Author: তরঙ্গ টিভি

  • দেশের মানুষ এখন আর চাঁদাবাজি ও ডার্টি পলিটিক্স চায় না : সেলিম উদ্দিন

    দেশের মানুষ এখন আর চাঁদাবাজি ও ডার্টি পলিটিক্স চায় না : সেলিম উদ্দিন

    বাংলাদেশের মানুষ এখন আর বিভাজন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ডার্টি পলিটিক্স দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। 

    তিনি দাবি করেছেন, গতানুগতিক রাজনীতির ব্যর্থতায় জনগণের আস্থা হারানো দলগুলোর বিপরীতে জামায়াতে ইসলামী এখন দেশের সবচেয়ে আস্থাভাজন ও জনপ্রিয় দলে পরিণত হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

    সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না, যা ছিল বিভাজন, ট্যাগ লাগানোর রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন এবং ধর্ষণের রাজনীতি। বিগত ৫৪ বছরের রাজনীতি ছিল গণমানুষকে প্রতারণা ও ধোঁকা দেওয়ার রাজনীতি।

    বিগত দিনে শাসন করা তিনটি বড় দলের মধ্যে একটি দল এখনো ক্ষমতায় যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু অভ্যন্তরীণ হানাহানিতে প্রায় দুই শতাধিক লোকের জীবন কেড়ে নিয়েছে। এমনকি যখন একজন এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়, তখন বাকি ১১ জন জনগণের ওপরে হামলে পড়ে, সিএনজি ও বাসের উপরে হামলা করে।

    তিনি গত জুলাই আন্দোলনে জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মধ্য জুলাই থেকে তার মন, মানসিকতা, চিন্তাধারা, অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে সফল করেছেন।

    তিনি আরও বলেন, যে সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল, মাত্র ১৫ থেকে ২০ দিনের মাথায় বর্তমান সরকার তা অবৈধ ঘোষণা করে জামায়াতকে বৈধ ঘোষণা করেছে। জামায়াত কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং জনপ্রিয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছে।

    সমাবেশে ভাষানটেক মোড় থেকে ১৪ নম্বর মোড় পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য ছিল উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, যা বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

  • এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০

    এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০

    এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে লেয়ার, সোনালীসহ অন্যান্য মুরগির দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। এছাড়া মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে, বাজারে আগের তুলনায় ইলিশ মাছের পরিমাণ বেড়েছে। এর মধ্যে মাঝারি আকারের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নিউমার্কেটের বনলতা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩৩০ টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। বাজারে দাম বাড়ার মূল কারণ হিসেবে বিক্রেতারা ফিডের দাম ও খামার পর্যায়ের অন্যান্য খরচ বৃদ্ধিকে দায়ী করছেন।

    মুরগি বিক্রেতা আজাদ মিয়া বলেন, শুনেছি গত এক সপ্তাহে ফিডের দাম অনেক বেড়ে গেছে। আগে আমরা কেজি প্রতি ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি করতাম, এখন সেটি ১৯০ টাকা। শুধু ফিডই নয়, খামারে খরচ, শ্রমিকদের মজুরি ও পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। আমাদের তো কিছু করার নেই। কারণ, আমরা পাইকারি মার্কেট থেকে মুরগি কিনি। সেখানেই দাম বাড়তি। যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।

    হাসান উদ্দিন নামের অন্য আরেক বিক্রেতা বলেন, সোনালী ও দেশি মুরগির দাম বেশি থাকায় অনেকে ব্রয়লার মুরগি কিনতে আসেন। এখন সেটার দাম কিছুটা বেড়েছে। আমরা চাইলেই দাম কমাতে পারি না। কারণ, পাইকারিতে চড়া দামে বিক্রি করে। তবে সম্প্রতি যদি বাজারে সরবরাহ বাড়ে তবে দামও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষও সুবিধা পাবেন।

    অন্যদিকে, মাছের বাজারে সবচেয়ে বেশি দৃষ্টি পড়ছে ইলিশে। মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। বড় আকারের ইলিশের কেজি ২০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত উঠেছে।

    বনলতা কাঁচাবাজারের মাছ বিক্রেতা ইব্রাহিম আলী বলেন, ইলিশের সরবরাহ এখন বেড়েছে। তবে জ্বালানি ও পরিবহন খরচ বেশি হওয়ার সুবাদে দাম কমছে না। মাঝারি ইলিশের চাহিদা অনেক বেশি। কেউ নিতে চাইলে কম-বেশি দরদামে দিয়ে দিচ্ছি।

    তবে ইলিশ ছাড়াও অন্যান্য মাছের দামও চড়া। রুই, কাতল ও মৃগেল আকার ও মানভেদে কেজিতে ৩০০ থেকে ৭৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙ্গাস ও তেলাপিয়ার মতো তুলনামূলক কম দামের মাছও ১৯০-২৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

    এছাড়া, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, সিলকার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৭০০ টাকা, কালিবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ছোট মাছের মধ্যে কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা এবং গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-১০০০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

  • শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও কমছে না দাম

    শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও কমছে না দাম

    রাজধানীর বাজারগুলোতে ভরপুর শীতের সবজি উঠেছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, মুলাসহ বিভিন্ন শীতকালীন সবজি চোখে পড়লেও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। নতুন মৌসুমের সবজি এলেও দাম এখনও কমার কোনো লক্ষণ নেই বলে অভিযোগ ক্রেতাদের।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকার বউ বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০ টাকা পিস, বাঁধাকপি ৪০ টাকা পিস, শিম ৭০-৮০ টাকা কেজি, মূলা ৩০-৪০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, কাঁচা মিষ্টি কুমড়া ১৫০ টাকা পিস ও এক ফালি ৩০ টাকা, আলু ২৫-৩০ টাকা কেজি ও জলপাই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সারা বছর সবজি ৬০ থেকে ৯০ টাকার মধ্যেই থাকে। কবে দাম কমে বা কবে দাম বাড়ে সেটা বোঝা যায় না বলে ক্রেতারা মন্তব্য করেছেন।

    সোহেল হোসেন বলেন, শীতকাল আসলে সবজির দাম এমনি কম থাকার কথা। ১০০ টাকা অন্তত আড়াই থেকে ৩ কেজি সবজি তো পাওয়া যাওয়ার কথা। কিন্তু সেখানে ২ কেজি সবজি কিনতেই লাগে অন্তত ১২০ টাকা। শীত মৌসুমে এটাকে কম দাম বলতে পারছি না। মনে হচ্ছে, গত সপ্তাহের মতোই দাম আছে

    খুচরা বিক্রেতা আকাশ জানান, আমরা তো কারওয়ান বাজার থেকে আনি। সেখানে নানা কোয়ালিটির সবজি পাওয়া যায়। একই সবজি, কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা। আমরা বাজার থেকে নিয়ে আসার খরচসহ হয় কেজিতে ৩-৫ টাকা লাভ করি। কিন্তু দামের বিষয় তো আমি বলতে পারবো না।

    এদিকে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল ২৭ নভেম্বর ঢাকা মহানগরীর বাজারগুলোতে আলু ১৯ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা পিস, লাউ ৪৫ টাকা, মূলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

  • হংকং ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৫

    হংকং ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৫

    হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এএফপি বলছে, দুই হাজার ইউনিটের আটটি ভবনের ওই আবাসিক এলাকায় আগুন লাগার ২৪ ঘণ্টার বেশি সময় পরও কিছু জানালায় আগুনের শিখা দেখা যাচ্ছে। আর দমকলকর্মীরা কালো হয়ে যাওয়া ভবনগুলোর বাইরের দিকে পানি ছিটাচ্ছেন।

    বিপর্যয়কর এই অগ্নিকাণ্ড কীভাবে শুরু হয়েছিল, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে।

    হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা বলেছে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে তারা তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ বলেছিল, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    হংকংয়ের উত্তরাঞ্চল তাই পোর ওয়াং ফুক কোর্টের বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা আগুনের বিষয়ে কোনও সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে।

    সুইন নামের এক বাসিন্দা বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয়েছে এটা খুবই ধীর।’’

    ‘‘ডোরবেল বাজানো, দরজায় নক, প্রতিবেশীদের সতর্ক করা, তাদের বের হয়ে যেতে বলা—পরিস্থিতি এমনই ছিল।’’

    অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা ছাড়াও নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছুটে আসেন। সেখানে একটি সহায়তা কেন্দ্র চালু করেছেন ৩৮ বছর বয়সী স্টোন। তিনি বলেন, ‘‘এটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হংকংবাসীর মানসিকতা হলো, একজন বিপদে পড়লে সবাই এগিয়ে আসেন…।

    তবে আবাসিক কমপ্লেক্সে আগুনের ঘটনায় প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া হাসপাতালে আরও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ২৫০ জনের বেশি। যে কারণে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

    এই দুর্যোগের পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেছেন, যেসব আবাসিক এলাকায় বড় ধরনের নির্মাণকাজ চলছে, সেগুলোতে অবিলম্বে পরিদর্শন শুরু করবে সরকার।

  • বেঁচে থাকতে করতেন ভিক্ষা, মারা গেছে স্বামী-সন্তান ২০ বছর আগে হারিয়ে যাওয়া ভারতীয় নারীকে পাওয়া গেল বাংলাদেশে

    বেঁচে থাকতে করতেন ভিক্ষা, মারা গেছে স্বামী-সন্তান ২০ বছর আগে হারিয়ে যাওয়া ভারতীয় নারীকে পাওয়া গেল বাংলাদেশে

    ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় এসে ২০ বছর আগে হারিয়ে যান মধ্যপ্রদেশের নারী রাধিকা। মেলায় হারিয়ে যাওয়া ওই নারীকে পাওয়া গেছে বাংলাদেশে। তাকে ভারতে ফিরিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মিলিত করার চেষ্টা চলছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের রেডিও অপারেটররা এ নারীকে খুঁজে বের করেছেন। নিজেদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে তারা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

    ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি আম্বারিস নাগ বিশ্বাস বলেছেন, “বাংলাদেশে থাকা আমাদের সূত্র আমাদের জানায় রাধিকা নামে ৭০ বছর বয়সী এক নারীকে রাস্তায় ভিক্ষা করা অবস্থায় পাওয়া গেছে। যখন তাকে স্বামীর নাম জিজ্ঞেস করা হয়, তিনি কোনো উত্তর দেননি। তার বলা একমাত্র বাক্য ছিল সাগর। তখন আমরা পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণের সাগরদ্বীপে খোঁজ নেই, সেখান থেকে কোনো নারী হারিয়ে গেছেন কি না। কিন্তু আমরা নিশ্চিত হই, তিনি সাগরদ্বীপের বাসিন্দা নন। এরপর আমরা আরও খোঁজ নেওয়া শুরু করি।”

    সংস্থাটির রেডিও অপারেটররা এরপর ভারতে সাগর নামে যত জায়গা আছে সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করেন।  এরপর মধ্যপ্রদেশের সাগর বিভাগে খাজরা নামে একটি গ্রামের সন্ধান পান তারা। সেখানকার এক নারী গঙ্গাসাগর মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিলেন।

    সেক্রেটারি আম্বারিস নাগ বিশ্বাস বলেছেন, “তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে রাধিকা গঙ্গাসাগর মেলায় গিয়েছিলেন। কিন্তু তিনি ওই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যে কোনোভাবে তিনি বাংলাদেশি একটি দলের সঙ্গে যুক্ত হন। তখন বাংলাদেশি তীর্থযাত্রীরা ট্রলারে সহজেই সাগরদ্বীপে যেতে পারতেন। রাধিকা ওই বাংলাদেশি দলের সঙ্গেই একটি ট্রলারে চেপে বসেন। বাংলাদেশে এসে অসহায় হয়ে পড়ায় ভিক্ষা শুরু করেন তিনি।”

    মধ্যপ্রদেশে রাধিকার স্বামী ও তিন ছেলে ছিল। তার স্বামী বালিরাম এবং পুরান নামে এক ছেলে ইতিমধ্যে মারা গেছে। তার বাকি দুই ছেলে রাজেশ এবং গণেশ এখন দিল্লিতে থাকেন এবং সেখানেই কাজ করেন।

    নাগ বিশ্বাস বলেন, “আমরা যখন রাধিকার ছবি পাই। তখন তার আগের চেহারার সঙ্গে খুব বেশি মিল দেখিনি। তিনি শুধু বৃদ্ধাই হননি, রাস্তায় থাকায় তার পুরো শরীরা ময়লা ও কাদায় মেখে গিয়েছিল। আমরা তাকে একটি পার্লারে নেওয়ার ব্যবস্থা করি। সেখানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর ছবি দেখালে মাকে তাৎক্ষণিকভাবে চিনতে পারেন রাজেশ।”

    ২০ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পাওয়া রাজেশ, তার ভাই ও গ্রামবাসী সবাই বেশ অবাক সঙ্গে খুশি হয়েছেন।

    এদিকে এ নারীর বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। তারা সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে খুব শিগগিরই এ নারী তার নিজ দেশ ও পরিবারের কাছে ফিরে যেতে পারেন।

  • দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান কেনা থেকে সরে গেল আর্মেনিয়া

    দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান কেনা থেকে সরে গেল আর্মেনিয়া

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত শনিবার বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দুবাইয়ে এয়ার শোতে প্রদর্শনীর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট নমাংশ সিয়াল নিহত হন।

    এ ঘটনার পর ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কেনা থেকে সরে গেছে আর্মেনিয়া। দেশটি নয়াদিল্লি থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি তেজস কেনার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

    গত বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

    ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান বানানো শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।

    ভারতীয় বিমানবাহিনীতে থাকা মিগ-২১ যুদ্ধবিমানগুলোর জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্তের পরিকল্পনার অংশ হিসেবে তেজস উৎপাদন শুরু করে ভারত। কিন্তু প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি বিমান পেয়েছে দেশটির বিমানবাহিনী।

    এখন এ১ নামে ৯৭টি নতুন উন্নত ভার্সনের তেজস বানানোর কাজ শুরু হচ্ছে। এই নতুন বিমানগুলোতে পশ্চিমা বিমানের আদলে তৈরি করা দেবে। এতে কারিগরি সহায়তা দেবে ইসরায়েল।

  • তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

    তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। যা পুরো বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তৃতীয় বিশ্বের দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিবছর যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণ, চাকরি ও উন্নত জীবনের খোঁজে পাড়ি জমান।

    গতকাল ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন এক আফগান নাগরিক। তিনি আফগানিস্তানে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তখন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। সেনাদের ওপর গুলির ঘটনার পর পুরো অভিবাসন ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এমন ঘোষণা দিয়েছেন।

    ট্রুথে ট্রাম্প লিখেছেন, “প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি ঠিকই। কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে অনেক মানুষের জীবনব্যবস্থা কঠিন হচ্ছে।”

    “আমি ঠিক করেছি, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করে দেব।”

    “এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করে দেব। ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন। ”

    “যারা যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না, বা যারা আমাদের দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে।”

    “দেশের বিদেশি নাগরিকদের সমস্ত সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য বন্ধ করা হবে। যেসব বিদেশি আমাদের দেশের শান্তি নষ্ট করবে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।”

    “যেকোনো বিদেশি, তিনি যদি দেশের বোঝা হন, নিরাপত্তার জন্য বিপদের কারণ হন, বা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে না পারেন, তাকে তাড়িয়ে দেওয়া হবে।”

    এই সবের মূল লক্ষ্য হলো—অবৈধভাবে আসা ও সমস্যা সৃষ্টিকারী মানুষের সংখ্যা অনেক কমানো। বিশেষ সুবিধায় যারা বেআইনিভাবে ঢুকেছে, তারাও এর মধ্যে পড়বে।”

    যুক্তরাষ্ট্রের অবস্থার উন্নতির জন্য অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “এই অবস্থা পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় হলো অভিবাসীদের আবার নিজ দেশে ফিরে যাওয়া।

  • পঞ্চগড়ে ঝলমলে রোদেও শীতের প্রকোপ

    পঞ্চগড়ে ঝলমলে রোদেও শীতের প্রকোপ

    পঞ্চগড়ে সকাল থেকে আকাশে ঝলমলে রোদ থাকলেও শীতের প্রকোপ কমেনি। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

    যদিও এটি গতকালের তুলনায় সামান্য বেশি, তবুও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। ভোরের দিকে বয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাস সকাল গড়াতে মিলিয়ে যায় রোদের উষ্ণতায়।

    এর আগে গতকাল বৃহস্পতিবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার ওঠানামা চলমান থাকায় পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের দিকে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ বইতে শুরুরও সম্ভাবনা রয়েছে।

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৪২ জন

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৪২ জন

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী।

    পিএসসি জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

    এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৯২০ জন। এ ছাড়া, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন ও গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নেওয়া হবে।

    প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

  • ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, দুপুর পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক

    ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, দুপুর পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক

    রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

    পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ে বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ৫টা ১০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

    অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।