Author: তরঙ্গ টিভি

  • পল্লবী থানার পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

    পল্লবী থানার পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

    রাজধানীর পল্লবী থানার বিপরীত পাশে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

    বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

    পুলিশের একটি সূত্রে জানা যায়, থানার বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

    ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আসাদ।

    তিনি বলেন, আমাদের থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়টা বিস্ফোরণ হয়েছে বলতে পারবো না। আমি তো থানার ভেতরে। আহত আছে কি জানতে চাইলে তিনি বলেন, কিছুই বলতে পারি না।

  • খিলগাঁওয়ে বিদেশি বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

    খিলগাঁওয়ে বিদেশি বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

    রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ মো. শাকিল খান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 

    বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

    র‌্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল এলাকাটিতে অবস্থান নিলে তল্লাশির সময় মোট ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ শাকিল খানকে একটি প্রাইভেটকারসহ আটক করা হয়।

    র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) শাহনাজ জেসমিন বলেন, আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খিলগাঁও এলাকায় বিদেশি বিয়ারসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগী কিরণ ভূইয়ার সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।

    তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

    টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

    টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক, ট্রাক অফিস ও কয়েকটি দোকানো ভাঙচুর করা হয়েছে।

    বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা যায়, বুধবার বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা একই দিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

    মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

    নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।

    আজ (বুধবার) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি।

    জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।’

    এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

    অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • রাজধানীতে গাড়িতে আগুন

    রাজধানীতে গাড়িতে আগুন

    রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

    খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    রাফি আল ফারুক জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

  • মধ্যরাতে গুলিস্তানে মার্কেটে আগুন

    মধ্যরাতে গুলিস্তানে মার্কেটে আগুন

    রাজধানীর গুলিস্তানে মধ্যরাতে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাত ১টার দিকে আগুনের ঘটনাটি নিশ্চিত করেন।

    তিনি জানান, সাড়ে ১২টার দিকে আগুন লাগে; ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। রমনা ভবনের ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

    আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনটি ইউনিট ফিরে গেলেও নিরাপত্তার স্বার্থে দুইটি ইউনিট এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।

  • রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

    রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

    নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

    যেসব এলাকার দোকানপাট বন্ধ

    বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

    যেসব মার্কেট বন্ধ থাকবে

    যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

  • রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

    রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

    রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

    বুধবার (১৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

    বিএনপির কর্মসূচি

    গুলশান হোটেল লেকশোরে বেলা ১১টায় ‘জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    নির্বাচন কমিশনের সঙ্গে দুপুর ২টায় সংলাপে অংশ নেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদল।

    ধর্ম উপদেষ্টার কর্মসূচি

    শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

    শেরাটন হোটেলে দুপুর আড়াইটায় ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

  • যুবদল নেতা কিবরিয়া হত্যা: সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেফতার

    পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় সরাসরি জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন ও সুজনকে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার সাভার ও টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪-এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

    তিনি জানান, বুধবার বিকাল ৩টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যপারে বিস্তারিত জানানো হবে।

    গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে হত্যা করে।

     

    যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, বেরিয়ে এলো যেসব তথ্য

    যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, বেরিয়ে এলো যেসব তথ্য

     

    এ ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে। আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

    রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা কিবরিয়াকে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

    এরপর মঙ্গলবার (১৮ নভেম্বর) নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হাতেনাতে আটক জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন- সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)।

    এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

  • যে কারণে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, জানাল র‌্যাব

    যে কারণে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, জানাল র‌্যাব

    রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া (৫০) হত্যা মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (৩০) এবং মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)। দুজনই মিরপুরকেন্দ্রিক কুখ্যাত ‘ফোর স্টার গ্রুপের’ সক্রিয় সদস্য।

    র‍্যাব জানায়, পল্লবীর রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়। সুপরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য হয়েছে আর্থিক লেনদেনও।

    বুধবার (১৯ নভেম্বর) বিকালে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

    তিনি বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবীর সি ব্লক বিক্রমপুর সেনিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকাশ্যে পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করে। স্থান থেকে পালানোর সময় স্থানীয় জনতার ওপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। পরে ছাত্র জনতা তাদের ধাওয়া করে জনি ভূইয়া নামে এক সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে সোর্পদ করে।

    ঘটনার পরপরই র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি ক্যামেরার ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর রাতে সাভার থানাধীন বিরোলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন সোহেল এবং টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে হত্যাকাণ্ডের সন্দেহভাজন ও ১৮ মামলার পলাতক আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়।

    তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের বরাতে র‍্যাবের এই কর্মকর্তা জানান, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড যাতে বড় অংকের অর্থের লেনদেন হয়। আসামিরা পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদকসহ পল্লবী থানায় মোট ৮টি মামলা রয়েছে।

    ফোর স্টার গ্রুপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিম ও মামুন নিয়ন্ত্রিত যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় এই ফোর স্টার গ্রুপের সদস্যরা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল।

    এক প্রশ্নের জবাবে লে. কর্নেল মাহবুব আলম বলেন, সোহেল ওরফে পাতা সোহেল অর্থ সরবরাহ করেছিলেন। তবে তিনি কীভাবে অর্থ পেয়েছেন কিংবা কার কাছ থেকে পেয়েছেন সেটা এখনও পরিস্কার না।

    হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে প্রশ্নে র‍্যাব-৪ এর অধিনায়ক বলেন, মিরপুর এলাকাকেন্দ্রিক আধিপত্য বিস্তার চাঁদাবাজি-মাদক ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ এবং দ্বিতীয়টি হলো রাজনৈতিক কোন্দল। নিহত গোলাম কিবরিয়া একটি রাজনৈতিক দলের সদস্য সচিব এবং মিরপুর এলাকায় রাজনৈতিকভাবে তিনি খুব সক্রিয় ছিলেন। এর আগে গোলাম কিবরিয়ার যাদের সঙ্গে সখ্য ছিল রাজনৈতিক মেরুকরণের পরে সেই তাদের বিরুদ্ধে তিনি কাজ করছিলেন। বিশেষ করে এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবারিতে নিহত গোলাম কিবরিয়ার সাপোর্ট ছিল না। হয়তো এ কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে।

    হত্যাকাণ্ডের ঘটনায় মামুনের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা তা অনুসন্ধান চলছে। হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে, তবে সবাইকে গ্রেপ্তার করলে রহস্য উন্মোচিত হবে।