Author: তরঙ্গ টিভি

  • কুমিল্লার যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল

    কুমিল্লার যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল

    কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় পুলিশ এই অভিযান চালায়। এ সময় দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে তারা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

    তিনি আরও বলেন, আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

    চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

    জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

    রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

  • হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

    হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

    কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন গঠিত হবে।

    হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

    এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

    উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম এই রিট আবেদনটি করেছিলেন।

    আইনজীবীরা জানান, পূর্বে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল। এখন তাতে যুক্ত হয়েছে হোমনা। আর মেঘনাকে সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা-১ আসনে। কুমিল্লা-২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। আজকের রায়ের ফলে ইসির এই সিদ্ধান্ত বহাল থাকবে।

  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

    গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

    রাজধানীর গুলশানের একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি একটি বারের ড্যান্সার, এর পাশাপাশি পার্লারের ব্যবসা করতেন। এ ঘটনায় তার রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ। তিনি জানান, গতকাল শনিবার রাতে খবর পেয়ে নুসরাত রহমান মিম নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে আজ দুপুরের দিকে তার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

    তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহের মুখ, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাই। নিহত তরুণী পেশায় একজন ড্যান্সার ছিলেন এবং তার একটি নিজস্ব পার্লার ছিল। ইতোপূর্বে তার দুবার বিয়ে হয়েছিল এবং উভয় স্বামীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

    নিহত মিমের বড় বোন শাহিদা বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (মামলা নং-৩৭) দায়ের করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের রুমমেট নুসরাতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

    ময়নাতদন্ত শেষে মৃতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হবে। নিহত মিম ওই এলাকার মৃত শহীদ আলীর মেয়ে ছিলেন।

    নিহতের বড় বোন শাহিদা মামলার এজাহারে উল্লেখ করেন, আমার ছোট বোন সাদিয়া রহমান মীম বর্তমানে রাজধানীর কালাচাঁদপুরের পশ্চিমপাড়া পাকা মসজিদ সংলগ্ন ক-৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ২/বি ফ্ল্যাটে নুসরাত নামের এক তরুণীর সঙ্গে ভাড়া থাকতেন। আমার বোন ওই এলাকায় একটি পার্লার পরিচালনা করতেন এবং একটি বারে কাজ করতেন। তার সঙ্গে আমার নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ হতো এবং আমি ইতোপূর্বে বেশ কয়েকবার তার বাসায় এসেছি।

    গত ১৬ জানুয়ারি আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে তার সঙ্গে আমার মোবাইলে শেষ কথা হয়। ওইদিন রাতে তাকে ফোন দিলে মোবাইল বন্ধ পাই। পরদিন ১৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে আমার বোনের রুমমেট নুসরাতকে ফোন করলে তিনি জানান, তিনি দুই দিন আগেই গ্রামের বাড়ি চলে গেছেন এবং সাদিয়ার ব্যাপারে কিছু জানেন না।

    এজাহারে তিনি আরও উল্লেখ করেন, এরপর আমি ১৭ জানুয়ারি বিকেলে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ওই দিন রাত আনুমানিক ৯টার সময় আমার বোনের ভাড়া বাসায় পৌঁছে সেটি তালাবদ্ধ দেখতে পাই। তখন আমি বাড়ির মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে সাদিয়া রহমান মীমকে মৃত অবস্থায় দেখতে পাই।

    নিহতের বোনজামাই নূর নবী জানান, আমি খবর পেয়ে খাগড়াছড়ি থেকে দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে আসি। পরে জানতে পারি, আমার শালিকাকে কে বা কারা গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় আমার স্ত্রী শাহিদা বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেছেন।

    পারিবারিক তথ্যের বিষয়ে তিনি জানান, মিমের আগে দুবার বিয়ে হয়েছিল। তার প্রথম পক্ষের মারিয়া নামে ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

    নূর নবী আরও বলেন, ময়নাতদন্ত শেষে আমরা মরদেহ বুঝে পেয়েছি। তবে কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।

  • কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অভিযুক্ত জামায়াত সমর্থক

    কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ, অভিযুক্ত জামায়াত সমর্থক

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক জামায়াত সমর্থকের বিরুদ্ধে।

    রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্ত কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে তাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর কাউছার বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. কাউছার বলেন, আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।

    এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থান নেবো।

    নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, যারা পাথর নিক্ষেপ করে মানুষ মারে, যারা তেলের দাম না দিয়ে শ্রমিককে চাপা দিয়ে হত্যা করে এসব তাদের ষড়যন্ত্র। আমরা তীব্র নিন্দা জানাই।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম এজহার পাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) চলমান উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া অনুকূল নয়। বিষয়টি সমাধান ও দ্রুত স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে।

    এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

    একইসঙ্গে আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

    গত ১৮ জানুয়ারি দুই শিক্ষককে বহিষ্কারের আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান, বৈষম্যমূলক আচরণ, ইসলামের বিধান নিয়ে কটূক্তি এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে লায়েকা বশীরের বিরুদ্ধে। এছাড়া ক্লাস চলাকালে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এসব কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ শিক্ষার্থীদের কাছে রয়েছে বলেও জানান তারা।

  • যুবলীগ নেতার বাড়িতে এনসিপির প্রতিনিধি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

    যুবলীগ নেতার বাড়িতে এনসিপির প্রতিনিধি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

    চাঁদা দাবি করায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে খুলনা নগরের সোনাডাঙ্গার নেসার উদ্দিন সড়কের একটি বাড়িতেছবি :

    খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে এনসিপির প্রতিনিধি পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

    গতকাল সোমবার বিকেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিন সড়কে শফিকুল ইসলামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।

    শফিকুল ইসলামের বাড়ি থেকে তিনজনকে আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তাঁদের জিজ্ঞাসা করছেন কেন তাঁরা ওই বাড়িতে এসেছেন। জবাবে আটক ব্যক্তিদের একজন বলেন, তাঁদের কাছে খবর ছিল যে সেখানে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবস্থান করছেন। তিনি দাবি করেন, বিষয়টি এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়কারীর কাছে জানিয়েছেন।

    শাহনাজ পারভীন বলেন, ‘প্রথমে ওই তিনজন বাসা ভাড়া হবে কি না, জানতে আসেন। পরে তাঁরা নিজেদের এনসিপির প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, কেন্দ্রীয় নেতারা তাঁদের পাঠিয়েছেন। তাঁরা ঘরে ঢুকে নানা কথা বলতে থাকেন এবং এক পর্যায়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমার বাবা টাকা দিতে অপারগতা জানালে তাঁরা দুর্ব্যবহার শুরু করেন। তখন আমি গোপনে পুলিশকে খবর দিই।’

    এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, গ্রেপ্তার তিনজন দলের সদস্য নন এবং তাঁদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। জাতীয় নাগরিক পার্টি সব ধরনের চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

    সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বোয়ালখালী ঢাকা সমিতির সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল

    বোয়ালখালী ঢাকা সমিতির সভাপতি মহসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল

    ২০২৬-২০২৮ সালের জন্য বোয়ালখালী সমিতি ঢাকার ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ফিনিক্স ফাইন্যান্সঅ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান আনছারীকে।

    শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বোয়ালখালী সমিতি ঢাকার সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মিলন কান্তি নাথ, আসিফ সিকদার, অসীম চৌধুরী, এমকে আলম, মোজাম্মেল হক চৌধুরী ও রীতেন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, জাবেদ রহমান, মো. তৌহিদুল ইসলাম ও প্রকৌশলী পল্লব দাস।

    কোষাধ্যক্ষ পদে শ্রী কল্লোল দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক পদে আলম ইশরাক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মিল্টন চৌধুরী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শ্রী প্রীতিশ কুমার বল এবং সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শ্রী বিশ্বজিৎ দত্ত মনোনীত হয়েছেন।

  • গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

    গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের বিষয়ে যেন সবাই অবগত হতে পারেন সেই বিষয়ে ” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন,পুলিশ সুপার শরিফ উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের সকলের যেমন পরিবারের উপর দায়িত্ব রয়েছে; তেমনি আমাদের এই দেশের প্রতিও সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবাই তার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আমাদের এই দেশটি সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার সকল পেশাজীবী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।

  • পটুয়াখালী ভার্সিটিতে, জিয়া উর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত ।

    পটুয়াখালী ভার্সিটিতে, জিয়া উর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত ।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অদ্য বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

     

    বিশ্ববিদ্যালয় ইউট্যাব,জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান,জিয়া পরিষদ পবিপ্রবি’র কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।সভা পরিচালনা করেন ড.এবিএম সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,” শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার মত আদর্শবান রাজনীতিবিদ বর্তমানে বড়ই অভাব। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি কাজ করে গেছেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আবদুল কুদ্দুস।।