Author: তরঙ্গ টিভি

  • পেরু  ভূমিধসে নদীতে তলিয়ে গেল নৌকা, নিহত ১২

    পেরু ভূমিধসে নদীতে তলিয়ে গেল নৌকা, নিহত ১২

    পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসের কারণে ডুবে গিয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২৫ জন। এছাড়া এ ঘটনায় প্রায় ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির

    পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে আন্দিনা সংবাদ সংস্থা জানায়, উকায়ালির আমাজন জঙ্গল অঞ্চলের ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। তবে, নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি।

    নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ২৫ জন আহত হয়েছে এবং প্রায় ৪০ জন নিখোঁজ’ রয়েছে।

     

    কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া পরিবারগুলোর কাছ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা জানার এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

    ইউটিভি নোটিসিয়াস চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর লাগেজ ও মালামাল নদীতে ভেসে যাওয়ার সময় হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াদৌড়ি করছে।

  • ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা

    ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা

    ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। খবর

    দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। তার প্রশাসনের ভাষায়, এটি একটি ‘রক্তস্নান’ ও ‘প্রক্সি যুদ্ধ’। গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আশার আলো দেখাতে পারেনি।

    এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ, এটি ন্যাটো, ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ ও ইউক্রেনের সেনাবাহিনীর সীমাবদ্ধতার মতো মস্কোর প্রধান দাবিগুলোর পক্ষে।

    এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা শান্তি প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধের অবসান টানতে একটি ‘হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ তৈরি করেছে। পুতিন জানিয়েছেন, চলমান আলোচনা কোনো খসড়া চুক্তি নয়, বরং এমন কিছু প্রস্তাব নিয়ে, যা ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘পুতিন–উইটকফ বৈঠকটি মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে হবে’।

    তবে রাশিয়ার ‘রেড লাইন’ কী সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। তার মতে, এ ধরনের আলোচনায় প্রকাশ্য বক্তব্য তেমন সহায়ক নয়।

     

    হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, উইটকফের রাশিয়া সফরে কুশনারও সঙ্গী হবেন।

    পুতিন একাধিকবার বলেছেন, তিনি শান্তি আলোচনায় প্রস্তুত; তবে ইউক্রেন যদি কোনো সমঝোতা প্রত্যাখ্যান করে, তাহলে রুশ সেনারা আরও অগ্রসর হবে এবং বেশি জমি দখল করবে।

    প্রো–ইউক্রেনীয় মানচিত্র অনুযায়ী, রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের ১৯ শতাংশের বেশি, অর্থাৎ ১,১৫,৬০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দুই বছরের আগের তুলনায় এক শতাংশ বেশি। ২০২৫ সালে রুশ সেনাদের অগ্রযাত্রা ২০২২ সালের পর সবচেয়ে দ্রুতগতির।

     

    এরইমধ্যে সোমবার রুশ সামরিক কমান্ডাররা পুতিনকে জানান, রুশ বাহিনী সামনের সারির ইউক্রেনীয় শহর পোকরোভস্ক এবং ভভচানস্ক দখল করেছে।

    মার্কিন কর্মকর্তাদের মতে, এ যুদ্ধে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কেউই নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করে না।

  • হত্যার পর স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট!

    হত্যার পর স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট!

    স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন এক ব্যক্তি! রোববার ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলে।

    নিহতের নাম শ্রী প্রিয়া, তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্বামী বালামুরুগম তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা। স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন তিনি। স্ত্রী পরকীয়া সম্পর্কে ছিলেন-এমন সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বালামুরুগম নির্মমভাবে তার স্ত্রীকে একটি নারী হোস্টেলে কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফি তোলে।

    পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার বিকালে হোস্টেলে আসেন। তিনি নিজের পোশাকে একটি দা লুকিয়ে রেখেছিলেন এবং শ্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দুজনের দেখা হওয়ার পরই তাদের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। বালামুরুগম লুকানো দা বের করে শ্রী প্রিয়াকে কুপিয়ে হত্যা করে।

    পুলিশ আরও জানায়, হত্যার পর তিনি মৃতদেহের সঙ্গে সেলফি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করেন এবং তার বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন। এ ঘটনায় হোস্টেলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

    নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বালামুরুগম পালিয়ে না গিয়ে ঘটনাস্থলেই ছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে সেখান থেকেই গ্রেফতার করে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, বালামুরুগম সন্দেহ করতেন তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন।

  • এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

    এবার স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

    স্বর্ণের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান কর্তৃপক্ষ। দেশের অন্যতম বৃহৎ স্বর্ণখনি শাদানে এই স্বর্ণের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

    পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে পাওয়া নতুন মজুতকে দেশটির গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে ফার্স নিউজ এজেন্সি। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন এই আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছে।

    নতুন আবিষ্কারের ফলে শাদান খনির মোট স্বর্ণ মজুত উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক দেশটির খনিশিল্পে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

    ইরান কখনোই জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের একটি ছিল। নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় স্বর্ণ মজুত বৃদ্ধি দেশটির অর্থনীতিকে শক্তিশালী করবে বলে কর্মকর্তারা মনে করেন।

    ইরানে বর্তমানে ১৫টি স্বর্ণখনি রয়েছে। এর মধ্যে উত্তর–পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরাইল–ইরান সংঘাতপরবর্তী পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

    ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন ও তীব্র মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানি স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। সোমবার খোলা বাজারে এক ডলার প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়াল এবং ইউরো প্রায় ১৩ লাখ ৬০ হাজার রিয়ালে লেনদেন হয়েছে—বিনিময় হার পর্যবেক্ষণ সাইট ‘বনবাস্ট’ ও ‘আলানচান্ড’ এ তথ্য জানিয়েছে।

    এর আগে সম্প্রতি পাকিস্তানে স্বর্ণের বড় মজুত আবিষ্কারের কথা জানায় দেশটির কর্তৃপক্ষ। গত মাসের শুরুর দিকে দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় স্বর্ণের বিশাল মজুত আবিষ্কার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

  • দক্ষিণ সুদানে ‘সেনাবাহিনী’র বিমান হামলায় নিহত ৪০

    দক্ষিণ সুদানে ‘সেনাবাহিনী’র বিমান হামলায় নিহত ৪০

    দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) কোমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

    মানবাধিকার সংগঠন ‘এমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হানে। হামলায় ডজনখানেক শিক্ষার্থীসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন।

    হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু বলেন, ‘বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে। প্রায় ৪০ জনকে কবর দিতে হয়েছে।’

    আরেক বাসিন্দা টিহ ইসা জানান, ‘আমরা ৪০টিরও বেশি কবর খুঁড়েছি। ঘটনা ছিল খুবই মর্মান্তিক।

    তবে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। যদিও ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতে সেনাবাহিনীর হামলায় বারবার সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ উঠছে।

    দক্ষিণ সুদানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ বর্তমানে দারফুর ও দক্ষিণ কর্দোফানের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতে তীব্র লড়াই চলছে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে।

    জাতিসংঘ জানায়, শুধু নভেম্বর মাসেই দক্ষিণ কর্দোফানের ছোট গ্রামগুলো থেকে নিরাপত্তাহীনতার কারণে প্রায় পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলমান এই যুদ্ধ এখন পর্যন্ত লাখো মানুষের প্রাণ কেড়েছে এবং ১ কোটি ২০ লাখ মানুষকে বাস্তুহারা করেছে।

  • সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নিম্নমানের রাস্তা ও ব্রিজ নির্মাণে জনমনে ক্ষোভ।

    সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নিম্নমানের রাস্তা ও ব্রিজ নির্মাণে জনমনে ক্ষোভ।

    শাহজাদাপুর ইউনিয়নের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল মলাশই থেকে শাহজাদাপুর সড়কটি মেরামত করা। স্থানীয়দের আশা–প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে অবশেষে শুরু হয় সড়ক ও ব্রিজ নির্মাণের কাজ। কিন্তু কাজ শুরুর পর থেকেই দেখা দেয় নানা অব্যবস্থাপনা, আর শেষ না হতেই কাজের নিম্নমান নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

    স্থানীয়দের অভিযোগ—বহু বছরের অপেক্ষার পর বহুল প্রত্যাশিত এ রাস্তা ও ব্রিজের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। কাজ শেষ হওয়ার আগেই ব্রিজে ফাটল দেখা যায়, যা স্থানীয়দের মনে আরও উদ্বেগ সৃষ্টি করেছে।

    শাহজাদাপুর ইউনিয়নবাসীর দাবী, “৫০ বছরের স্বপ্নের রাস্তা ও ব্রিজ কি তবে আবার ভগ্নদশার দিকে যাবে?”—এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু যেভাবে নিম্নমানের কাজ করা হচ্ছে, তা খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা দেখে আমরা আতঙ্কিত।”

    এলাকাবাসীর আকুল আবেদন, প্রশাসন যেন দ্রুত এই রাস্তা ও ব্রিজের নির্মাণকাজ তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তারা মনে করেন, যথাযথ নজরদারি ও মান নিয়ন্ত্রণ ছাড়া এই গুরুত্বপূর্ণ প্রকল্প টেকসই হবে না এবং জনসাধারণের কষ্ট আরও বাড়বে।

    প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে শাহজাদাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

  • শিক্ষা ও গবেষণায় ঢাবির সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

    শিক্ষা ও গবেষণায় ঢাবির সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

    শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান।

    সোমবার (১ ডিসেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

    সাক্ষাৎকালে কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দলের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

    পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

    উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

  • রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই

    রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ২০ঘর পুড়ে ছাঁই

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিস্মিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    গত ৩০নভেম্বর রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ইট ভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর আগুন পুড়ে ছাঁই হয়ে গেছে।
    খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, গত রবিবার ভুলতা গাউছিয়া এলাকার আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ইটভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

  • জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

    জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

    জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

    সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি।

    দেশের বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিবিএমএস) বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ২৪টি মডিউলের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে, বাধ্যতামূলক না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) নিচ্ছিল।

    এনবিআর জানায়, সফটওয়্যারটি ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ইউপি ইস্যুর সব সেবা শুধুমাত্র সিবিএমএসের মাধ্যমে প্রদান করা হবে, অন্য কোনো মাধ্যমে আর সেবা দেওয়া হবে না।

    সিবিএমএস বাধ্যতামূলক হলে সেবায় দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি, কাগজপত্র জমাদানের ঝামেলা কমে যাওয়া এবং ইনপুট-আউটপুট হিসাব স্বয়ংক্রিয় হওয়াসহ নানা সুবিধা মিলবে বলে এনবিআর জানিয়েছে।

    সিবিএমএস বাধ্যতামূলক হওয়ায় যেসব সুবিধা পাওয়া যাবে—

    * এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;

    * বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী;

    * কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাবরক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে;

    * বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে এবং

    * বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

    ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

  • বগুড়া শেরপুরে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা

    বগুড়া শেরপুরে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা

    “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর ষষ্ঠ দিনে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১লা ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর, বগুড়া’র আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভায় তাজমুল ইসলাম এর সঞ্চালনায় এবং উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, শেরপুর, বগুড়া’র ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান (সোহাগ), প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলডিপি) ডাঃ মোছাঃ মোকলেমা আক্তার।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম শাহিদুল ইসলাম শাহীন ভি.এফ.এ এবং মোঃ মতিউর রহমান অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ প্রমুখ।

    বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং দুধের গুনাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থীদের মাঝে এক গ্লাস করে দুধ বিতরণ করা হয়।