Author: তরঙ্গ টিভি

  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

    মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাঁচ দফা দাবি জানিয়েছে। 

    গত বছরের ২১ জুলাইয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পাইলটের ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে অনিয়মকে এসব মৃত্যুর জন্য দায়ী করেন।

    ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো–

    ১. তদন্ত রিপোর্টে উল্লেখ করা পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি এবং স্কুলের বিল্ডিং কোড অমান্য করার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা। সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের (অব.) তিন হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করে সেই টাকা উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।

    ২. শহীদ পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিতে হাইকোর্টের রিট পিটিশনে উল্লিখিত রুল অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান।

    ৩. নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ‘শহীদী মর্যাদা’ ও সনদ প্রদান এবং তাদের স্মরণে মেমোরিয়াল নির্মাণ।

    ৪. প্রতি বছর ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা করা, উত্তরায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণ।

    ৫. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা।

    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২১-২০২৪ সাল পর্যন্ত বিমানবাহিনীর বাজেটে বিপুল অর্থ দুর্নীতি না হলে বিমানের রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হতো। পরিবারগুলোর দাবি, দুর্নীতির কারণেই পাইলটসহ ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭২ জন আহত হয়েছেন। তারা মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড অমান্য করাকেও হতাহতের সংখ্যা বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত আশরাফুল ইসলাম, রেজাউল করিম ও রফিক মোল্লারা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, ওই দিন দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ী ক্যাম্পাসে বিমানটি আছড়ে পড়লে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা জ্বলন্ত আগুনে পুড়ে ও দ্বিখণ্ডিত হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। বিশ্ব ইতিহাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এত বেশি প্রাণহানির নজির নেই। কোনো কোনো দম্পতি তাদের একমাত্র সন্তান বা একাধিক সন্তানকে হারিয়ে আজ নিঃসন্তান ও নির্বংশ।

    পরিবারগুলো জানায়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত ১১ ডিসেম্বর ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে নিহতদের ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা তারা ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন। এমনকি ২৯ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাব্য প্রস্তাবটিও তারা প্রত্যাখ্যান করে আগে সুনির্দিষ্ট ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

    তারা আরও জানান, ইতিপূর্বে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন (নম্বর ১১৮৪২/২০২৫) এবং উপদেষ্টাদের দেওয়া মৌখিক প্রতিশ্রুতিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও দপ্তরে স্মারকলিপি দিয়েছেন এবং বিদেহী আত্মার শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • আসামিদের নামাজের জন্য হাজতখানায় দেওয়া হলো জায়নামাজ

    আসামিদের নামাজের জন্য হাজতখানায় দেওয়া হলো জায়নামাজ

    আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) জায়নামাজ বিতরণ করেছেন।

    বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

    এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

    চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম আদালত জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব।

    এ ছাড়া, তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।

  • জকসুর ১৮ কেন্দ্রের ফল, ভিপিতে ছাত্রদল-শিবিরের ব্যবধান ১০ ভোট

    জকসুর ১৮ কেন্দ্রের ফল, ভিপিতে ছাত্রদল-শিবিরের ব্যবধান ১০ ভোট

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৮ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২২৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২২৮১ ভোট। উভয় প্রার্থীর মধ্যে ১০ ভোট ব্যববধান রয়েছে।

    এছাড়া শীর্ষ অপর দুই পদ জিএস ও এজিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। আর ভিপি পদে ছাত্রদল -ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

    বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৩ টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।

    এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ২৫৬৩ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা ১০৬৬ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা  ২২৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ১৮০৩ ভোট পেয়েছেন।

    সর্বশেষ সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান বিভাগের ফল ঘোষণা করা হয়। এই চারটি কেন্দ্রেই শিবির প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থী এগিয়ে আছেন।

    এদিকে শীর্ষ দুই পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

    প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ২১ কেন্দ্রের ফল ঘোষণা বাকী।

  • জকসু নির্বাচন  এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস, ভিপি ৪ ভোট

    জকসু নির্বাচন এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস, ভিপি ৪ ভোট

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে একটি ভোটও পায়নি শিবির প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল মাত্র ৪ টি ভোট পেয়েছেন।

    বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় এই বিভাগের ফলাফল ঘোষণার করা হয়।

    এদিকে সংগীত বিভাগে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১২৫ টি ভোট পেয়েছেন। আর জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ এবং এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন১০৮ ভোট।

    জানা যায়, সংগীত বিভাগের মোট ২৩৮ ভোটারের মধ্যে ১৪৬ টি ভোট কাস্ট হয়।

    উল্লেখ্য, জকসু নির্বাচনের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ২০ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রদলের ভিপি প্রার্থী ও ছাত্রশিবিরের জিএস ও এজিএস এগিয়ে রয়েছেন।

    প্রকাশিত ২০ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের  এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট, জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ১১০৪ভোট, এজিএস পদপ্রার্থী এবিএম আতিকুর রহমান তানজিল ২০০১ ভোট।

    অপরদিকে শিবির সমর্থিত  অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ২৩১৬ ভোট, জিএস পদপ্রার্থী আবদুল আলীম আরিফ ২৪৮৭ ভোট, এজিএস পদপ্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২২২১ ভোট।

  • বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

    বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

    আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

    বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

    এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।’

    চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি।

  • জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

    জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৬ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

    আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সর্বশেষ ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।

    মোট ২৬ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩০১৩ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ৩৪৮ ভোট ব্যবধান রয়েছে।

    এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩৪৮৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৩৫৩ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩০৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৬৩৭ ভোট পেয়েছেন।

    এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার, পরিবহন ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদ তিনটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

    প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৩ টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।

  • ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

    ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

    দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সবার শরীরেই নিপাহ ভাইরাসের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
    রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হয়। ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন ৫ জন।
    বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।
    সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতিবছর শীতকালে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা যায়। এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রায় ৭২ শতাংশ রোগীর মৃত্যু ঘটে। দেশে সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
    তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের জন্য এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
    আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইইডিসিআর) সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত জেলার মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি।
    তিনি জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
    সভায় নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুরের রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন।
    নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয়—
    • কাঁচা খেজুরের রস পান করা যাবে না।
    • আংশিক খাওয়া বা পোকায় কাটা ফল খাওয়া যাবে না।
    • ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে।
    • নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে।
    • আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।
  • হাদি হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

    হাদি হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

    আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

    অনুসন্ধানকালে সন্দেহভাজন অভিযুক্ত মো. ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামীয় এসব হিসাব বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন দেখা গেছে। এছাড়া প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা মতে সম্পৃক্ত অপরাধ। এমতাবস্থায় এসব হিসাবসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ১৪ ধারার বিধানমতে অবরুদ্ধকরণ এবং একই আইনের ১৭(২) ধারার বিধান মোতাবেক হিসাবগুলোতে স্থিত সমুদয় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির পূর্বেই হিসাবগুলোতে স্থিত অর্থ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনকে আসামি করে মঙ্গলবার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার আছেন।

    গ্রেফতার থাকা ১১ জন হলেন—ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, কাউন্সিলর বাপ্পির বোন জামাই আমিনুল ইসলাম রাজু এবং সিপুর ঘনিষ্ঠ মো. ফয়সাল।

    আর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর, ভারতে পাচারের সহায়তাকারী ফিলিপ, ফয়সলের বোন জেসমিন এবং তার স্বামী মুফতি মাহমুদ পলাতক আছেন।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ আদায় করে নির্বাচনি প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়।

    পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

    হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

  • Untitled post 5721
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার এবং নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
    নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
    এছাড়া কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd— এই দুটি ই-মেইল ঠিকানা চালু রাখা হয়েছে।
    ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের লক্ষ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে।
    ইসি মনে করে, এই উদ্যোগ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা কমিশনের।
  • তফশিলের বৈধতা নিয়ে রিট শুনানি করতে অপারগ হাইকোর্ট

    তফশিলের বৈধতা নিয়ে রিট শুনানি করতে অপারগ হাইকোর্ট

    একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

    বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান।

    আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।’

    এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়। এই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

    আইনজীবী ইউনুছ আলী আকন্দ তার যুক্তিতে বলেন, সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ এমন কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই। ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তিনি মনে করেন, কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।