Author: তরঙ্গ টিভি

  • ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা  দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি

    ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি

    ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে একটি নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

    রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এ উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএনসিসি। এতে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ।

    নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবেন। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের নিরবচ্ছিন্ন সংযোগ, দৈনিক গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া বাড়ির ছাদ, বারান্দা ও সামনের উন্মুক্ত স্থানে সবুজায়ন করবেন। অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পসহ বিভিন্ন ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি শতভাগ প্রদান করবেন।

    নির্দেশিকায় বলা হয়, ভাড়াটিয়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া দেবেন। বাড়িওয়ালা প্রতি মাসে ভাড়ার নির্দিষ্ট রশিদ দেবেন এবং ভাড়াটিয়া ভাড়া দেওয়ার সময় স্বাক্ষরযুক্ত লিখিত রশিদ সংগ্রহ করবেন। ভাড়াটিয়ার যেকোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। নিরাপত্তা/শৃঙ্খলা নিশ্চিত করতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে ভাড়াটিয়াকে জানাবেন এবং বাস্তবায়নের আগে সম্মতি নেবেন, দ্বিপাক্ষিক আলোচনায় যুক্তিসংগত সমাধান করতে হবে। মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন–জুলাই।

    নির্দেশিকায় আরও রয়েছে, ২ বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। ২ বছর পর মানসম্মত/দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়ার পরিবর্তন করা যাবে। নির্দিষ্ট সময়ে ভাড়া দিতে ব্যর্থ হলে বাড়িওয়ালা আগে মৌখিক সতর্ক করবেন ও তাগাদা দেবেন। তাতেও ভাড়া না দিলে সময়সীমা বেঁধে ২ মাসের মধ্যে বাড়ি ছাড়ার লিখিত সতর্কতামূলক নোটিশ দেবেন এবং পূর্ব স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন। আবাসিক ভবনের ক্ষেত্রে ভাড়া চুক্তি বাতিল করতে হলে ২ মাসের নোটিশে উভয় পক্ষ চুক্তি বাতিল করতে পারবেন। মানসম্মত ভাড়া নির্ধারণ ও বার্ষিক ভাড়া বৃদ্ধির পরিমাণ—সংশ্লিষ্ট এলাকার বাড়িভাড়ার বাজারমূল্যের ১৫ শতাংশ এর বেশি হবে না।

    নির্দেশিকায় উল্লেখ করা হয়, বাড়িওয়ালার সাথে লিখিত চুক্তিতে কোন শর্তে ভাড়া, করণীয় কী, চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা, কখন বাড়ি ছাড়বেন-এসব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ভাড়া নেওয়ার সময় ১-৩ মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে; স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া নির্ধারণে উভয় পক্ষের প্রতিনিধিরা সহায়তা করবেন। যেকোনো সমস্যা ওয়ার্ড/জোনভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতির আলোচনায় সমাধান করতে হবে। সমাধান না হলে পরবর্তীতে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানাতে হবে। নির্দেশিকাটি ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মেনে চলতে সচেতন করা এবং এ বিষয়ে কোনো অভিযোগ/জটিলতা সৃষ্টি হলে সিটি করপোরেশনের জোনভিত্তিক মতবিনিময় ও আলোচনা সভা করার কথা বলা হয়েছে।

  • শরীয়তপুর পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন।

    শরীয়তপুর পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন।

    শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সকল প্রকার নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন মোয়াজ্জেম হোসেন মিলন নামে এক ব্যক্তি।

    গত ১১ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা আবেদনে তিনি অভিযোগ করেন, পুলিশ সুপার রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তার দাবি, নড়িয়া ও সখিপুর থানার আওতাধীন জামায়াতের কর্মী-সমর্থক এবং জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করা ব্যক্তিদের আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। অপরদিকে অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট থেকেও বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করা হয়।

    আবেদনে আরও উল্লেখ করা হয়, পুলিশ সুপার রওনক জাহানের আপন চাচা মো. আবু তাহের তালুকদার নেত্রকোনা-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ায় নির্বাচনে পক্ষপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে শরীয়তপুর জেলায় একজন নিরপেক্ষ ও পেশাদার পুলিশ সুপার নিয়োগের দাবি জানান আবেদনকারী।
    এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

    অভিযোগের বিষয়ে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে অবগত নন।
    এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ তাহসিনা বেগম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী

    গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী

    দেশের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১,৩০০ টাকার আশেপাশে নির্ধারিত থাকলেও মাঠ পর্যায়ে তা ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের এই লাগামহীন কারসাজিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী।

    ​এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর চরম জুলুম। শ্রমিক, শ্রমজীবিসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আজ রান্নার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”
    ​তিনি আরও উল্লেখ করেন যে, অনেক ডিলার অধিক মুনাফার আশায় মজুধদারি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে প্রতিটি বিক্রয় কেন্দ্রে রশিদ প্রদান বাধ্যতামূলক করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান।

    এম.নুরুল হুদা চৌধুরী সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং বাড়তি দাম চাইলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত এই অস্থিরতা নিরসন করা না হয়, তবে শ্রমিক, শ্রমজীবিসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

  • গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে— জেলা প্রশাসক, গাজীপুর

    গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে— জেলা প্রশাসক, গাজীপুর

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ— জেলা প্রশাসক, গাজীপুরভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন করতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোটাররা যেন নির্ভয়ে ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য গণভোট সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

    গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। গণভোটের বিষয়টি সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা থাকতে হবে, যাতে তারা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন।

    কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দীন। তিনি বলেন, আমাদের যেমন পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি দেশের প্রতিও সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

    মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

  • চট্টগ্রামে মেয়রের পদত্যাগ দাবি এনসিপির

    চট্টগ্রামে মেয়রের পদত্যাগ দাবি এনসিপির

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। তাদের মতে, শাহাদাত হোসেন পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে না এবং নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

    সোমবার ১৯ জানুয়ারি নগরের ষোলশহর দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ এসব কথা বলেন।

    সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে ৩৩২ জন সন্ত্রাসীকে সিএমপি এলাকায় প্রবেশ না করতে এবং চট্টগ্রাম ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। এ তালিকায় চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যাকারী অনেক আসামি এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে।

    তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এই বিবৃতি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। কারণ, এটি আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনও দায়িত্বশীল বিবৃতি নয়; বরং এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর দায় এড়ানোর চেষ্টা পরিলক্ষিত হয়েছে। আমাদের প্রশ্ন হলো—যদি সিএমপির কাছে সন্ত্রাসীদের নাম, পরিচয় ও অবস্থান আগে থেকেই জানা থাকে, তাহলে তারা এখনও গ্রেফতার হচ্ছে না কেন?

    এনসিপি নেতারা বলেন, চট্টগ্রামবাসীর স্পষ্ট বক্তব্য হলো—আইনের শাসন মানে সন্ত্রাসীদের এলাকা বদলানোর সুযোগ দেওয়া নয়। আইনের শাসন মানে, সন্ত্রাসী যেখানেই থাকুক, তাকে খুঁজে বের করে গ্রেফতার করা। এনসিপি চট্টগ্রামসহ সারা দেশের সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছে। অন্যথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী, ভোটার ও চট্টগ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দলটি।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে ডা. শাহাদাত হোসেনের বহাল থাকা নিয়ে জনমনে অস্থিরতা এবং ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চসিক মেয়র পদটি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ। এই পদে অধিষ্ঠিত থেকে তিনি বিএনপি প্রার্থীদের বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন।

    এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থী রয়েছে। এই বাস্তবতায় বিএনপি মনোনীত একজন ব্যক্তি যদি মেয়র পদে বহাল থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

    এনসিপি নেতারা আরও বলেন, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ইতোমধ্যে তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। একই বাস্তবতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকেও পদত্যাগ করতে হবে।

    তারা দাবি করেন, ডা. শাহাদাত হোসেন আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের চট্টগ্রাম পলোগ্রাউন্ডের সমাবেশের সমন্বকয়ের দায়িত্ব পালন করছেন।

    তাদের বক্তব্যে বলা হয়, একজন সক্রিয় রাজনৈতিক দলের নেতা হয়ে মেয়র পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু চলতি মাসের ২৭ জানুয়ারি তার মেয়াদ পূর্ণ হচ্ছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে ভোটে প্রার্থীদের প্রচারণা শুরু হচ্ছে, সেহেতু এই বাস্তবতায় চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে হলে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন, জুবায়ের হোসেন, নিজাম উদ্দিন ও জসিম উদ্দিন ওপেল।

    এছাড়াও এনসিপি-চট্টগ্রাম মহানগর সদস্য মোহাম্মদ সোহরাব চৌধুরী, আজগর আলী আশিক, মোহাম্মদ আজাদ, এমদদুল হক ও মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

  • সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

    সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

    চট্টগ্রামের বাঁশখালীতে জাল ও সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

    মঙ্গলবার ২০ জানুয়ারি সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি সোমবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল থামার সংকেত প্রদান করে। বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী নদীর তীরে বোটটিকে রেখে লোকালয়ে পালিয়ে যায়। এসময় আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ২ হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ বোটটি জব্দ করে।

    পরবর্তীতে, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় । জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

    তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • বোয়ালখালী ঢাকা সমিতির সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল

    বোয়ালখালী ঢাকা সমিতির সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল

    ২০২৬-২০২৮ সালের জন্য বোয়ালখালী সমিতি ঢাকার ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ফিনিক্স ফাইন্যান্সঅ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান আনছারীকে

    শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বোয়ালখালী সমিতি ঢাকার সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মিলন কান্তি নাথ, আসিফ সিকদার, অসীম চৌধুরী, এমকে আলম, মোজাম্মেল হক চৌধুরী ও রীতেন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, জাবেদ রহমান, মো. তৌহিদুল ইসলাম ও প্রকৌশলী পল্লব দাস।

    কোষাধ্যক্ষ পদে শ্রী কল্লোল দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক পদে আলম ইশরাক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মিল্টন চৌধুরী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শ্রী প্রীতিশ কুমার বল এবং সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শ্রী বিশ্বজিৎ দত্ত মনোনীত হয়েছেন।

  • বৈষম্যহীন সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র ৪র্থ সম্মেলন  উদ্বোধন  করেন ড.নজরুন এহং হাফিজুল সভাপতি ও বাচ্চু সাধারণ সম্পাদক

    বৈষম্যহীন সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র ৪র্থ সম্মেলন উদ্বোধন করেন ড.নজরুন এহং হাফিজুল সভাপতি ও বাচ্চু সাধারণ সম্পাদক

    বৈষম্যহীন সমাজ গঠন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র চতুর্থ সম্মেলন। সম্প্রতি(রোববার) জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. নজরুল ইসলাম।খবর আইবিএননিউজ।                                   

    সম্মেলনে হাফিজুল হককে পুনরায় সভাপতি ও জাকির হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম।

    উদ্বোধনী বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশে বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যার সঙ্গে সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান ঘটেছে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চরিত্র পরিবর্তনের জন্য নানামুখী প্রচেষ্টা চলছে। এই অপ-রাজনীতির বিরুদ্ধে প্রগ্রেসিভ ফোরামকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

    সম্মেলনে সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে প্রথম পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রয়াত সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকবার্তা পাঠ করেন নতুন সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি।
    স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু ও সদস্য সচিব কল্লোল দাস।
    শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজাহিদ আনসারী, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি, মোশাররফ হোসেন সেন্টু, রানা ফেরদৌস, সাগর লোহানী, ডা. আজিজুল হক, জুলফিকার হোসেন বকুল, আলীম উদ্দিন, ওবায়দুল্লাহ মামুন, ক্লারা রোজারিও, মিনহাজ আহমেদ শাম্মু, তাহমিনা শহিদ, লিয়াকত আলী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি রানিয়া রেজা প্রমুখ।

    বক্তারা বলেন, “মানুষের মুক্তির সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে প্রগ্রেসিভ ফোরাম যে ভূমিকা রাখছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
    এরপর দ্বিতীয় সাংগঠনিক পর্বে সভাপতিত্ব করেন সহ-সভাপতি শামসাদ হুসাইন। অর্থ ও সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিরো চৌধুরী। পরে নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
    এছাড়া সম্মেলনের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা ও অতিথি শিল্পী রেজা রহমান।

    নতুন কার্যকরী কমিটিতে (২০২৫–২০২৭) রয়েছেন , সভাপতি হাফিজুল হক , সহ-সভাপতি শামসাদ হুসাইন, আশীষ রায়, সৈয়দ রেজাউল করিম, এডভোকেট শেখ আখতারউল ইসলাম, নুসরাত শাহ আজাদ, গিয়াসউদ্দিন বাবুল ,
    সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু , সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সুলেখা পাল , সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী , আন্তর্জাতিক সম্পাদক মিনহাজ আহমেদ শাম্মু , সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি , প্রকাশনা সম্পাদক সাকি সুবক্তগীন ,কোষাধ্যক্ষ বিপুল কুমার সাহা, কার্যকরী সদস্য ডা. আব্দুল হক, খান সামাদ, মিল্টন বড়ুয়া, ইলা চন্দ, কাকলি বিশ্বাস, ডা. মোর্শেদুল হাকিম শুভ্র, মোখলেস মুনতাসীর, খোরশেদুল ইসলাম, ডা. ওবায়দুল্লাহ মামুন, আলীম উদ্দিন, রীনা সাহা, ডা. আজিজুল হক, মুসাব্বির আলী, গাজী গোলাম মোস্তফা, তাহমিনা শহিদ, সঞ্জীবন সরকার, আব্দুল বারী, জুলফিকার হোসেন বকুল, লিয়াকত ইলাহি, কল্লোল দাস, প্রতিমা সরকার, আব্দুল্লাহ চৌধুরী ও আলমগীর কবির।

    এছাড়া গত ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার, নতুন কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ও সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী জানান,প্রচার সম্পাদকসহ আরও তিনজন সদস্য পরবর্তীতে অন্তর্ভুক্ত হবেন ।

  • ৫৬ মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তির দাবি মোবাইল বিজনেস কমিউনিটির

    ৫৬ মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তির দাবি মোবাইল বিজনেস কমিউনিটির

    দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে কারাবন্দি ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একইসঙ্গে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস।

    মানববন্ধনে তিনি বলেন, এনইআইআর বাস্তবায়নের নামে নেওয়া সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের জীবন ও জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

    সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে বহু ব্যবসায়ীকে হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে ৫৬ জন কারাবন্দি মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

    সংগঠনটির অন্যান্য নেতারা বলেন, গত ৩০ দিনের বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলন ও দোকান বন্ধ কর্মসূচির কারণে মোবাইল খাতে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রায় ২১ দিন শোরুম সম্পূর্ণ বন্ধ থাকায় হাজার হাজার কর্মচারী বেতন পাননি, অনেক ব্যবসায়ী দোকানভাড়া ও ব্যাংক ঋণের কিস্তি দিতে পারেননি এবং শিক্ষার্থীদের বেতন পরিশোধ করাও সম্ভব হয়নি।

    মোবাইল ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, টেকনিশিয়ান, গ্যাজেট ব্যবসায়ী ও ভোক্তাসহ পুরো ইকোসিস্টেমেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।

    তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে গত ১৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

    সামগ্রিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন বিবেচনায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের চলমান দোকান বন্ধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়। আগামী ২২ জানুয়ারি সারা দেশে সব মোবাইল শোরুম পুনরায় খোলা থাকবে।

    তারা অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি সিন্ডিকেটের পণ্য বিক্রি বন্ধ রাখার কর্মসূচি চলমান থাকবে। ওই সিন্ডিকেট এনইআইআরের নামে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

    মোবাইল ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো সহিংসতা বা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। আইন মেনে ব্যবসা করতে, কর দিতে এবং দেশের অর্থনীতিতে ন্যায্য ভূমিকা রাখতে চাই। একইসঙ্গে আগামীর নির্বাচিত সরকারের কাছে ব্যবসাবান্ধব ও জনবান্ধব নীতিমালা প্রণয়নের প্রত্যাশা করছি।

    মানববন্ধন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সোহেলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শতাধিক মোবাইল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লার যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল

    কুমিল্লার যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল

    কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় পুলিশ এই অভিযান চালায়। এ সময় দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে তারা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

    তিনি আরও বলেন, আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।