেছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও জনবল সংকটে থাকায় সেখানে নাইটগার্ড দেওয়া সম্ভব হয়নি। পুলিশকে একাধিকবার মৌখিক অভিযোগ দেওয়ার পর লিখিত অভিযোগ করি। পরে সেটি মামলা হয়।

    কামারখন্দ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু সাঈদ বলেন, নিয়মিত চুরি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। সেখানে আমি গিয়েছিলাম। স্থানীয়রাও আমাদের অভিযোগ করেছে হাসপাতালে ভেতরে ঢুকে মাদকসেবন করা হয়।

    চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজ্জামেল হক বলেন, হাসপাতালটি চালু হলে শিক্ষার্থীরা চিকিৎসাসেবা পেত। কিন্তু এখন সবাই সেবা থেকে বঞ্চিত।

    কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরিদর্শন করেছি। জনবল না থাকায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, কামারখন্দের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই জনবল সংকট রয়েছে। এজন্য চৌবাড়ীর ২০ শয্যা হাসপাতালে জনবল দেওয়া সম্ভব হয়নি। চুরির ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

  • দাবি ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল

    দাবি ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল

    গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত-পাকিস্তান ওই সময় পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো গেছে।

    দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বছর সম্পন্ন করেছেন ট্রাম্প। এই এক বছর তিনি কি কি করেছেন সেগুলো তুলে ধরেছেন ট্রাম্প।

    গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি ১০ মাসে ৮টি অসমাপ্তযোগ্য যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান এবং ভারত, তারা সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে আগাচ্ছিল। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।”

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াশিংটনে গিয়ে যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ জানিয়েছিল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে ওয়াশিংটনে ছিলেন এবং বলেছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি বা তারও বেশি মানুষের জীবন রক্ষা করেছেন’।”

    এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামাতে ট্রাম্প সহায়তা করেছেন এমন দাবি অস্বীকার করে ভারত। তাদের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো হয়েছে। এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়নি।

    গত বছরের ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। সন্ত্রাসীরা সেখানে বেঁছে বেঁছে পুরুষদের হত্যা করে। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত গত ৭ মে পাকিস্তানে মিসাইল ছোড়ে। এরপর দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ বেধে যায়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

  • সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা (ভাইভা) ও চূড়ান্ত নিয়োগ হবে কি না– এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম শেষে শিগগিরই ফল প্রকাশ করা হতে পারে।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান বলেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।

    ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমাননির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি। ঠিক কবে ফল প্রকাশ হবে– এটা এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না– এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে।

    উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।

    পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে সেগুলো ফেসবুকে শেয়ারও করেন। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়।

    এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন ও রংপুরে দুজন রয়েছেন।

    প্রশ্নফাঁস ও অনিয়ম-জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন চাকরিপ্রার্থীদের একটি অংশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

  • ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

    ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।

    নির্বাচন কমিশন (ইসি) জানায়, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। অধিকাংশ প্রার্থী দলীয় হলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক। এর আগে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সেই তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হওয়ায় ওই দুই আসনের হিসাব আপাতত এই তালিকার বাইরে রয়েছে।

    এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। এছাড়া মঙ্গলবার শেষ দিন পর্যন্ত ৩০৫ জন সরে দাঁড়ানোয় এখন ভোটের মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

    রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার কঠোর নির্দেশনা দিয়ে কমিশন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারলেও সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে।

    উল্লেখ্য, পাবনা-১ ও পাবনা-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় সংশোধিত তফসিলে ভোটগ্রহণ করা হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী, গত রোববার এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দুই আসনের প্রার্থীরা নির্ধারিত সময়ে মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন।