Author: তরঙ্গ টিভি

  • সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

    সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

    ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য। রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

    বাবু লাল বৈদ্য জানান, নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

    কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

  • সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

    সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

    কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

    সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা অবস্থান করছেন এবং জাহাজটি পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

    পর্যটক নিরাপত্তা নিশ্চিত ও যাত্রা চালু থাকবে কিনা—তা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

  • কপাল মন্দ, যশোরে বিএনপির রাজনীতিঃ কলমের এক খোঁচায় থমকে গেল ৩ প্রার্থীর প্রচার-প্রচারণা

    কপাল মন্দ, যশোরে বিএনপির রাজনীতিঃ কলমের এক খোঁচায় থমকে গেল ৩ প্রার্থীর প্রচার-প্রচারণা

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে মধ্যে সংখ্যা মনোনয়নপত্র হাতে পাওয়ার পর স্বপ্ন বুনেছিলেন বিজয়ের। এলাকায় নেমেছিলেন পোস্টার, মিছিল আর গণসংযোগে।

    কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হলো কেন্দ্রীয় নেতৃত্বের কলমের এক খোঁচায়। যশোরে বিএনপির তিনটি আসনে হঠাৎ প্রার্থী বদলের সিদ্ধান্ত শুধু ব্যক্তি নয়, পুরো জেলা রাজনীতির শক্তির সমীকরণ ও কেন্দ্র–তৃণমূল সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরেছে।

    বুধবার (২৪ ডিসেম্বর) একদিনেই যশোরের ছয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। দুপুরে যশোর-৫ (মণিরামপুর) আসনে পরিবর্তনের পর রাতে বদলে যায় যশোর-১ (শার্শা) ও যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী। রাজনৈতিক মহলে একে দেখছেন ‘শেষ মুহূর্তের কৌশলগত পুনর্বিন্যাস’ হিসেবে।

    যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়ে দেড় মাস ধরে মাঠ চষে বেড়িয়েছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পোস্টার, সভা-সমাবেশ আর নেতাকর্মীদের ব্যস্ততায় মনে হচ্ছিল, টিকিট প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে যায়। কেন্দ্রীয় সিদ্ধান্তে চূড়ান্ত মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ। এতে প্রশ্ন উঠেছে—দীর্ঘ প্রচারণা আর কেন্দ্রীয় পরিচয়ও কি এখন আর মনোনয়নের গ্যারান্টি নয়?

    শার্শা আসনেও চিত্র প্রায় একই। কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিক মনোনয়ন পেয়ে ব্যাপক গণসংযোগ চালালেও শেষ পর্যন্ত টিকিট যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের হাতে। শুরু থেকেই তৃপ্তির বিপক্ষে একাট্টা ছিলেন স্থানীয় নেতারা। পর্যবেক্ষকদের মতে, এখানে জয়ী হয়েছে তৃণমূল ঐক্য, হেরেছে কেন্দ্রীয় প্রভাব।

    অন্যদিকে যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রার্থী বদল আরও বড় রাজনৈতিক বার্তা দিয়েছে। বিএনপির নিজস্ব প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালকে সরিয়ে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল বিএনপির মধ্যে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। নেতাকর্মীদের একাংশ বলছেন, ‘জোটের রাজনীতির বোঝা বইতে গিয়ে নিজেদের শক্ত ঘাঁটিতেই ফাটল ধরছে।’

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোরে এই তিনটি সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে বিএনপির নতুন কৌশল—একদিকে তৃণমূল নেতৃত্বকে গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ বিরোধ ঠেকানো, অন্যদিকে জোটের সমীকরণ ঠিক রাখতে কিছু আসনে ছাড় দেওয়া।
    তবে এর ঝুঁকিও কম নয়। যারা মনোনয়ন হারিয়েছেন, তাদের সমর্থকরা ভোটের মাঠে কতটা সক্রিয় থাকবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

    সব মিলিয়ে, যশোরে বিএনপির মনোনয়ন নাটক দেখিয়ে দিল—রাজনীতিতে শুধু মাঠের পরিশ্রম নয়, শেষ সিদ্ধান্ত নির্ধারণ করে কেন্দ্রীয় কলম। আর সেই কলমের এক খোঁচায় মুহূর্তেই বদলে যেতে পারে মাসের পর মাসের হিসাব-নিকাশ।

  • সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

    সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

    জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের খবরে ফটকের বাইরে অবস্থান করছেন দলীয় নেতা-কর্মীরা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা আছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    আজ শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

    ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দলটির সব প্রস্তুতি আছে। নিরাপত্তার স্বার্থে নেতা-কর্মীদের অধিকাংশ স্মৃতিসৌধের বাইরে অবস্থান করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সব পদক্ষেপ নেওয়া হবে।

    দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন ও ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানকে নেতা-কর্মীদের নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

    আসাদুজ্জামান মোহন বলেন, ‘আজ আমাদের সুযোগ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর। দিনটি সাভারবাসীর জন্য ভীষণ আনন্দের। তাঁকে স্বাগত জানাতে আমরা পুরোপুরি প্রস্তুত।’

    নিরাপত্তাব্যবস্থা নিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

    ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নেতা-কর্মীদের গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি।

  • তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন

    তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। দেশে ফেরার একদিন পর শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবার (জিয়াউর রহমান) কবর জিয়ারত করবেন।

    তিনি সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

    সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদফতর স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করেছে।

    তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেয়ার কথা জানান তারা।

    এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য নিরাপত্তার বিষয়টি দেখভাল করা হচ্ছে।

    শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের গণজমায়েতের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

    এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

    পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।

  • দুমকিউপজেলায়,  পায়রা সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের ধাক্কায় টোলকর্মী গুরুতর আহত।

    দুমকিউপজেলায়, পায়রা সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের ধাক্কায় টোলকর্মী গুরুতর আহত।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় বাসের ধাক্কায় টোলকর্মী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন।

    বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বাউফলগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৩০৩) তাকে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় দায়িত্ব পালনকালে দাঁড়িয়ে থাকা সহিদুল ইসলামকে বাসটি ধাক্কা দিলে তিনি ছিটকে আইল্যান্ডের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
    দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ড্রাইভারকে গন দোলাই দিয়ে আটক করে পুলিশে খবর দেয়।
    দুমকি থানার এসআই সুমন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি বলেন, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • ডামুড্যায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিটা বার্ষিকী উদযাপন।

    ডামুড্যায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিটা বার্ষিকী উদযাপন।

    জাঁকজমকপূর্ণ পরিবেশে ডামুড্যায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
    বুধবার (২৪ ডিসেম্বর’) সকাল ১০ টায় ডামুড্যা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম খোকন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক নুর ইসলাম ।

    এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, দৈনিক হুংকার এর বার্তা সম্পাদক হারুন অর রশিদ,নিউজ ২৪ জেলা প্রতিনিধি মোঃ নুরুল আমিন রবিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি মোহাম্মদ ছগির হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাকিল আহমেদ, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি, রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ জেলা প্রতিনিধি মোঃ মিরাজ শিকদার, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি নানু মৃধা, দৈনিক ক্রীত্তিনাশা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন,। ডামুড্যা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক বুলেটিন এর উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সিকদার সাপ্তাহিক বালুচর সিনিয়র রিপোর্টার মিতালী শিকদার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

  • সীমান্ত হতে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ

    সীমান্ত হতে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চোখ ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করছে

    তবে এ সকল অপতৎপরতা প্রতিরোধে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর গভীর রাত হতে (২৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত এই ব্যাটালিয়নের সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ২০ হতে ২৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ এবং ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছে। এ সকল অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৭৭২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

  • পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য: রাষ্ট্রদূত মুশফিক

    পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য: রাষ্ট্রদূত মুশফিক

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হোয়াইট হাউস, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া ওই পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। তিনি মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

    তিনি লেখেন, ‘স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছেWe have a plan। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা।’

    রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মতেতারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা প্রতিফলিত হচ্ছে, তা কেবল আবেগনির্ভর নয়; বরং পরিকল্পনা, স্পষ্ট দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন

    পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘A leader with a plan, a people with a mandatechange is inevitable।’

     

     

    অর্থাৎ পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য বলে মন্তব্য করেন তিনি।

  • গেস্ট হাউজ থেকে নারীসহ আটক ৪২

    গেস্ট হাউজ থেকে নারীসহ আটক ৪২

    গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকার একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪২ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আটকদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গেস্ট হাউজটি থেকে ১৯ নারী ও ২৩ পুরুষকে আটক করা হয়।

    আটকরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মৃত সচীন্দ্র নাথ বর্মনের ছেলে দিলীপ কুমার (৩৫), দিনাজপুর জেলার মোহনপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. বাবু হোসেন (২৩), বরগুনা জেলার তালতলী থানার ছোট কাইজরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইলিয়াস (৩০),

    সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধপাপাড়া গ্রামের তোছির উদ্দিনের ছেলে আব্দুল বাকী (৩৫), ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সাজু বেপারী ছেলে মো. মনির হোসেন (৩৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার জয়নন্দব গ্রামের শামসুল হকের ছেলে মো. ফরিদ হোসেন (৩১), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিরালপুর গ্রামের সজল চন্দ্র সিংহের ছেলে সাজন চন্দ্র সিংহ (৩৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাকরকান্দী উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে মাসুদ রানা (৩৫), গাইবান্ধা জেলার সদর থানার মৃত আব্দুস সোবহানের ছেলে এরশাদুল মন্ডল (২৭), ফেনী জেলার সদর থানার সোনাপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩২), গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফুর এলাকার মাজেদা বেগমের ছেলে মাসুদ আহম্মেদ টুটুল (২৯), মাদারীপুর জেলার ডাসা থানার বালি গ্রামের চুন্নু সিকদারের ছেলে তাওহিদ ইসলাম (২৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. ছানোয়ার হোসেন (৩৫), গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ফেলামিনের পাগার গ্রামের মৃত মোক্তার আহমেদের ছেলে শাহাদাৎ হোসেন শাহীন, চাঁদপুর জেলার সদর থানার যাদনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মোতালেব (৩৫), টাঙ্গাইল জেলার

    মির্জাপুর থানার লতিফুর গ্রামের মোস্তফার ছেলে মো. রুবেল হোসেন (৩০), মাগুরা জেলার সদর থানার আলকদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩৫), ফরিদপুর জেলার বাবুফদিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে শাকিল (২২), চাঁদপুর জেলার সদর থানার বাকুরপুর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আমানউল্লা (৩২), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রায়তাতেরকাঠী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হারুন অর রশিদ (৩৬), টাঙ্গাইল জেলার মধুখালী থানার মহিষ মারা গ্রামের সফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৩), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার সৈয়দপুর গ্রামের সাজেদুলের ছেলে শাহ আলম (২৩), চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানীলপুর গ্রামের মনোমিয়ার ছেলে মো. মাসুদ (৩৪), মাগুরা জেলার সদর আলকদিয়া গ্রামের হাবিবের মেয়ে ফারিন (১৯), চাঁদপুর জেলার মতলব থানার বাইশপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে পারুল বেগম (২২), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে তাছফিয়া (১৯), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ভাওয়ালীয়াপাড়া

    গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সুরাইয়া (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলজুরি গ্রামের মৃত আলম হাওলাদারের মেয়ে হাফসা (২০), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনার গ্রামের তৈয়ব আলীর মেয়ে মর্জিনা (২৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার টালিপাড়া গ্রামের সালামের মেয়ে মনি (৩৫), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সহিলা গ্রামের চান মিয়ার মেয়ে শিল্পী (৩৫), ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর মেয়ে ফাহিমা (৩২), দিনাজপুর জেলার বিরন থানার নিজাম পুর গ্রামের হোসেন আলীর মেয়ে বিথী (৩০, শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামের আজিজুর রহমানের মেয়ে আখি (২১), সিরাজগঞ্জ জেলার তালাশ থানার বড় সাজ দক্ষিণা গ্রামের ইসমাইলের মেয়ে ইসমত আরা (২১), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যোগীচালা গ্রামের রাহুল বর্মনের মেয়ে বৃষ্টি রানী (২৭), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার দশীয়া মোমেনপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ইয়াসমিন (১৯), কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লা তাসরিয়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে শিলা (২৬), নেত্রকোনা জেলার আটপাড়া থানার মাটি সালকী কাটা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে জোসনা (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার পাইককান্দী গ্রামের মকতুমীরের মেয়ে খাদিজা (৩৭), নীলফামারী জেলার জলঢাকা থানার বাবুনচুর গ্রামের হোসেন আলীর মেয়ে নাজমা (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর ইউনিয়নের সিদ্দিক মিয়ার মেয়ে মীম (২২)।

    এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।