Author: তরঙ্গ টিভি

  • চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

    চট্টগ্রামে গুলিতে নিহত জামায়াতকর্মী, গুলিবিদ্ধ ১

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। 

    শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

    এই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

    ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

    বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

    রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। 

    শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলিদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামে। তার বাবার নাম সজীব মিয়া। বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকছে তার পরিবার।

    নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত বুধবার (৭ জানুয়ারি) গ্রামের বাড়িতে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নেওয়ার জন্য হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসে। আমি তখন জিমে গিয়েছিলাম। জিম থেকে ফিরে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো।

    শোভা বলেন, ‘বাসার ভেতরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব খুলে দেখি গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।’

    বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন শোভা। পরে এক বন্ধুর সহযোগিতায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি লিলির গলা কাটা। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

  • পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

    পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

    পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।

    রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

    এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

    গত কয়েক দিন ধরে সকালবেলা সূর্যের দেখা মিলছে না। দুপুরে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যাচ্ছে না। রোববার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। গতদুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার পর আজ জেলায় মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

  • কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু

    কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের বামন্দ এলাকায় শনিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ আলম (৪৫) নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে।নিহত খোরশেদ আলম বামন্দ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
    জানা গেছে প্রতিবেশী মৃত জালালের ছেলে হযরত আলী, দোয়াত আলী ও দোয়াত আলীর ছেলে মজিবর গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। স্হানীয় মেম্বার এনায়েত হোসেন কুব্বত আলী জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি একাধিকবার মিমাংসা করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।শনিবার বিকেলে হযরত আলী গংরা বিরোধপূর্ন জমিতে কাজ করতে গেলে খোরশেদ আলম ওই জমিতে কাজ করতে নিষেধ করেন। এ নিয়ে নিহত খোরশেদ আলমের সাথে অভিযুক্ত হযরত আলী গংদের ধস্তাধস্তি হয়।একপর্যায়ে খোরশেদ আলম ঘটানাস্থল থেকে দৌঁড়ে বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে খোরশেদ আলম কে কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের স্ত্রী রুমা বেগম কালিয়াকৈর থানায় এসে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
    কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন।

  • বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল-খুলনা-মোংলা  রুটে চলাচলকারী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেন

    বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেন

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেনাপোল-খুলনা-মোংলা ভায়া যশোর রুটে লাভজনক হওয়া সত্তে¡ও সরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) থেকে বেসরকারী ব্যবস্থাপনায় রেলওয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কমিউটার ট্রেন বেসরকারি খাতে দেয়ার চক্রান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন যাত্রীসাধারণ। সরকারি ব্যাবস্থাপনায় রেল চলাচলের দাবি তাদের।

    রেল সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিতে রেলওয়ের বর্তমান আয় থেকে বেশি পাওয়া যাবে এই অজুহাতে কিছু অসাধু কর্মকর্তা উঠে পড়ে লেগেছিল। স্টেশনে চেকার স্বল্পতার কারণে টিকেট কাটার কিছুটা সমস্যা হয়। স্টেশনে চেকার নিয়োগসহ টিকেট কাটার জনসচেতনতা বাড়ালে সরকারিভাবে বেশি লাভবান হবে এমন দাবি সেবা প্রত্যাশীদের। আর রেল বেসরকারি খাতে গেলে বাড়বে ঝামেলা। গুনতে হবে বেশি অর্থ। ফলে সরকারি ট্রেনে যাতায়াতে স্বাচ্ছন্দবোধ করেন রেল যাত্রী ও স্থানীয়রা।

    রেল সূত্র জানায়, লাভজনক রুটটি বেসরকারি টিকেট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহŸান, ১৯ মে দরপত্র খোলা এবং জুন মাসের প্রথম সপ্তাহে যাচাই-বাছাই শেষে রেলের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যদেশ দেয়া হয় ট্রেনটির টিকিট ব্যবস্থাপনায়। কোনো আন্দোলন যেন না হয় সে কারণে সম্পূর্ণ গোপনে এটি সম্পন্ন করা হয়েছে বলে দাবি যাত্রী সাধারণের।

    ১৯৯৯ সালের ২৩ নভেম্বর এই রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন উদ্বোধনের পর ১১ বছর (২০১০ সালের ২৮ জুলাই পর্যন্ত) সরকারি তত্ত¡াবধানে পরিচালিত হয়। পরে বেসরকারি খাতে ‘মেসার্স বান্না এন্টারপ্রাইজ’ ও ‘ইসলাম শিপ বিল্ডার্স’ চুক্তিবদ্ধ হয়ে এই ট্রেন পরিচালনা করে। বেসরকারি টিকেট ব্যবস্থাপনায় যাত্রীসেবার মান নিম্নমুখী, চোরাকারবারি ও টানাপাটির দখলে চলে গেলে ২০১৩ সালে আবার সরকারি তত্ত¡াবধানে চলে আসে। ট্রেনে বাড়ছে যাত্রী। বেশিরভাগ পাসপোর্ট যাত্রী এ রুটে ভারতে যাতায়াত করেন।

    লাভজনক ও যাত্রীসেবার মান বাড়িয়ে ২০১৭ সালের ১ মার্চ থেকে এ রুটে দিনে দুইবার যাত্রীবাহী কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। বর্তমানে মাসে গড়ে ৪০/৪৫ লাখ টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে, যা আগের তুলনায় বেশি। তাই লাভজনক ট্রেনটির প্রতি নজর পড়েছে ব্যবসার সুযোগ সন্ধানীদের। এ সুযোগে রাষ্ট্রীয় সম্পদ লোকসান দেখিয়ে ট্রেনটি বেসরকারি টিকেট ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার যুক্তি তৈরি করা হয়।

    বেসরকারি টিকেট ব্যবস্থাপনায় গেলে বগি কমে যাত্রীদের ঠাসাঠাসি করে বসতে হয়। তাই সরকারি খাতে থাকার দাবি তাদের। চেকিংয়ের ব্যবস্থা বাড়লে-বাড়বে রাজস্ব আয়। টিটিদের বিরুদ্ধে রয়েছে অনৈতিকতার অভিযোগ।
    ট্রেন যাত্রী আনোয়ারুল ইসলাম বলেন, খুলনা থেকে বাসযোগে বেনাপোল আসতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। ভাড়া ’আড়াইশ‘ টাকা। আর কমিউটার ট্রেনে খুলনা থেকে বেনাপোল আসতে সময় লাগে আড়াই ঘণ্টা, ভাড়া মাত্র ৫০/৪৫ টাকা। এ কারণে খুলনা থেকে জেলা শহর যশোরসহ ভারতে যাতায়াতকারী যাত্রীরা বাসের চেয়ে কম খরচে ট্রেনে যাতায়াত করে থাকেন। আগের তুলনায় কমিউটার ট্রেন থেকে সরকারি কোষাগারে বেশি টাকা জমা হচ্ছে। বর্তমানে গড়ে প্রতি মাসে এ ট্রেন থেকে ৩৫ লাখ টাকা টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে। এই লাভজনক ট্রেনটির প্রতি নজর পড়েছে তাই ব্যবসার সুযোগ সন্ধানীদের।

    আরেক যাত্রী শ্যামল কুমার বলেন, বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেয়া হলে এই ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তির শিকার হবেন। আর এ সুযোগে চোরাচালানীরা পূর্বের মত তাদের আধিপত্য বিস্তার করবে। তাই লাভজনক বেনাপোল-খুলনা-মোংলা বেতনা কমিউটার ট্রেনটি যাতে বেসরকারি খাতে লিজ দেয়া না হয় তার জন্য রেলের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

    টেন্ডার পাওয়া ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ এর মালিক হুমায়ন আহমেদ জানান, আমরা কাজ পেয়েছি। অনেক আগেই আমাদের দায়িত্বে এ রুটটি চলার কথা ছিল। তবে বাজেটসহ অন্যান্য কারণে সেটা সম্ভব হয়নি। রোববার থেকে বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় আমাদের দায়িত্বে এ রুটে ট্রেন চলাচল করবে।

    বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, বেতনা কমিউটার ট্রেন রোববার (১১ জানুয়ারি) থেকে বেসরকারি টিকেট ব্যবস্থাপনার মাধ্যমে চলাচল করবে। ভাড়া একই থাকবে। আগে প্রতি মঙ্গলবার ট্রেনটি বন্ধ থাকতো। সেরকারি ব্যবস্থাপনায় এখন আর বন্ধ থাকবে না। সপ্তাহের ৭ দিনই চলবে এ ট্রেনটি।

    ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে বলে পাকশীতে কর্মরত রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার মিহির কুমার গুহ বলেন, নীতিমালা মেনেই ট্রেন বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে। লোকসানের কারণে অনেক সময় বেসরকারি খাতে লিজ দেয়া হয়। কোন কোম্পানি যদি শেষ ছয় মাসের আয়ের চেয়ে বেশি টাকা দিতে চায়, তাহলে তাদের অনুকূলে লিজ দেওয়া হয়ে থাকে। যে কোন সময় এই লিজ বাতিলের ক্ষমতা রেলওয়ে কর্তৃপক্ষের থাকবে বলে তিনি জানান।

  • বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম

    বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম

    :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।
    এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে চলমান নানা সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। গ্রামবাসী তাদের দৈনন্দিন জীবনের সংকট, উন্নয়ন ঘাটতি ও বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
    মনজুরুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলাই তাঁর রাজনীতির মূল শক্তি। মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়াই তাঁর অঙ্গীকার। তিনি জানান, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
    স্থানীয় বাসিন্দারা বলেন, প্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও কথা বলার সুযোগ তাদের আশাবাদী করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে এই যোগাযোগ আরও দৃঢ় হবে এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে

  • ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা

    ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। 

    রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সভা অনুষ্ঠিত হবে।

    শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংস্থাটি।

    ইসি আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এই সভার মূল লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতিতে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত দিকগুলো নিয়ে সভায় আলোচনা হতে পারে।

    নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোকে তাদের ফোকাল পয়েন্ট বা উপযুক্ত প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

  • জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা

    জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা

    চিত্রনায়ক জাফর ইকবালকে স্মরণ করতে গেলে আমার সামনে আগে ভেসে ওঠে একজন অসাধারণ মানুষ। নায়ক হিসেবে তিনি যেমন দর্শকের হৃদয় জয় করেছিলেন, সহশিল্পী হিসেবেও ছিলেন ভীষণ মানবিক। আমাদের জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল, সেটা আজও মানুষ মনে রেখেছে। একসঙ্গে প্রায় চল্লিশটির মতো সিনেমায় অভিনয় করেছি দুজন। প্রতিটি কাজের অভিজ্ঞতাই আলাদা, প্রতিটি স্মৃতিই মূল্যবান। জাফর ইকবালের মধ্যে একটা সহজাত সৌন্দর্য ছিল, যা পর্দা ছাড়িয়েও মানুষকে আপন করে নিত।

    তিনি হ্যান্ডসাম ছিলেন, গিটার হাতে গান গাইতে পারতেন অসাধারণভাবে। শুটিংয়ের ফাঁকে কখনও ইংরেজি গান, কখনও বাংলা সুরে সেট মাতিয়ে রাখতেন। শরীরটা তখন ভালো থাকত না, নানা অসুখে ভোগতেন, কিন্তু সেটে কখনও তা প্রকাশ করতেন না। হাসিমুখে কাজ করে যেতেন, যেন কিছুই হয়নি। এই জায়গাটায় তিনি সত্যিই ব্যতিক্রমী ছিলেন। আমাদের অভিনীত ‘অবুঝ হৃদয়’ ছিল সুপার হিট একটি সিনেমা। ব্যাংককে শুটিং হয়েছিল, আমাদের সঙ্গে চম্পা ছিল। ত্রিভুজ প্রেমের গল্প, আর শুটিংয়ের ফাঁকে ছিল অজস্র হাসি-ঠাট্টা। সিনেমাটি টেলিভিশনে প্রচার হলে আজও দর্শক আগ্রহ নিয়ে দেখে।


    জাফর ইকবালের অভিনয়, সংলাপ বলার ধরন, চোখের ভাষা– সবকিছু মিলিয়ে আজও মানুষের মনে গেঁথে আছেন তিনি। তাঁর সঙ্গে আমার প্রথম ছবি ‘মামা ভাগ্নে’। এরপর ‘হারজিৎ’ দিয়ে আমি দর্শকদের ভালোবাসা পাই। আমাদের জুটির প্রথম দিককার এই ছবিগুলোর গান ছিল অসাধারণ, যা আজও মানুষ গুনগুন করে। জাফর ইকবালকে এখনও সবাই চিরসবুজ নায়ক বলেই ডাকে, এটা তাঁর স্বীকৃতি। মানুষ হিসেবে তিনি ছিলেন অতিভদ্র, মার্জিত এবং সহানুভূতিশীল।

    কারও নামে বদনাম করা কিংবা কারও সঙ্গে দুর্ব্যবহার করতে আমি তাঁকে কখনও দেখিনি। তাঁর মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে তাঁকে আরও গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তিনি নেই, কিন্তু তাঁর হাসি, গান, অভিনয় আর মানবিকতা আজও আমাদের সঙ্গে বেঁচে আছে। দর্শকের ভালোবাসা তাঁকে যে উচ্চতায় নিয়েছিল, তা খুব কম শিল্পীর ভাগ্যে জোটে। ব্যক্তিগত জীবনে সংযমী এই মানুষটি আলোড়ন পছন্দ করতেন না। কাজই ছিল তাঁর পরিচয়।

    পর্দায় রোমান্টিক নায়ক, বাস্তবে দায়িত্বশীল সহকর্মী– এই দ্বৈততার সৌন্দর্য আজও আমাকে মুগ্ধ করে। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু স্মৃতি অমলিন থাকে। তাঁর নাম উচ্চারিত হলেই সেই স্মৃতিগুলো নতুন করে জেগে ওঠে। তাই তাঁর চলে যাওয়ার দিনটিতে শুধু শোক নয়, কৃতজ্ঞতাও জানাই। তিনি আমাদের শিখিয়েছেন ভদ্রতা, পেশাদারিত্ব আর শিল্পের প্রতি সততা।

    এই শিক্ষা আগামী দিনেও আমাদের পথ দেখাবে, আলো জ্বালিয়ে রাখবে, নিঃশব্দে। এই স্মরণ লেখার মধ্য দিয়ে আমি আবারও তাঁর প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং প্রার্থনা করি তিনি যেন মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকেন। কারণ তিনি আমাদের সিনেমার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই সত্য অস্বীকার করার উপায় নেই আজও।
    অনুলিখন: এমদাদুল হক মিলট

  • ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল

    ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল

    লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার

    বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ‍্য দিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে বুধবার (৭ ই জানুয়ারী) পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ প্রেস ক্লাব অফিসে নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন পদে নির্বাচন করার জন্য নমিনেশন দাখিল করা হয়েছে ।লন্ডনে ছেঁকে আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছেন কেএম আবু তাহের চৌধুরী ।

    প্রেস ক্লাবের কার্যকরী কমিটির ১৫টি পদের জন‍্য ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার সায়েম -সালেহ – হান্নান ও তারেক-আকরাম-শাহনাজ অ্যালায়েন্স পক্ষ হয়ে নমিনেশন দিয়েছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে নমিনেশন জমা দিয়েছেন আহাদ চৌধুরী বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন সলিসিটর মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন কমিউনিটি নেতা প্রফেসর শাহগীর বখত ফারুক ও শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরী।

    এ বছর সাঈম-সালেহ-হান্নান পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি পদে সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি পদে সালেহ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার পদে মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার-এখলাছুর রহমান পাক্কু,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি-আফজাল হোসাইন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি-মো: আব্দুস সাত্তার মিশু,ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-ড আনিসুর রহমান,ইসি মেম্বার-মো: সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান, ফজলে রহমান পিনাক।

    তারেক-আকরাম-শাহনাজ পরিষদের হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সভাপতি পদে সভাপতি-বারিষ্টার তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে -তাইসির মাহমুদ, সহ-সভাপতি পদে -রেজাউল করিম মৃধা,জেনারেল সেক্রেটারি পদে -আকরামুল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে -জাকির হোসেন কয়েস, ট্রেজারার পদে -শাহনাজ সুলতানা, এসিস্ট্যান্ট ট্রেজারার পদে – ইব্রাহিম খলিল,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ,
    ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-রুপি আমিন,
    ইসি মেম্বার-সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ সাজু আহম্মেদ ও মোহাম্মদ আবু তালেব। ৯ জানুয়ারী প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিন এবং ২৫ জানুয়ারী ২০২৬ইং হবে বহু প্রত‍্যাশিত নির্বাচন ।

    উল্লেখ‍্য -এ বছর লণ্ডন বাংলা প্রেস ক্লাবের তিন শতাধিক সদস‍্য নির্বাচনে ভোটাধিকারে প্রয়োগ করবেন

  • ভোলায় বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ, আহত ৩০

    ভোলায় বিএনপি-বিডিপির মধ্যে সংঘর্ষ, আহত ৩০

    ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

    শুক্রবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যার পর লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। ঘটনার পর বিএনপি ও বিডিপি পৃথক প্রেস ব্রিফিং করে হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে।

    জামায়াত সমর্থিত বিডিপির সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম শুক্রবার রাত ৯টায় জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ইউনুছ পাটওয়ারীর বাড়িতে যান। এ সময় স্থানীয় নুরনবীর ছেলে রুবেল (২৮) নারী কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্তা করেন।

    তিনি বলেন, এ ঘটনায় এক নারী কর্মী তার স্বামীকে বিষয়টি জানান। পরে ওই নারী কর্মীর স্বামী জসিম উদ্দিন মোবাইল ফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকে গালাগালি করা হয়। একপর্যায়ে রুবেল জসিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার ওপর হামলা চালায়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এর মধ্যেই বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী বাজারে জড়ো হতে থাকেন।

    নিজামুল হক নাঈমের অভিযোগ, এ ঘটনার পরে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন।

    তিনি দাবি করেন, নিজেদের নেতাকর্মীদের সেখান থেকে সরে যেতে বলা হলেও বাজার ত্যাগের সময় পেছন থেকে হামলা চালানো হয়। এতে বিডিপির অন্তত ১৫ নেতাকর্মী গুরুতর আহত হন, যারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

    অন্যদিকে, লালমোহন উপজেলা বিএনপির পক্ষ থেকেও রাত সাড়ে ৯টায় বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করেন, জামায়াতের সহায়তায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মহিলা লীগের চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করে লালমোহনের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। তারা মাগরিবের পর লালমোহন থেকে গিয়ে আওয়ামী লীগ ও জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে বিডিপি সমর্থকরা যুবদল নেতা জসিম, তার ভাই আলমগীরসহ অন্তত ১৫ জনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন গুরুতর আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে। নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই এ সহিংসতা ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের কাছে এসব চিহ্নিত আওয়ামী লীগ ও জামায়াতের ক্যাডারদের গ্রেফতারেরও দাবি জানান।

    এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, জুমার নামাজের আগে জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যার পর পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

    ওসি আরও জানান, এ ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৯ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে রাত ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে।