Author: তরঙ্গ টিভি

  • যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করেছে। এতেই যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম এখন এ তালিকায় রয়েছে।

    নিয়ম অনুযায়ী, এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

    স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার অফিসার চাইলে তার ওপর এই বন্ডের শর্তারোপ করতে পারেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে তিনটি ধাপে— ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা।

    বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনস্যুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না। এটি একটি ফেরতযোগ্য জামানত। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী নিচের পরিস্থিতিতে টাকা ফেরত পাওয়া যাবে—
    • যদি ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে বা তার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
    • যদি ভিসা পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করেন।
    • যদি মার্কিন বিমানবন্দরে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

    তবে যদি কেউ নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন (যেমন এসাইলাম বা রাজনৈতিক আশ্রয়), তবে সেই জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।

    নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক
    ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন বাংলাদেশিরা কেবল এই তিন বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। বিমানবন্দর তিনটি হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)।

    এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে, যা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে।

    বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় আছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, ও নেপাল, উগান্ডা। তালিকার দেশগুলোর জন্য ভিন্ন ভিন্ন তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

    এই নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।

    ভিসা বন্ড কী
    ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।

    প্রতিবছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।

    কোনো নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়।

    বেশির ভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়। কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে

  • প্রেমের ফাঁদে ফেলে যৌন ভিডিও, যুবকের ব্ল্যাকমেল ব্যবসা ও গণপিটুনি

    প্রেমের ফাঁদে ফেলে যৌন ভিডিও, যুবকের ব্ল্যাকমেল ব্যবসা ও গণপিটুনি

    মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে যৌন ভিডিও ধারণ, পরবর্তীতে সেই যৌন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি,

    এবং ব্ল্যাকমেইল ব্যবসার অভিযোগ উঠেছে উঠতি বয়সের এক যুবকের উপর। গত শনিবার প্রেমিকার সাথে দেখা করতে এসে গণপিটুনির শিকার হন এই যুবক। জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউপির ১নং ওয়ার্ডের ভাতারিয়া গ্রামের মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী মোছাম্মদ বৃষ্টি আক্তারের সাথে রাখালিয়া চালা গ্রামের ভাড়াটিয়া মোহাম্মদ আহাদুল ইসলামের সাথে

    ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আহাদুল ইসলাম রাখালিয়াচালার বউবাজার এলাকার বাসিন্দা। আহাদুল প্রথমে বৃষ্টি আক্তারের সাথে ফেসবুকে সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে তার সাথে কোনাবাড়ী একটি আবাসিক হোটেলে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এবং গোপনে ভিডিও ধারণ করে। গোপন ভিডিওকে পুঁজি করে আহাদুল বৃষ্টি আক্তারের কাছ থেকে আনুমানিক পৌনে দুই লক্ষ টাকা এবং আড়াই ভরি স্বর্ণা লঙ্কার হাতিয়ে নেয়। বৃষ্টি আক্তার লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি।

     

    গত শনিবার চন্দ্রার কালামপুর রোডের মাথায় আসলে বৃষ্টি আক্তার আহাদুল এর সাথে দেখা করতে যায়। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয় এবং একপর্যায়ে বৃষ্টি আক্তারের ছেলেকে হোন্ডায় উঠিয়ে নিতে চাইলে বৃষ্টি আক্তার ডাক চিৎকার করে। বৃষ্টি আক্তারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আহাদুলকে হাতেনাতে ধরে ফেলে। লোকজন আহাদুলকে গনপিটুনি দেয়।

    পরবর্তীতে খবর পেয়ে বৃষ্টি আক্তারের স্বামী মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরবর্তীতে আহাদুল সুস্থ হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তার মোবাইল এবং হোন্ডা উদ্ধার হয়। দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর মাসুদ খান এ বিষয়টি নিয়ে পরবর্তীতে থানায় বসে মীমাংসার আশ্বাস দেন। বিষয়টি এলাকায় চাঞ্চলের সৃষ্টি করেছে। আহাদুলের স্ত্রী সিনহা মনি জবানবন্দী দেয় যে, আহাদুল এরকম চার-পাঁচটি মেয়ের সাথে ব্ল্যাকমেইল ব্যবসা করে। তার দাবি আহাদুলের উপযুক্ত সাজা হোক। যাতে আর কোন নারীর জীবন নষ্ট না হয়

  • জাজিরায় দৈনিক কীর্তিনাশা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত।

     

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কীর্তিনাশা পত্রিকার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টার ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে ও ফারুক হোসেন এর সঞ্চালনায়ে
    উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী ইমন মোল্লা, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এবং তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সালাম, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার অহেদ মোল্লা, দৈনিক কীর্তিনাশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. রতন আলী মোড়ল, নির্বাহী সম্পাদক হৃদয় মোল্লা, জাজিরা প্রেসক্লাব ও জাজিরা উপজেলা প্রেসক্লাব, জাজিরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, সহ পত্রিকার প্রতিনিধিগণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

    দৈনিক কীর্তিনাশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. রতন আলী মোড়ল বলেন, দৈনিক কীর্তিনাশা পত্রিকার সকল কলাকৌশলী, সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অঞ্চল আমাদের চেতনা আমাদের সংবাদ আমাদের কীর্তিনাশা
    ঐতিহ্যের চেতনায় আমরা বার্তাবাহক।

    এই পত্রিকা শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে। শরীয়তপুরের একটি স্থানীয় আঞ্চলিক দৈনিক হিসেবে ইতোমধ্যে কীর্তিনাশা পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে।

    দৈনিক কীর্তিনাশা প্রধান সম্পাদক মাস্টার ইব্রাহিম মিয়া বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সত্য তুলে ধরতে দৈনিক কীর্তিনাশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, অপসংবাদ পরিহার করা এবং জনস্বার্থে কাজ করাই কীর্তিনাশার মূল লক্ষ্য হওয়া উচিত। ভবিষ্যতেও এ পত্রিকা স্থানীয় উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, শিক্ষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার পক্ষে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকল সাংবাদিক ও প্রতিনিধি’কে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

    1. অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
  • আনিসুলের ৩ গাড়ি ও জমি জব্দের আদেশ

    আনিসুলের ৩ গাড়ি ও জমি জব্দের আদেশ

    সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি ও ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এ আবেদন করেন।

    ওই আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬  টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করা হয়।

    এতে আরও বলা হয়েছে, মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করা হয়েছে।  দুর্নীতি ও ঘুসের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। জব্দ করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • রমজানজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ

    রমজানজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ

    পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সোমবার জনস্বার্থে এ নোটিশ দেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে রমজান মাসের প্রথম ২১ দিন বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

    সম্প্রতি রমজান মাসে স্কুল ছুটির বিষয়ে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়া পর্যালোচনা করে এই নোটিশ দেন বলে আইনজীবী ইলিয়াছ আলীর ভাষ্য।

    নোটিশে তিনি বলেন, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

    এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও নোটিশে বলা হয়।

    পুরো রমজান মাস ছুটি রাখার কারণ হিসেবে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

    এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও নোটিশে বলা হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।

  • জাবিতে বিদেশি মদসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার

    জাবিতে বিদেশি মদসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে মো. ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত সাড়ে ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উক্ত হলের ৭২৩ নাম্বার কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

    ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদ, সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচ তাকে নিম্নোক্ত শান্তি প্রদান করে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হলো।

    উল্লেখ্য, রোববার রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩নং কক্ষ থেকে  ২০ বোতল মদ উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন।

  • চবিতে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

    চবিতে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হল প্রভোস্টের বিরুদ্ধে মাস্টার্স পর্যায়ের আবাসিক শিক্ষার্থীদের জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এর প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

    সোমবার (৫ জানুয়ারি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানান শাখা সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

    এএফ রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিনের এ স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ও নিয়মবহির্ভূত নোটিশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি।

    বিজ্ঞপ্তিতে শাখা সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত শিক্ষার্থীরা ছাত্রত্ব ও আবাসিক বৈধতা ভোগ করে। অথচ এ নীতিমালা উপেক্ষা করে শুধুমাত্র ভাইভা বা পরীক্ষা শেষ হওয়ার অজুহাতে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অমানবিক আচরণ।

    নেতারা বলেন, নীতিমালার ২০(ঙ) ধারায় স্পষ্টভাবে বলা আছে রেজাল্ট প্রকাশের পরেই কেবল আসন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। সেখানে জোরপূর্বক উচ্ছেদের কোনো বিধান নেই। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তকে ‘আইন’ হিসেবে চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় আপসহীন উল্লেখ করে তারা আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও মর্যাদার প্রশ্নে কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত তারা মেনে নেবে না। এর পাশাপাশি অবিলম্বে বিতর্কিত নোটিশ প্রত্যাহার, জোরপূর্বক উচ্ছেদ বন্ধ, নীতিমালা অনুসরণ এবং মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা।

  • দুমকি উপজেলায়,  পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, আতংকে এলাকাবাসী।

    দুমকি উপজেলায়, পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, আতংকে এলাকাবাসী।

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ৫ জানুয়ারী সকাল থেকে কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর হামলা চালায়। কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।


    দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ এনামুল হক জানান, হঠাৎ করেই সকাল থেকে হাসপাতালে কুকুর কামড়ানো রোগী আসতেছে, রোগীর অনেক ভীড়, আমাদের এখানে ভ্যাক্সিন না থাকায় বেশিরভাগ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হতে থাকবে।
    এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা বলেন, ঘটনা জানতে পেরে আমি হাসপাতাল পরিদর্শন করেছি, বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে টিম নামানো হয়েছে, আমাদের যথাসম্ভব সর্বোচ্চ কাজ করছি।
    স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
    এদিকে রোগীরা ভ্যাক্সিন না পেয়ে হতাশা প্রকাশ করছেন, জানাগেছে আজদুপুরে দুমকি ফারুক হাওলাদার বাড়ি শতাধিক জনতা কুকুর টি কে মেরে ফেলেছে।।

  • মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

    মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

    যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ (৪৫) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
    আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

    নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়-য়া গ্রামের বাসিন্দা তুষার কান্তি বৈরাগীর ছেলে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

    খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জনাকীর্ণ বাজারে এই হত্যাকাণ্ডের পর ঘাতকদের আটকে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

    মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রজিউল্লাহ খান বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পেশাগত কোনো বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

  • বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী স্তম্ভ গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘ভিডিপি দিবস’।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
    এ সময় ভিডিপি’কে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন,
    “স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ের নিরাপত্তা কাঠামোর প্রকৃত প্রতিনিধিত্ব করে।

    ভিডিপি প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের সুদূরপ্রসারী সম্ভাবনার কথাও তুলে ধরেন মহাপরিচালক। তিনি বলেন,
    “আধুনিক কর্মমুখী প্রশিক্ষণ এবং আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ ঋণ ব্যবস্থাপনায় ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় ভিডিপি সদস্যরা কৃষি, মৎস্য ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবে। এর মাধ্যমে ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি তৃণমূল অর্থনীতি ও সামাজিক পরিবর্তনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, বিটাক ও সহজ ডটকমের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে ভিডিপি ও টিডিপি সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মহাপরিচালক উল্লেখ করেন, বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন’ প্রকল্প ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় চালু হয়েছে। পরিকল্পিত ও টেকসই অর্থনৈতিক সুরক্ষা কাঠামো হিসেবে এই প্রকল্প দেশব্যাপী ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

    ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “সকল ভিডিপি সদস্যকে আধুনিক ডিজিটাল ডাটাবেজ AVMIS-এর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ-তরুণীদের নিয়ে ভিডিপির সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা হয়েছে।”

    ভিডিপি প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাহিনী প্রধান বলেন,
    “অদম্য সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেম বুকে ধারণ করে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে ভিডিপিকে আরও সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও সমৃদ্ধশালী বাহিনীতে পরিণত করা যায়। তাতেই ভবিষ্যৎ বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নের একটি নির্ভরযোগ্য ভিত্তি গড়ে উঠবে।”

    শান্তির প্রতীক পায়রা উড়ানো, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে ভিডিপি’র গৌরবময় যাত্রা শুরু হয়।

    উৎসবমুখর এই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।