Author: তরঙ্গ টিভি

  • ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: ডিএমপি কমিশনার

    ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: ডিএমপি কমিশনার

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জানুয়ারি মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।

    শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।’

    তিনি জানান, এ পর্যন্ত মামলার তদন্তে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।

    ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘এই মামলার বিষয়ে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে এবং তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব, সেটুকুই আজ আপনাদের জানিয়েছি। আগামীকাল ডিবির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান বিস্তারিতভাবে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।’

  • ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ

    ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম।

    রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান।

    মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।

    এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জানুয়ারি মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।

    ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।

  • বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের ২ সর্মথক গ্রেপ্তার

    বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের ২ সর্মথক গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২৫) নামের এক তরুণকে বিদ্যুতের খুটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের ও জামায়াতে ইসলামীর দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

    আহত যুবক আবু সুফিয়ান সিজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, শাহ আলম (২২) ও তার ভাই আবদুর রাজ্জাক (২৩)। তাদের বাড়ি শ্যামপুর খোচপাড়া গ্রামে। রাজ্জাক একটি মাদরাসার শিক্ষক ও উমরপুর ঘাটে তার ওষুধের দোকান আছে। সেই দোকানের কাছেই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এছাড়া তারা দুইজন জামায়াতের কোনো পদ পদবিতে না থাকলেও দলটির মিছিল ও সভা সমাবেশে অংশগ্রহণ করতেন বলেও স্থানীয়ভাবে জানা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানের ফুফাতো ভাইয়ের মেয়ের সঙ্গে পাশের এলাকার মোস্তাক নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল এবং প্রেমের সম্পর্ক করে তারা পালিয়ে বিয়েও করে। পরে মেয়ের বাবা (সুফিয়ানের ফুফাতো ভাই) মেয়েকে নাবালক দেখিয়ে আদালতে মামলা করে। এতে মেয়ে ও ছেলে উভয়কে জেলে পাঠানো হয়। পরবর্তীতে মেয়ে তার বাবার কাছে ফিরে আসতে চাইলে আদালতের মাধ্যমে মেয়েকে জামিন দেওয়া হয়। এরপর থেকে সুফিয়ানের ভাতিজি তাদের বাড়িতেই থাকে। কিছু দিন থেকে সেই মোস্তাক আবারও সুফিয়ানের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে এবং একপর্যায়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে যেতে চায়। এতে সুফিয়ান বাধা দেয় এবং মোস্তাকের সঙ্গে তার হাতাহাতি ও কথাকাটা কাটি হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে উভয়পক্ষকে থামানো হয়। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুফিয়ান উমরপুর ঘাটের সাকোর ওপর দাঁড়িয়ে ছিলেন। এই সময় অভিযুক্ত কয়েকজন মিলে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়িভাবে কোপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। বর্তমানে আবু সুফিয়ান সিজু রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু গণমাধ্যমকে জানান, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। তাদের মধ্যে বিষের দোকানদার আব্দুর রাজ্জাক, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

    এদিকে এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    অপরদিকে আরও জানা যায়, আবু সুফিয়ান সিজু আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার। তার নামে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজারে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাস বিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোপাল চন্দ্র মন্ডল বলেন, আবু সুফিয়ান সিজুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুইজন আসামি গ্রেপ্তার আছে। এছাড়া আবু সুফিয়ান সিজুর নামেও থানায় একটি মামলা আছে বলেও জানান তিনি।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, আবু সুফিয়ান সিজুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না তা জানি না। তাদেরকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক মামলা না। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

    যা বলছেন স্থানীয় জামায়াত

    আবু সুফিয়ান সিজুর ওপর হামালার ঘটনায় জামায়াতের নাম জড়ানোর ঘটনায় প্রতিবাদ জানায়েছে দলটি। শনিবার (২৭ ডিসেম্বর)  শিবগঞ্জ উপজেলা জামায়াতে আমির মাওলানা সাদিকুল ইসলাম ও সেক্রেটারি মো. বাবুল ইসলাম এই প্রতিবাদ জানান।

    প্রতিবাদে জামায়াত জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় সিজু নামীয় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে বাংলাভিশন টেলিভিশন ও অনলাইন এবং জনমত বিডিসহ কয়েকটি সংবাদ মাধ্যমে ‘শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা’ মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটি আমাদের নজরে এসেছে। জামায়াত ও শিবিরকে জড়িয়ে আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    স্থানীয় সূত্রে জানা যায়, আহত সুফিয়ান একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত। ইতোমধ্যেই তার অপকর্মে অতিষ্ঠ বেশ কিছু ব্যক্তি মানববন্ধন করে তা থেকে মুক্তি ও তার বিচার দাবি করেছে । এই অনাকাঙ্খিত ঘটনা তার ব্যক্তিগত অপকর্মেরই প্রতিফল কিনা তা খতিয়ে দেখা উচিত। তাছাড়া সংবাদে ‘চাঁদা না পেয়ে হামলা করা হয়েছে’ এমন উদ্ভট কথাও লিখা হয়েছে যা সম্পূর্ণ হাস্যকর। কেননা জামায়াত-শিবিরের সঙ্গে চাঁদাবাজির দূরতম কোনো সম্পর্ক নেই সেটি দেশবাসী ভালোভাবেই জানে। বরং আহত সুফিয়ান নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ যার স্বপক্ষে ভুক্তভোগীরা নিজেরা মানববন্ধনে বক্তব্য দিয়েছে। তারপরও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমীচীন নয়, অতএব উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি । আমরা বলতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলাবাসী জামায়াতে ইসলামীর পক্ষে যে জনমত গড়ে উঠেছে এতে ঈর্ষান্বিত হয়ে একটা মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে এটি তারই অংশ। আমরা সব সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কোনো তথ্যের সত্যতা যাচাই না করে এমন অসত্য সংবাদ প্রকাশ না করার এবং তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে আরো সচেতনতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি ।

    শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুইজন জামায়াতের সর্মথক। তবে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নই। তাদেরকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। এছাড়া আবু সুফিয়ান সিজু এলাকায় ঘৃণিত ব্যক্তি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার নামে চাঁদাবাজি ও ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

  • ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

    ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

    রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রোববার (২৮ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

     

     

    সকাল ১০টা ৩০ মিনিট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে জাসাস নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন।

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে ঠাকুরগাঁও যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    • কক্সবাজার যাবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

    মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

    • সকাল ১০টা : বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

  • প্রাথমিক শিক্ষকের এক পদের জন্য লড়বেন ৭৫ প্রার্থী, জরুরি নির্দেশনা

    প্রাথমিক শিক্ষকের এক পদের জন্য লড়বেন ৭৫ প্রার্থী, জরুরি নির্দেশনা

    আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় নেওয়া হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

    অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

    প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

    ০১. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে (সকাল ৯টার মধ্যে) কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না।

    ০২. কেন্দ্রে প্রবেশের সময় নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে। প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।

    ০৩. ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কানে কোনো ‘স্পাইক ইয়ারফোন’ আছে কি না, প্রয়োজনে তা টর্চলাইট দিয়ে চেক করা হবে।

    ০৪. পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    ০৫. প্রার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে যা কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র- উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে; প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না।

    এদিকে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে।

    পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ব্যতীত অন্য কারও মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকবে না। ভুয়া পরীক্ষার্থী বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হবে।

  • রোববার ৮ বিভাগে অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

    রোববার ৮ বিভাগে অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

    শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করার দাবিতে ইনকিলাব মঞ্চ আগামী রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।

    সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আজ এখানে এসেছেন, তারা যেন আগামীকালও ঠিক ১১টায় শাহবাগে উপস্থিত হন এবং ইনসাফের এই লড়াই অব্যাহত রাখেন। তিনি সতর্ক করেন, কোন প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

    জাবের দাবি করেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের ভারতীয় প্রভাব থেকে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে তিনি তাকে মানবেন না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো ধরনের আপোস করবেন না।

    বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে, যেমন তারা দাবি করছে ইনকিলাব মঞ্চ ‘যমুনা ভবন ঘেরাও’ করার পরিকল্পনা করছে, যা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনও মিডিয়ার খবরের ওপর ভরসা করা যাবে না।

    জাবের আরও জানান, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে রয়েছেন। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘যদি আমরা শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন?’ উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, যে বার্তা দিল আবহাওয়া অফিস

    পৌষের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছিল শীতের দাপট। দ্বিতীয় সপ্তাহে এসে দেশজুড়ে যেন জেঁকে বসেছে শীত।

    কুয়াশার চাদরে মোড়ানো আকাশে ক্ষণিকের সূর্য এসেও থাকছে নিভুনিভু। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এর সঙ্গে কয়েকদিন ধরে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। আগামী জানুয়ারি মাসে শীতের এ প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

    আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার এবং মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

    শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা ছিল। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা দেখা গেছে। ঢাকা ও আশপাশের এলাকায় সকালের দিকে হালকা ও মাঝারি ধরনের কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও দুপুরের পরই তা আবার আড়াল হয়ে যায়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো পূর্বাভাসে বলা হয়, আজ সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। শনিবার রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর হিমেল বাতাসে রংপুর অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝ নদীতে আটকে পড়েছে শত শত নৌযান। ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

    যশোর: টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যশোর শহরের লালদীঘি পাড়ে প্রতিদিন ৩ থেকে ৪শ মানুষ শ্রম বিক্রির জন্য জড়ো হয়ে থাকেন। প্রচণ্ড শীতে সেই সংখ্যা অর্ধেকে এসে দাঁড়িয়েছে। তবে তারপরও কাজ না পাওয়ায় অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। কিছু মানুষ অনেক বেলা অবধি অপেক্ষা করছেন কাজের আশায়। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। জ্বর, হাঁচি, কাশিসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।

    রাজশাহী: রাজশাহীসহ আশপাশের অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল থেকে উত্তর থেকে আসা হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জীবনযাত্রা। রাজশাহী আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এটাই প্রথম শৈত্যপ্রবাহ। শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষ। শনিবার সকালে সূর্যের আলো এক ঝলক উঁকি দিলেও ৩০ মিনিটের মধ্যেই তা উধাও হয়ে যায়। রাজশাহীতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

    রংপুর: রংপুরে এক সপ্তাহ ধরে তীব্র শীত ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে হাড় কাঁপানো শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় কর্মজীবী পরিবারগুলো কাজে বের হতে পারছে না। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। রংপুরের আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।

    রংপুর অফিসের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান বলেন, গত ২০ ডিসেম্বর থেকে রংপুরে ঘন কুয়াশা পড়া শুরু হয়েছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫০ এবং সর্বোচ্চ ১৭ দশমিক ৫-এর মধ্যে রয়েছে। আজ থেকে কুয়াশার প্রকোপ কমবে, সেই সঙ্গে শৈত্যপ্রবাহের দিকে যাবে আবহাওয়া পরিস্থিতি।

    ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পড়েছেন বিপাকে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন ১১ দশমিক .২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    বরিশাল: ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে শত শত নৌযান। এতে করে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে গন্তব্যে পৌঁছায় যাত্রীরা। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য। তিনি জানান, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, চলাচলরত লঞ্চ ও অন্যান্য নৌযানকে যে যেখানে রয়েছে, সেখানেই নিরাপদভাবে নদীর তীরে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

    রাজবাড়ী ও গোয়ালন্দ: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক করা হয়েছে। অতিমাত্রায় কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিসি শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং রাত সোয়া ৮টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে রাত ৮টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

  • প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

    দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।  শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।

    এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

    ১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।

    ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্যে থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

  • অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

    অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

    দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে ২০২৬ সালের জন্য দৈনিক যুগান্তরের হাসান শরীফকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।

    নতুন কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ।

    যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ এবং সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব।

    অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল ও বার্তা টোয়েন্টিফোর ডটকমের মানসুরা চামেলী।

    এর আগে এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হাসান শরীফ। সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মঈন বকুল এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল। পরে উত্থাপিত প্রতিবেদনগুলোর ওপর আলোচনা শেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান।

    তিনি বলেন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের মঞ্জুরুল হক, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন ইনচার্জ) আতাউর রহমান ও মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, দৈনিক ইত্তেফাকের রিজুয়ানা রিন্তী, বৈশাখী টেলিভিশনের এইচ এম নাহিয়ান, নয়া দিগন্তের মোস্তাফিজুর রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের যাকারিয়া ইবনে ইউসুফ ও মৌসুমী সুলতানা, সময় টেলিভিশনের সায়েদুল মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের হাসনাত কাদীর, চ্যানেল ২৪-এর মাজহার খন্দকার, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মওদুদ সুজন, এখন টিভির আনিসুর সুমন, দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন ও তানভীর খন্দকার, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের এস এম আমিনুর রহমান এবং যুবরাজ ফয়সাল, আরটিভির আবু আজাদ, আলোকিত বাংলাদেশের হাসান আল বান্না ও জিটিভির মাহমুদ সোহেল।

  • শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

     

    রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

    গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দেন। আজ শপথ গ্রহণের দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে।

    বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যান। এদিন তার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়।

    নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

    ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।