Author: তরঙ্গ টিভি

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৫ লাখ ৫৫ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৫ লাখ ৫৫ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। পাশাপাশি সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।

    তিনি আরও বলেন, প্রতিটি স্ট্রাইকিং ফোর্স টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এতে করে সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    অনুষ্ঠানের কুচকাওয়াজ পর্বে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানের শেষ পর্বে আনসার সদস্যদের কয়েকটি টিম শারীরিক সক্ষমতার কসরত ও আপৎকালীন উদ্ধার তৎপরতার প্রদর্শনী তুলে ধরে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

  • সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে  চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ জানুয়ারি, সোমবার, বিকাল চারটায় নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ হাউজিং সোসাইটির মুক্তিযোদ্ধা কলোনীতে বীর মুক্তিযোদ্ধা প্রগতি সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধ বি কম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, সাংবাদিক নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মো. মুজিবুর রহমান প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবনজয়ী যুদ্ধের কারণে আজকের বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশ যতদিন থাকবে, তাঁদের অবদান ও কীর্তি অক্ষয়-অমর হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধারা সহযোগিতা-সম্মান জানাতে পেরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন গর্বিত।
    আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদসদের হাতে কম্বল তুলে দেন।

  • অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রামের অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১২ জানুয়ারি, সোমবার, বিকাল পাঁচটায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির অধিকার বঞ্চিত শিশু পাঠশালার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট শরিফুল কবির বিজন। এ সময় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন মোল্লা, ফেনী জেলার সমন্বয়ক কাউসার শরিফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা কেয়া, খুরশিদা খানম, মনিরা আকতার রুনা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সুলতানা রাজিয়া, সদস্য নুরজাহান আকতার পান্না, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) মো. আকতার হোসেন শাকিল প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিজন বলেন, শিশুদের মেধাবিকাশে ও শিক্ষিত জাতি গঠনে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ ফেনী ও রাঙ্গামাটিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনন্য নজির সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা উপযুক্ত পরিচর্যা পেলে তারাও আর সকল শিশুদের মতোই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

    এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে অনেক বিত্তশালী ও শিক্ষানুরাগী ব্যক্তি রয়েছেন। তারা অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনকে শিক্ষা-সহায়তার হাত বাড়িয়ে দিলে সংগঠনটি আরও এগিয়ে যেতে পারবে।

  • বীরগঞ্জে গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আলোচনা সভা।

    বীরগঞ্জে গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আলোচনা সভা।

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গণভোট-২০২৬ সফল করতে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ।

    সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গণভোট একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

    প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ নির্বাচনি বিষয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধাণগনকে গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে বলেন, এ সময় তিনি বলেন, গণভোটের মূল শক্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। তাই কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) পবিত্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।
    সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • বেতারের উপস্থাপনায় মাদকসেবী নারী, নিরব কর্তৃপক্ষ

    বেতারের উপস্থাপনায় মাদকসেবী নারী, নিরব কর্তৃপক্ষ

    দেশের অন্যতম সরকারী প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার বিনোদন দেয়ার পরিবর্তে এখন নিজেই বিনোদনের খোরাক হয়ে গেছে- বর্তমান বাস্তবতা যেন তেমনটাই ইঙ্গিত করছে।

    সাম্প্রতিককালে ঘটে যাওয়া যেকোন ঘটনা কিংবা অভিযোগকে আমলেই নিচ্ছে না কিংবা গুরুত্বই দিচ্ছে না সরকারি এই প্রতিষ্ঠানটি। সবকিছুতে কেমন যেন একটা উদাসীন ভাব লক্ষ্য করা যায় সরকারী এই প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে।

    বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানকে কোনভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ বেতারের সদর দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন মহলের বেশ কয়েকজন। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের শাসনামলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পদোন্নতি পাওয়া কয়েকজন কর্মকর্তা যেন হতাশ হয়ে পড়েছেন তাদের নেত্রীর ভারতে পালিয়ে যাওয়ার করনে। প্রতিনিয়ত হতাশা আর নেত্রীর শূন্যতা অনুভব করায় আওয়ামী ঘনিষ্ঠ বেতার সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন অভিযোগ আসলে সহজভাবে নিতে পারেন না হাতে গোনা কয়েকজন আওয়ামী ঘনিষ্ঠ অফিসার। উল্টো বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের সুবিধাভোগীদের কিভাবে বেতারে পুনর্বাসন করা যায় সেই প্রচেষ্টা বাস্তবায়নে অত্যন্ত কৌশলে পদক্ষেপ গ্রহন করেন এইসব কালচারাল ফ্যাসিস্টরা।

    বেশকিছু বিষয়ে একের পর এক অভিযোগের পরও সবকিছুকে দুধভাতের মতো উড়িয়ে দেন বিগত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই আমলারা। হঠাত স্বৈরাচারী হাসিনার পতনকে কিছুতেই মেনে নিতে না পারায় দিশেহারা বেতারের
    অনেক কর্মকর্তা প্রতিনিয়তই ভুগছেন চরম হতাশা এবং অনিশ্চিয়তায়।

    সম্প্রতি বাংলাদেশ বেতারের একজন নারী অনুষ্ঠান উপস্থাপিকার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি বেতার কর্তৃপক্ষকে। উল্টো ঐ নারী এনাউন্সারের পক্ষ নিয়ে নানারকম যুক্তি দেয়ার চেষ্টা করছেন বেতার কর্তৃপক্ষ। কেউ বলছেন ভিডিওটি আগের, কেউ বলছেন ফেক ভিডিও, কেউ আবার এই ভিডিওর বিষয়ে চুপ থাকার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ কেউ মাদকসেবনকারী উক্ত নারী অনুষ্ঠান উপস্থাপিকার পক্ষ নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ বেতারের মতো একটি সরকারী প্রচার মাধ্যমে একজন মাদকাসক্ত নারী কিভাবে অনুষ্ঠান করছে এ বিষয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

    জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন জুলাই যোদ্ধা বিষয়টিকে খুবই দুঃখজনক এবং বিব্রতকর বলেও মন্তব্য করেছেন। তারা বলেন, বাংলাদেশ বেতারের সদর দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন মহল কিছুতেই এই দায় এড়াতে পারেন না। তাদের সবুজ সংকেতের কারণেই বাংলাদেশ বেতারের মতো সরকারি একটি প্রতিষ্ঠান এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এর দায় বেতার কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের বীর যোদ্ধারা।

    বেতারে ডিউটি কমিয়ে দেওয়া কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণের
    সুযোগ না পাওয়ার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিল্পী এবং কলাকুশলী জানান, যেসব অ্যানাউন্সস্যারদের সাথে ঊর্ধ্বতন অফিসারদের ভালো সম্পর্ক রয়েছে তাদের বিরুদ্ধে সত্য ঘটনা নিয়ে যত অভিযোগই করা হোক না কেন সেটা আমলে নেয়া হয় না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তারা।

    ডিউটিতে দেরি করে আসা, নির্দিষ্ট সময় পর্যন্ত না থেকে আগেই চলে যাওয়া, নিজের ইচ্ছেমত ঘনঘন ডিউটির তারিখ পরিবর্তন করা, জুনিয়র অ্যানাউন্সারদের সাথে খারাপ ব্যবহার করা, বেতারকে নিজের বাপের সম্পত্তি মনে করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে অনেক অ্যানাউন্সারের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীদের অনেকেই সঠিক বিচার না পাওয়ায় ভয়ে ভয়ে বেতারে কাজ করছেন বলে জানা যায়।

    কয়েকজন অনুষ্ঠান উপস্থাপক- উপস্থাপিকা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাতেগোনা কয়েকজন অ্যানাউন্সার বেতারের সদর দপ্তরের সব সেকশন মিলিয়ে ২০টিরও বেশি প্যাকেজ প্রোগ্রাম করছে। অথচ আগ্রহী এবং যোগ্য অনুষ্ঠান উপস্থাপক- উপস্থাপিকাদের প্যাকেজ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না। নানাভাবে নানা উছিলায় তাদেরকে বছরের পর বছর বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশ বেতারের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে হাতেগোনা কয়েকজনই অনুষ্ঠান করবে আর বাকিরা শুধু স্টেশন কল দিয়েই বছরের পর বছর তাদের এনাউন্সমেন্টের বয়স পার করবে- এই বিষয়টিকে খুবই দুঃখজনক এবং বিব্রতকর বলে মনে করেন ভুক্তভোগীরা।

  • ইসিতে তৃতীয় দিনের আপিলে ৪০ জন বৈধ

    ইসিতে তৃতীয় দিনের আপিলে ৪০ জন বৈধ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করেছে ইসি।

    রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

    ইসি জানিয়েছে, বিভিন্ন কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এরমধ্যে একজন আসেননি। এবং চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। আর একজনের আপিল শোনা হয়নি।

    বিজ্ঞাপন

    রোববার (১১ জানুয়ারি) ইসিতে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি হয়েছে এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

  • বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে পটুয়াখালী ভার্সিটির ইউট্যাবের অভিনন্দন।

    বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে পটুয়াখালী ভার্সিটির ইউট্যাবের অভিনন্দন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট।রোববার ১১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান স্বাক্ষরিত বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।


    বিবৃতিতে বলা হয়,দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি আরও কার্যকর ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ বিষয়ে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান বলেন,“তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ কেবল একটি দলীয় দায়িত্ব পরিবর্তনের ঘটনা নয়;এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে তিনি এক জটিল সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন।”তিনি আরও বলেন, “তার নেতৃত্বে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার হাত ধরেই দেশে মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে-এমন প্রত্যাশা আমাদের।”
    প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনার মূলধারার এই রাজনীতিকে এগিয়ে নিতে তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে সফলতা দান করেন।”ইউট্যাব পবিপ্রবি ইউনিট আশা প্রকাশ করে, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে বিএনপি আরও সুসংহত ও কার্যকর ভূমিকা রাখবে।

  • ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

    ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন

    ঢাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।

    সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

    এতে আরও জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অতিথি হিসেবে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। এ ছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন।

  • রংপুরে স্পিরিট পান করে দুজনের মৃত্যু

    রংপুরে স্পিরিট পান করে দুজনের মৃত্যু

    রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি আজ সোমবার সকালে জানাজানি হয়।

    মৃত দুই ব্যক্তি হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন।

    স্থানীয়রা জানান, রোববার বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে তারা রেকটিফাইড স্পিরিট কিনে পার করেন। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।

    গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

    বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাদক সরবরাহকারী বলে জানিয়েছেন তিনি।

  • মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, দুই আনসার সদস্য আটক

    মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, দুই আনসার সদস্য আটক

    মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আসনার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

    সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    ঘটনা জানার পরপরই গতকাল রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ। আজকে দুপুরের দিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ভুক্তভোগী ওই নারীকে দেখতে এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান। এ সময় ভুক্তভোগীর ওই নারীর সঙ্গে কথা বলেন।

    পুলিশ ও ভুক্তভোগীর  স্বামী সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী ও তার স্বামী। তারা নারায়ণগঞ্জ থেকে আসছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যান। হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে যান। এরপর আনসার সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্ত্রী নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করেন। পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

    পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ওই নারী যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। তার স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি অবগত হওয়ার পর সদর উপজেলার অফিসার (আনসার) শামীমাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তার কাছ থেকে প্রাথমকিভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটি খুবই ন্যাক্কারজনক এবং অমানবিক। ব্যক্তির দোষ কখনই বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান,বিষয়টি জানার পরেই হাসপাতালে দায়িত্বরত সকল আনসার সদস্যদের ডেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।